Category: জাতীয়

  • শীঘ্রই বৃষ্টি হতে পারে

    শীঘ্রই বৃষ্টি হতে পারে

    এবিএনএ : রাজধানী ঢাকায় ২ এপ্রিলের পর বৃষ্টি দূরে থাক, আকাশে মেঘের ছিটেফোঁটাও নেই। রোজই থাকছে তাতানো রোদ। আকাশের সে তেজি চেহারা পাল্টেছে। মেঘের আনাগোনা দেখা যাচ্ছে।

    এ সময় আকাশে মেঘ জমা মানেই বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তরও বলছে, ঢাকায় আজ অথবা কাল বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাস অনুয়ায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলসহ সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।

    পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি কথাও জানিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সিলেট অঞ্চলে অবশ্য বেশ ভালো বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে বৃষ্টির পরিমাণ ছিল ৩৪ মিলিমিটার। শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টি হয়েছে। অল্পস্বল্প বৃষ্টি ঝরেছে টাঙ্গাইল ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায়। মেঘের আনাগোনায় রাজধানী ঢাকাতে তাপমাত্রা সামান্য কমেছে। আজ সকাল ৯টা ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার একই সময় তা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুরসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

  • যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা

    যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা

    এবিএনএ : যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত হিসেবে লেবার পার্টির এমপি রুশনারা আলীর নাম ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বেনথাল গ্রিন অ্যান্ড বাউ নির্বাচনী এলাকার এই বাঙালি এমপিকে বৃহস্পতিবার এই পদে নিয়োগ দেন ডেভিড ক্যামেরন।

    শুক্রবার ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের গুরুত্ব বিবেচনা করেই যুক্তরাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

    রুশনারা আলী এর আগে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দায়িত্ব পালন করেন পার্লামেন্টের ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য হিসাবেও। বর্তমানে এ বাংলাদেশি-ব্রিটিশ রাজনীতিক পার্লামেন্টে এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বিষয়ক সিলেক্ট কমিটির সদস্য এবং ওয়েস্ট মিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির ভাইস চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

    উল্লেখ্য, সিলেটের মেয়ে রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে টানা দুই মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।

  • ‘ইসলামিক মূল্যবোধ এগিয়ে নিতে ঐক্য প্রয়োজন’

    ‘ইসলামিক মূল্যবোধ এগিয়ে নিতে ঐক্য প্রয়োজন’

    এবিএনএ : মুসলমানদের ঐক্যের জন্য ওআইসিভুক্ত দেশগুলোর মতভিন্নতা দূর করতে সংস্থাটির উদ্যোগ চেয়েছে বাংলাদেশ। ইস্তানবুলে ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘মহান ইসলামিক মূল্যবোধ- ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও সবার অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে ঐক্য প্রয়োজন।’

    অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন-ওআইসির ত্রয়োদশ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদ আলী। দুই দিনের এ সম্মেলন শুক্রবার শেষ হয়।

    সন্ত্রাসবাদ ও গোষ্ঠীগত সংঘাতসহ নানা সংকটের মধ্য দিয়ে মুসলিম বিশ্ব যে অস্থির সময় পার করছে তার প্রেক্ষাপটে ‘ন্যায়বিচার ও শান্তির জন্য ঐক্য ও সংহতি’ স্লোগান নিয়ে এবারের সম্মেলন হয়। এতে ৩০টির মতো দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং ২০টির বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

    সম্মেলনে বিভিন্ন মুসলিম দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গোষ্ঠীগত সংঘাত, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা, ইসলাম ভীতি, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক ত্রাণ সহায়তা, মুসলিম সমাজের পশ্চাৎপদতা, ফিলিস্তিন সংকট, দারিদ্র্য, উন্নয়ন সংক্রান্ত বিষয়াবলী এবং ওআইসির দশ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মুসলিম সম্প্রদায় যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা মোকাবেলায় ঐক্য ও সংহতির ওপর গুরুত্বারোপ করেন নেতারা। আগামী তিন বছরের জন্য ওআইসি যে ‘যৌথ ইসলামিক অ্যাকশন’ নিয়ে এগোচ্ছে সে বিষয়ে কাজ করতে সম্মতি দিয়েছেন তারা।

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সভাপতিত্বে সম্মেলনে মুসলিম দেশগুলোর নেতারা বেশ কয়েকটি প্রস্তাব গ্রহণ করেন। সেগুলো হলো- ‘রেজোলুশন অন প্যালেস্টাইন, ওআইসি ২০২৫: প্রোগ্রাম অফ অ্যাকশন’, চূড়ান্ত ইশতেহার ও ইস্তানবুল ঘোষণা।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবিক সহায়তার জন্যও ওআইসির একটি পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ওআইসির সহায়তা প্রত্যাশার পাশাপাশি দারিদ্র্য দূর করতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি। এক্ষেত্রে দারিদ্র্য নিরসনে ‘ওআইসি-২০২৫ প্রোগ্রাম অফ অ্যাকশন’ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

  • ছায়ানটের প্রভাতী আসর দিয়ে শুরু হয়েছে পহেলা বৈশাখ উদযাপন

    ছায়ানটের প্রভাতী আসর দিয়ে শুরু হয়েছে পহেলা বৈশাখ উদযাপন

    এবিএনএ : ঊষালগ্নে রাগালাপের মধ্য দিয়ে শুরু হয় ছায়ানটের এবারকার বর্ষবরণের আনুষ্ঠানিকতা। ভোরের হাওয়ায়, গাছের পাতায়, লেকের পানিতে যেন সুরের দোলা লাগলো। গাছে পাতার ফাঁক গলে বৈশাখের প্রথম সূর্যের আলো এসে পড়লো উপস্থিত দর্শকদের ওপরে। সমবেত কণ্ঠে শিল্পীরা গেয়ে ওঠেন ‘আনন্দধ্বনি জাগাও গগনে’। মূলত এই গানের মধ্য দিয়ে শুরু হয়েছে ছায়ানটের ৪৮তম গানে গানে বর্ষবরণ অনুষ্ঠান।

    এদিকে, রাগালাপের সময় যখন গুটি গুটি পায়ে সঙ্গীতপ্রেমীরা আসতে শুরু করেছিলেন এখন সামনের চত্বরটা প্রায় ভরে উঠতে শুরু করছে। মানুষ আসছে, পুলিশের নিরাপত্তা পেরিয়ে হেঁটে গান শুনতে আসছে। জঙ্গি হামলার আশঙ্কা, বাধাকে উপেক্ষা করে দলে দলে মানুষ আসছে গান গাইতে। নতুন বছরের শুরুতে মানুষে মানুষে মিলিত হবার এই যে প্রত্যাশা’ এটাই গানের সুরে শক্তি হয়ে জেগে থাকুক, মিশে থাকুক মানুষের অন্তরে। সারাটা বছর।

    পহেলা বৈশাখে প্রভাতের আলো ফোটার সাথে সাথে উৎসবে মেতে উঠলো পুরো জাতি। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে শুভ সম্ভাবনার নতুন দিন আনবার প্রত্যয়ে প্রাণের উচ্ছাসে মেতে উঠলো সংশয়বিনাশী চিত্ত। পহেলা বৈশাখে নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের প্রভাতি অনুষ্ঠান। শুরু হয় বাঙালির বর্ষবরণ। ছায়ানট আর বাঙালির বর্ষবরণ এখন সমার্থক। প্রতিবছরের মত এবারও রমনার বটমূলে শিল্পীদের গানের মধ্য দিয়েই যেন উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। শুভ দিনের প্রত্যাশায় মানুষের মনে গুনগুনিয়ে উঠলো ‘নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে’। স্বাগতম ১৪২৩, সুস্বাগত।

    প্রকৃতির নিয়মে আসে বৈশাখ। কিন্তু পহেলা বৈশাখ জাতির জীবনে আসে দিনবদলের অঙ্গীকার নিয়ে। অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলাদেশের সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ে এবার পালিত হচ্ছে নববর্ষ। পৃথিবীজুড়ে প্রতিটি বাঙালি আজ গানে গানে আহ্বান জানাচ্ছে সম্ভাবনাময় নতুন দিনকে। গানের পংক্তি উচ্চারণে তারা বর্জন করতে চাইছে জীবনে জড়িয়ে থাকা সকল পঙ্কিলতাকে। বরণ করে নিতে চাইছে নতুন বছরকে।

    প্রতিবছরের মতো এবারো ছায়ানটে একটি বিশেষ বিষয়ের উপর নিজেদের আয়োজনটি সাজায়। এবার ছায়ানট তাদের আয়োজন সাজিয়েছে ‘মানবতা’র কথা তুলে ধরবার প্রত্যয়ে। মূল প্রতিপাদ্য- ‘শান্তি, মানবতা ও মানুষের অধিকার’। বিষয়ের উপর ভিত্তি করে সঙ্গীত ও কবিতা পাঠের মধ্যে সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়ার শপথ নেন সকলে।

  • বাংলাদেশ-চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশ-চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে: প্রধানমন্ত্রী

    এবিএনএ : বাংলাদেশ ও চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের সহাকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানইউয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই কথা বলেন।

    বাংলাদেশ ও চীনের মধ্যে ‘চমৎকার’ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্র আছে যেখানে এই দুইদেশের সহযোগিতার সুযোগ রয়েছে।

    এসময় বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতার কথা উল্লেখ করে এজন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, চীনের রাষ্ট্রপতিকে বাংলাদেশে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে এ দেশের জনগণ।

    এসময় বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা এই দেশকে উন্নত করতে চাচ্ছি। খাদ্য, স্বাস্থ্যসেবা ও বাসস্থানসহ মানুষের মৌলিক চাহিদা পূরণ করে দেশ থেকে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

    প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করতে তার সরকার দেশের বিভিন্নস্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে। চীনের জন্যও জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। এর ফলে দেশে পণ্য উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

    এসময় তিনি বাংলাদেশে চায়নার আরো বিনিয়োগের প্রত্যাশা জানিয়ে বলেন, বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমানের (বিসিআইএম) মধ্যে আঞ্চলিক জোট গঠন করা হয়েছে।এই জোটের মাধ্যমে এ অঞ্চলে বিনিয়োগ ও বানিজ্য বৃদ্ধি বলেও আশা প্রকাশ প্রধানমন্ত্রী।

    এসময় বাংলাদেশকে চীনের সম্মুখসারির উন্নয়ন সহযোগী উল্লেখ করে সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ একটি দেশ।

    বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, ২০২১ সালে মধ্যম আয় ও ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে তিনি আশা করেন।
    বিশ্বে অর্থনৈতিক মন্থর গতির মধ্যেও বাংলাদেশের অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করেন চীনের সহকারী পররাষ্টমন্ত্রী।

    ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ক্ষেত্রেও বাংলাদেশকে চীন সহায়তা দিবে বলে জানান তিনি।

    এছাড়া পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের এক চীন নীতিরও প্রশংসা করেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

  • বিজিবিতে যুক্ত হচ্ছে চারটি হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিজিবিতে যুক্ত হচ্ছে চারটি হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

    এবিএনএ : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সক্ষমতা বাড়ানো জন্য এই বাহিনীতে যোগ হচ্ছে হেলি উইং শাখা এবং চারটি হেলিকপ্টার। আজ বুধবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খাঁন কামাল এ তথ্য জানান। তিনি বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিজিবি দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বিজিবির চোখ এড়িয়ে সীমান্তে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। বিজিবির ঝুঁকিভাতা ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। সেই ভাতা নতুন করে কার্যকরের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    তিনি বিজিবির প্রশংসা করে বলেন, অনেক সময় কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে মাদক ও চোরাচালানের বিভিন্ন পণ্য দেশে ঢুকে পরলেও বিজিবির তৎপড়তায় সেগুলো ধরা পড়ে। এটা আমাদের গর্বের বিষয়। বিজিবি কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাচ ও পদোন্নতির বিষয়টি বিবেচনাধীন বলে জানান মন্ত্রী। এর আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গেল বছরের ডিসেম্বরেই এক সংবাদ সম্মেলনে এই নতুন উইংয়ের ঘোষণা দিয়েছিলনে।

  • পুড়ে যাচ্ছে সুন্দরবন!

    পুড়ে যাচ্ছে সুন্দরবন!

    এবিএনএ : বাগেরহাট জেলাধিন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় ফের আগুন লেগেছে। বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা বনের ভেতর ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তবে প্রতিবেন লেখা পর্যন্ত এখনো ফায়ার সার্ভিসের কোনো দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলেও জানান তিনি।

    বুধবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় আগুন লেগেছে। তবে কখন থেকে আগুনের সূত্রপাত তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।

    সুন্দরবন সংলগ্ন স্মরণখোলা উপজেলার রাজাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. জাকির হোসেন ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানিয়েছেন, আগুন বনের মধ্যে ছড়িয়ে পড়েছে।

    এর আগে গত ২৮ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া ২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় পোড়ে দুই একর বনভূমি।

  • সচিবালয়ে পাটকল শ্রমিক নেতাদের হাতাহাতি

    সচিবালয়ে পাটকল শ্রমিক নেতাদের হাতাহাতি

    এবিএনএ : মন্ত্রীর সঙ্গে বৈঠকে গিয়ে সচিবালয়ে হাতাহাতিতে জড়িয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিক নেতারা।

    মঙ্গলবার বিকালে এই ঘটনার পর আন্দোলনে থাকা পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সভাপতি মো. সোহরাব হোসেন খুলনা অঞ্চলের অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

    চলমান আন্দোলনের বাইরে থাকা ১৮টি পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বিকাল সাড়ে ৩টা থেকে দুই ঘণ্টা বৈঠক করেন পাটমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব। এসব নেতাদের বেশিরভাগই সরকার দলীয় শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের সঙ্গে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকও ছিলেন। আন্দোলনে থাকা খুলনা অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিক নেতাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তারা ‘নন-সিবিএ’ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ না নিয়ে সম্মেলন কক্ষের বাইরে অবস্থান নেন।

    বৈঠক শেষে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের বলেন, আমরা শ্রমিকদের দাবি মেনে নিয়েছি। সবাইকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। কর্মসূচি প্রত্যাহার না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

    একাংশের সঙ্গে বৈঠকের পর খুলনা অঞ্চলের পাটকল শ্রমিক নেতারা মন্ত্রীর সঙ্গে বসতে চাইলে মির্জা আজম তাদের বুধবার বেলা আড়াইটায় সময় দেন। এরপর সোহরাব হোসেনের নেতৃত্বে অন্য পাটকল নেতারা সাংবাদিকদের বলেন, নন-সিবিএদের নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈঠক করেছেন, তাই আমরা বৈঠকে যাইনি।

    সোহরাবের এই কথায় উত্তেজিত হয়ে অন্য অংশের নেতারা তাদের উপর চড়াও হন। প্রায় আধা ঘণ্টা ধরে মন্ত্রণালয়ের করিডোরে দুই পক্ষের নেতাদের হাতাহাতি চলতে থাকে। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে করিডোর ছাড়েন পাটকল শ্রমিক নেতারা।

  • ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দুই মন্ত্রীর সাক্ষাত

    ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দুই মন্ত্রীর সাক্ষাত

    এবিএনএ : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবশে ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে তারা সাক্ষাত করেন।

    এসময় তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ভারতের নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি ও দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন।

    ভারতে শুরু হয়েছে বাঘ সংরক্ষণ বিষয়ক সম্মেলন। সেই সম্মেলনেই অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন ‍দুই মন্ত্রী।

  • ‘পয়লা বৈশাখ উদ্‌যাপনে বিধিনিষেধ মধ্যযুগীয় চিন্তা’

    ‘পয়লা বৈশাখ উদ্‌যাপনে বিধিনিষেধ মধ্যযুগীয় চিন্তা’

    এবিএনএ : সরকার মানুষের ২৪ ঘণ্টা নিরাপত্তা দিতে সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ। অথচ প্রশাসন ঘোষণা করল পয়লা বৈশাখে বিকেল পাঁচটার পরে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না। এ সিদ্ধান্ত মধ্যযুগীয় চিন্তার প্রতিফলন এবং সংবিধানকে তাচ্ছিল্য করার প্রয়াস। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

    আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে পয়লা বৈশাখ ১৪২৩ উদ্‌যাপন নিয়ে নারী নিরাপত্তা জোটের সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সুলতানা কামাল এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিকেল পাঁচটার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না—এই সিদ্ধান্ত বাতিল, উন্মুক্ত স্থানে নারী-পুরুষের চলাচলের উপযোগী করা, নারীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা এবং নারী নির্যাতনের ঘটনায় অপরাধীকে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। এতে বলা হয়, দেশে লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও নারীবিরোধী কর্মকাণ্ড বৃদ্ধিতে সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ ও সরকারের নিষ্ক্রিয় অবস্থানের নিন্দা জানানো হয়।

    সুলতানা কামাল বলেন, সরকার নিজেদের পিঠ বাঁচানোর জন্য এ পদক্ষেপ নিয়েছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক পদক্ষেপ। কারণ তারা ধর্মান্ধ, মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তিকে সামনে রেখে তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাইছে না। পক্ষান্তরে যারা মুক্তবুদ্ধির মানুষ, তাদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়ে দুর্বৃত্তদের প্রশ্রয় দিচ্ছে।

    নারীদের নিরাপত্তার জন্য সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না মন্তব্য করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, নারীদের অনবরত বলা হচ্ছে যে তোমার নিজের নিরাপত্তার দায়িত্ব তোমারই। নিরাপদ থাকতে হলে তোমাকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। তোমার পোশাকে নারীর সত্তা যেন কোনোভাবেই প্রকাশিত না হয়, কোনোভাবেই যেন নারীত্ব বিকশিত না হতে পারে। তিনি বলেন, সময় বেঁধে রাষ্ট্র পরোক্ষভাবে বুঝিয়ে দিল, কোনো কারণে উৎসবের আমেজ, অনুষ্ঠান যদি পাঁচটার মধ্যে শেষ না হয় তাহলে রাষ্ট্র তোমার সুরক্ষার দায়িত্ব নেবে না। কিছু দুর্বৃত্তের ভয় দেখানোর কারণে সবার অধিকার ক্ষুণ্ন করা হলো। ভয়ের সংস্কৃতিকে সমর্থন দেওয়া হলো।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী ফারাহ কবির, সেলিনা আহমেদ, জাহানারা প্রমুখ।