Category: খেলাধুলা

  • মুস্তাফিজের জন্য নাম খুঁজছে মার্কিন দূতাবাস!

    মুস্তাফিজের জন্য নাম খুঁজছে মার্কিন দূতাবাস!

    এবিএনএ : বাংলাদেশের বোলিং-বিস্ময় মুস্তাফিজুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ পুরো ক্রিকেট দুনিয়া। তাঁর বোলিং প্রতিভা দেখে অবাক সব মহলই। এই তালিকা থেকে বাদ যায়নি ঢাকাস্থ মার্কিন দূতাবাসও।

    গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজে মুস্তাফিজের প্রশংসা করে একটি পোস্ট দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। শুধু তাই নয়, এই অসাধারণ ক্রিকেটারের একটি নামও দিতে চায় তারা।

    ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস লিখেছে, “বাংলাদেশের তরুণ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কী অসাধারণভাবেই না পার করলেন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম বছরটি! আইপিএলে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স বিস্মিত করেছে সবাইকে। এখন তিনি ‘টক অব দ্য আইপিএলে’ পরিণত হয়েছেন। দেশের মাথা উঁচু করেছেন এই বিস্ময়কর বোলার! এই অসাধারণ ক্রিকেটারকে কী নাম দেওয়া যায়?”

    আসলেও তাই, গত একটি বছর আন্তর্জাতিক ক্রিকেটে কী দারুণ সব সাফল্য পেয়েছেন তিনি। ওয়ানডে অভিষেকের প্রথম ম্যাচের পাঁচ উইকেট নিয়ে রীতিমতো চমক দেখিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেই ধারাবাহিকতা গত একটি বছর ধরেও রেখেছেন তিনি।

    আইপিএলেও বেশ উজ্জ্বল এই বাংলাদেশি বোলিং বিস্ময়। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পাঁচ ম্যাচ খেলে সাত উইকেট নিয়েছেন তিনি। আর তাঁর বোলিং বৈচিত্র্যে মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব।

  • ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টারের চাই আর একটি জয়

    ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টারের চাই আর একটি জয়

    এবিএনএ : লেস্টার সিটি আগামী রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জিতলেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা তুলে নিবে। এবারের লিগে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তাদের একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পার গত সোমবার রাতে ওয়েস্ট ব্রমের সাথে ১-১ গোলে ড্র করায় পোয়াবারো হয় কোচ ক্লদিও রানিয়েরির দলটির।

    লেস্টার অবশ্য ওল্ড ট্র্যাফোর্ডে জিততে না পারলেও সমস্যা নেই। কেননা অবশিষ্ট তিন খেলা থেকে লেস্টার তিন পয়েন্ট তুলতে পারলেই সবার উপরে থেকে লিগ শেষ করতে পারবে। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও লেস্টারের অবশিষ্ট দুটি খেলাতেও প্রতিপক্ষ কঠিন। এরা হলো এভার্টন ও চেলসি।

    এবারের লিগে সর্বশেষ টটেনহ্যামই তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ওয়েস্ট ব্রমের সঙ্গে ড্রটির পর তারা লেস্টারের চাইতে সাত পয়েন্টে পিছিয়ে পড়লো। উভয় দলেরই হাতে আছে তিনটি করে খেলা। অবশ্য টটেনহ্যামের কোচ আর্জেন্টাইন মরিচিও পচেত্তিনো বলেন, ‘আমাদের এখনো বিশ্বাস রাখতে হবে। আমরা হাল ছেড়ে দিচ্ছি না।’ তিনি আরো বলেন, ‘গাণিতিকভাবে এখনো এটা সম্ভব। আমার কোনো অভিযোগ নেই। বরং আমাদের মানসিক দৃঢ়তা দেখিয়ে পরের খেলার (চেলসি) জন্য প্রস্তুত হতে হবে। এটা কঠিন। তবে আমাদের পয়েন্টের জন্য লড়তে হবে। আমরা বুঝতে পারছি এটা ছিল এমন একটা খেলা যাতে আমাদের অবশ্যই জিততে হতো। এখন আমি খেলোয়াড়দের চেলসির মোকাবেলায় দাঁড় করাবো।’

    টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারি কেইন বলেন, ‘আশা করি ম্যানচেস্টার ইউনাইটেড আমাদের খানিকটা আনুকুল্য দিতে পারে। এটা শেষ হয়ে যায়নি। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা আর যা করতে পারি তা হলো লড়াই চালানো।’

    ক্লদিও র্যানেইরির দলটি লিগের শুরুতে শিরোপা জয়ের জন্য বাজির বাজারে ছিল ৫০০০-১ এ। এর মানে তাদের কোনো সম্ভাবনাই ছিল না। কেননা গেলবার তারা কোনো রকমে রেলিগেশন এড়াতে পেরেছিল। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে পেছনে ফেলে এখন বাজির বাজারে তাদের দর হলো ১-১৬।

    ইংলিশ ডিফেন্ডার ক্রেইগ ডসনের আত্মঘাতী গোলেই ৩৩তম মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। বিরতির পরও অনেকটা সময় এই ব্যবধান ধরে রেখে জয়ের পথেই ছিল স্বাগতিক টটেনহ্যাম। কিন্তু ৭৩তম মিনিটে ডসনের হেডেই গোল হজম করে বসে তারা। বাকি সময়ে জয়সূচক গোলের দেখা না পাওয়ায় হতাশায় মাঠ ছাড়ে টটেনহ্যাম।

    থাইল্যান্ডের বিলিওনার ভিচাই শ্রিভাদ্ধনাপ্রভার মালিকানাধীন লেস্টার এরই মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে রেখেছে। অথচ কেউ ভাবেনি তার এদের অমন বিস্ময়যাত্রার দেখা মিলবে। এমনকি কোচ হিসেবে ইতালিয়ান র্যানিয়েরির নিয়োগও আশা জাগাতে পারেনি। লেস্টারেরই সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার তো টুইটারে এ নিয়োগকে কটাক্ষও করেছিলেন। এখন তিনি তার নিজ শহরের দলটি সম্পর্কে বলছেন তারা ‘ক্রীড়া ইতিহাসের অবিস্মরণীয়তার’ দ্বারপ্রান্তে। শুধু তাই নয়, তিনি বলছেন লেস্টার যদি শিরোপা জেতে তা হবে, ‘দলগত ক্রীড়ার ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য অর্জন’।

  • ভারতকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

    ভারতকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

    এবিএনএ : গতবার নেপাল থেকে চ্যাম্পিয়ন হয়েই ফিরেছিল বাংলাদেশ। এবারও এএফসি অনূর্ধ্ব ১৪ ফুটবলে শুভসূচনা করল বাংলাদেশের মেয়েরা। আজ তাজিকিস্তানের দুশানবেতে ভারতকে হারিয়ে দিল ৩-১ গোলে। যেকোনো পর্যায়ের মেয়েদের ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম জয়।

    ৩৪ মিনিটে তহুরা ও ৪২ মিনিটে মারিয়ার গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে তহুরা নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে। ৪৯ মিনিটে এক গোল শোধ দিলেও ভারত আর ফিরে আসতে পারেনি ম্যাচে। সুস্মিতার গোলটি শেষ পর্যন্ত হয়ে যায় ভারতের জন্য সান্ত্বনার।
    গতবার গ্রুপ পর্বে ইরানের মতো দলকে হারানো বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে​ দিয়েছিল। এবার ভারতকে হারানোও দেবে বাড়তি আত্মবিশ্বাস। ২৭ এপ্রিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ নেপাল।

  • ধোনিকে দুঃখিত বলতে চান মুস্তাফিজ

    ধোনিকে দুঃখিত বলতে চান মুস্তাফিজ

    এবিএনএ : অভিষেকের পর থেকে কেবল বিস্ময় ছড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তার বোলিংয়ে মুগ্ধ এখন পুরো ক্রিকেট বিশ্ব। সবাই শুধু যেন তার বোলিং দেখতেই মাঠে উপস্থিত হয়। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জন্ম দেয় মুস্তাফিজ ও ধোনি। এবার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ধোনিকে দুঃখিত বলতে চান টাইগার এই বোলার।

    নিজের এমন ইচ্ছার কথা জানিয়ে মুস্তাফিজ বলেন, দেখুন, আমি এখনও বিশ্বাস করি, আমি সেদিন ইচ্ছা করে ওটা করিনি। কিন্তু আমি হঠাৎ করেই তার সামনে চলে আসি। এখনও সেদিনের জন্য আমি ধোনিকে দুঃখিত বলতে চাই। যখনই দেখা হবে আমি তাকে দুঃখিত বলবো।

    গত বছর ১৮ জুন প্রথম ওয়ানডের ২৫তম ওভারে ধোনি ছুটছিলেন রান নেওয়ার জন্য; উইকেটে ধোনির পথে দাঁড়িয়ে ছিলেন বোলার মুস্তাফিজুর রহমান। হুট করেই গতিপথ একটু বদলে মুস্তাফিজকে ধাক্কা মারেন ধোনি।ব্যাথা পেয়ে ওভার শেষ না করে মাঠের বাইরেও চলে যেতে হয় তাকে কিছু সময়ের জন্য। ওই ঘটনার পরে, বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছে দুই আসরে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজ ও ধোনি সামনা-সামনি আসলেও দুঃখিত বলার সুযোগ হয়নি এখনও।

    তবে, দুঃখিত বলার সুযোগটা হয়তো মুস্তাফিজ আজই পেয়ে যেতে পারেন। কেননা, হায়দারাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস।

  • ওয়ানডে র‌্যাংঙ্কিংয়ে পাঁচে বাংলাদেশ

    ওয়ানডে র‌্যাংঙ্কিংয়ে পাঁচে বাংলাদেশ

    এবিএনএ : ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সভা থেকে ফিরে এসে এই সুখবর দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

    র‌্যাঙ্কিংয়ের সাত থেকে পাঁচে উঠেছে বাংলাদেশ। ৯৭ রেটিং পয়েন্ট থাকা বাংলাদেশের ৪ রেটিং পয়েন্ট বেড়েছে। ১০১ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান পাঁচ নম্বরে।

    যদিও এখনো আইসিসি থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এমনকি তাদের ওয়েবসাইটও নতুন র‌্যাঙ্কিং হালনাগাদ করেনি।

    বছরের একটা পর্যায়ে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ করে আইসিসি। কোনো ম্যাচ না খেলায় পরবর্তীতে অতীত রেকর্ড ধরে রেটিং পয়েন্ট ও পয়েন্ট সংযোজন করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত এক বছরের সবগুলো ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করার ফলে ৪ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

    ইংল্যান্ড ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ১০০, পাকিস্তানের ৯৭ আর ওয়েস্ট ইন্ডিজের ৮২।

    র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে এগিয়ে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পিছনে আছে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

  • মুস্তাফিজের দখলে অবিশ্বাস্য ১২টি রেকর্ড!

    মুস্তাফিজের দখলে অবিশ্বাস্য ১২টি রেকর্ড!

    এবিএনএ : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক বিস্ময়ের আবির্ভাব ঘটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান। বয়স মোটে ২০ বছর। এই বয়সেই বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের মত বৈশ্বিক টুর্নামেন্টেও নিজেকে চেনাতে সক্ষম হয়েছেন। ডাক পেয়েছেন বিশ্বের সবচাইতে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলেও। সেখানেও পরিচিত রুপেই দেখা গেছেন বাংলাদেশের এই টাইগার পেসারকে।

    ২০১৬ বছরটি এখনও শেষ হয় নি। তার আগেই বাংলাদেশের এই তরুণ পেসার নিজের ঝুলিতে পুরেছেন ক্রিকেটের ১২ টি রেকর্ড।
    চলুন দেখে নেয়া যাক মুস্তাফিজের বিরল রেকর্ডগুলো-

    ১. ওয়ানডে সিরিজে অভিষেকেই সর্বোচ্চ উইকেট নেয়ার যৌথ বিশ্ব রেকর্ড গড়েন মুস্তাফিজ!
    ২. ৩ ম্যাচের সিরিজে অভিষেকেই সর্বোচ্চ উইকেট নেয়ার একক বিশ্ব রেকর্ড এখন এই তরুণ পেসারের!
    ৩. জিম্বাবুয়ের ব্রায়ান ভিটরির পর ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ইনিংসে ৫ উইকেট নেন তিনি।
    ৪. ওয়ানডে ইতিহাসে প্রথম দুই ম্যাচে ১১ টি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে এটাই সর্বোচ্চ, ব্রায়ান ভিটরির নিয়েছিলেন ১০ উইকেট।
    ৫. আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচাইতে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড এখন মুস্তাফিজের দখলে।
    ৬. মাশরাফি-রুবেলের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
    ৭. প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টি টোয়েন্টিতে ৫ উইকেট শিকার করেছেন তিনি।
    ৮. প্রথম বাংলাদেশি হিসেবে কলকাতার ইডেন গার্ডেনে ৫ উইকেট নেন এই তরুণ পেস বিস্ময়।
    ৯. সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেট শিকার করেন তিনি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
    ১০. বিশ্বের একমাত্র বোলার হিসেবে মুস্তাফিজ টি টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে ৪ জন ব্যাটসম্যানকে বোল্ড করেছেন।
    ১১. বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেকেই টেস্ট ও ওয়ানডেতে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।
    ১২. প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন।

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালাম মুর্শেদী নির্বাচিত

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালাম মুর্শেদী নির্বাচিত

    এবিএনএ : শনি ও রোববার চলে বাফুফের নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদে মোট ৬১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিনে মোট ১১ জন তাদের মনোনয়নপত্র তুলে নেয়। বিভিন্ন পদের জন্য এখনো ৫০ জন লড়াইয়ে আছেন।

    মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সালাম মুর্শেদী।

    আজ বুধবার সিনিয়র সহ-সভাপতি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। তাদের পর সরে দাঁড়ান আরেক প্রার্থী দেওয়ান শফিউল আরেফীন টুটুলও।

    ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনপ্রিয় মুখ আব্দুস সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন।

    মূলত মনোনয়ন প্রত্যাহারের কাজটি সমঝোতার মাধ্যমে হয়েছে।

  • আইপিএলে সবার চেয়ে এগিয়ে মুস্তাফিজ!

    আইপিএলে সবার চেয়ে এগিয়ে মুস্তাফিজ!

    এবিএনএ : চলছে টি-টোয়েন্টির সবচেয়ে জমজমটার আসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চলমান আইপিএলের নবম আসরে মতো খেলছেন বাংলাদেশের বিস্ময় বালক কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

    অভিষেকেই চমকে দেন ক্রিকেট দুনিয়াকে। জানান দেন, নিজেকে প্রমাণ করার জন্যই পা রেখেছেন ভারতের মাটিতে। নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের উইকেট দুটি তুলে নেন তিনি।

    পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে যেভাবে পরাস্ত করলেন, তা চোখে পড়ার মতোই। দুর্দান্ত এক ইয়র্কারে স্টাম্প উপড়ে ফেললেন মুস্তাফিজ। মাটিতে লুটিয়ে পড়লেন রাসেল।

    তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের তারকা হার্দিক পান্ডিয়াকে সরাসরি বোল্ড করলেন মুস্তাফিজ। ওই ম্যাচে ৪ ওভারে দিয়েছেন ৩২ রান। প্রথম স্পেলে দুই ওভার বোলিং করে দিয়েছেন ২২ রান। দ্বিতীয় স্পেলের দুই ওভারে দিয়েছেন ১০ রান।

    এমন অসাধারণ বোলিংয়ের প্রশংসা করলেন সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচটির ধারাভাষ্যকার ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি জানালেন, আইপিএলের নবম আসরে এখনো পর্যন্ত স্লোগ ওভারে সবার চেয়ে এগিয়ে মুস্তাফিজুর রহমান।

    এবারের আসরে স্লোগ ওভারের সেরা বোলার নিয়ে বিশ্লেষণ হচ্ছে। আলোচনায় রয়েছেন ভারতের জসপ্রিত বুমরাহ ও মুস্তাফিজ। হায়দরাবাদ-মুম্বাইয়ের ম্যাচ চলাকালীন টিভিতে দর্শক জরিপের প্রশ্ন ছিল, স্লগ ওভারে কে সেরা, বুমরাহ নাকি মুস্তাফিজ?

    সেখানে ৫২ শতাংশ ভোট পেয়েছেন বুমরাহ, ৪৮ শতাংশ ভোট যায় মুস্তাফিজের দখলে। তার মানে মুস্তাফিজ নয়, সেরা বুমরাহ! কিন্তু হেইডেন সেই দলে নেই। বললেন, ‘স্লগ ওভারে মুস্তাফিজকেই এগিয়ে রাখব আমি।’

    মুস্তাফিজের প্রশংসায় হেইডেন বলেন, ‘গত এশিয়া কাপেও আমি মুস্তাফিজের বোলিং দেখেছি। তার বোলিং অসাধারণ। নিষ্প্রাণ উইকেটেও নিজেকে মেলে ধরতে পারে। মেধাবী বোলার সে। ব্যাটসম্যানের দুর্বলতা খুব দ্রুতই আয়ত্ত্ব করতে পারে মুস্তাফিজ।’

  • অবশেষে ৫০০ গোলের বিরল মাইলফলকে মেসি

    অবশেষে ৫০০ গোলের বিরল মাইলফলকে মেসি

    এবিএনএ : অবশেষে ৫০০ গোলের বিরল মাইলফণক স্পর্শ করলেন লিওনেল মেসি। স্প্যানিশ লা-লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে দলের পক্ষে একমাত্র গোলটি করে এই কৃতিত্ব দেখালেন তিনি। তবে তার গৌরবের এই দিনে বার্সেলোনা হেরেছে ২-১ গোলে। এদিনের আগে ক্লাবের হয়ে সর্বশেষ তিনি গোল দেখেছিলেন ১৬ই মার্চ। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে আর্সেনালের বিপক্ষে ওই গোলটির পর ছিলেন মলিন।

    এরপর ৩০শে মার্চ দেশের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে পেনাল্টিতে করেন একটি গোল।সেটি ছিল দেশের হয়ে তার ৫০তম গোল। আর সব মিলিয়ে ক্যারিয়ারের ৪৯৯তম। ফুটবলের দর্শকরা তখন থেকেই অপেক্ষায় মেসির ৫০০তম গোলের।

    কিন্তু একের পর এক হতাশ করে যান আর্জেন্টাইন এ স্ট্রাইকার। ১৮ দিনে টানা ৫ ম্যাচ ও ৫১৫ মিনিট ছিলেন গোলশূন্য। বিরল এ মাইলফলকের সামনে এসে পড়েন গোলখরায়। সর্বশেষ তিনি এমন গোলহীন ছিলেন ২০০৮ সালে। তবে শেষ পর্যন্ত তিনি ৫০০তম গোল করলেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে। এতে বার্সেলোনার হয়ে ৫২১ ম্যাচে ৪৫০ ও আর্জেন্টিনার হয়ে ১০৭ ম্যাচে তার গোল ৫০। তার ৫০০ গোলের ৫১ শতাংশ অর্থাৎ ২৫৪ গোল এসেছে নিজেদের মাঠে।

    মেসির ৫০০ গোল
    * ক্লাব ও দেশের হয়ে ৫০০ গোল পূর্ণ করতে মেসি সময় নিলেন মোট ১১ বছর।
    * ২০০৫ সালের মে মাসে মোটে ১৭ বছর বয়সে প্রথম গোলটি করেছিলেন তিনি।
    * ৫০০ এর মধ্যে ৪০৭টি গোলই তিনি করেছেন বাঁ পায়ের শটে। ৭০টি ডান পা আর ২১টি করেছেন হেড থেকে। এছাড়া শরীরের অন্য
    অংশ থেকে গোল এসেছে দুটি।
    * ক্লাব ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে বার্সেলোনার হয়ে লা লিগায় তিনি করেছেন সর্বাধিক ৩০৯টি গোল। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগে ৮৩টি,
    কোপা দেল রে’তে তার গোল ৩৯।
    * নিজ দেশ আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রয়েছে তার ২৭টি গোল, বিশ্বকাপের বাছাইপর্বে ১৫ ও বিশ্বকাপে ৫ গোল ছাড়াও
    কোপা আমেরিকায় রয়েছে তিনটি গোল।
    * একই ম্যাচে তিনের অধিক গোল করেছেন ৩৮ বার। এর মধ্যে ৩৩টি হ্যাটট্রিক, চার গোল চারবার ও এক ম্যাচে করেছেন ৫
    গোল। এছাড়া এক ম্যাচে দুই গোল ৯৮ বার আর ১ গোল করেছেন ১৮৪ বার।
    * লা-লিগায় সবচেয়ে বেশি ২৫ গোল করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার বিপক্ষে।
    * এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ৯১ গোল করেন ২০১২ সালে।

  • মাশরাফি-সাকিবরা কে কোন দলে?

    মাশরাফি-সাকিবরা কে কোন দলে?

    এবিএনএ : বিশ্বকাপের পর কয়েক দিন বিশ্রাম পেয়েছিলেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে গেছেন। বাকি ক্রিকেটারদের সেই বিশ্রাম শেষ হচ্ছে আর কদিন পর থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে। টুর্নামেন্টকে সামনে রেখে দল গঠনও হয়ে গেল আজ। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে বিভিন্ন দল বেছে নিয়েছে তাদের প্রত্যাশিত খেলোয়াড়। তাতে কোন দল পেলেন সাকিব-তামিম-মাশরাফিরা?

    প্লেয়ার্স ড্রাফটের এই লটারিতে সম্ভবত সবচেয়ে ভাগ্যবান আবাহনীই, তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে পেয়েছে দলটি। মোহামেডানও খুশি হতে পারে, মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিমকে পেয়েছে সাদা-কালোরা। কলাবাগান পেয়েছে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। মাহমুদউল্লাহ ও আবু হায়দার গেছেন শেখ জামালে। আর রানে ফেরার লড়াইয়ে ব্রত সৌম্য সরকারকে দলে পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাব্বির রহমান গেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। নাসির হোসেন খেলবেন প্রাইম দোলেশ্বরের হয়ে। জাতীয় দলের অন্যান্য তারকাদের মধ্যে ইমরুল কায়েসকে পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন, মমিনুল হক গেছেন ভিক্টোরিয়াতে, রাজিন সালেহ ক্রিকেট কোচিং স্কুলে, অলক কাপালি গাজি গ্রুপে।