Category: রাজনীতি

  • খালেদা জিয়ার দুই আবেদন হাইকোর্টে

    খালেদা জিয়ার দুই আবেদন হাইকোর্টে

    এবিএনএ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই আবেদন জমা নিয়েছেন আদালত।

    আগামীকাল বুধবার আবেদন দুটির শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আবেদন দুটি হলো : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত ও এই মামলায় তদন্তকারী কর্মকর্তা হারুন-অর-রশীদের পুনরায় সাক্ষ্যগ্রহণের বিষয়ে নিম্ন আদালত যে আদেশ দিয়েছেন তা বিরুদ্ধে রিভিশন।

    খালেদার আবেদন দুটি আজ মঙ্গলবার আদালতে জমা দিতে যান তার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও ব্যারিস্টার জাকির হোসেন। এ সময় দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। পরে দুদকের আইনজীবী বলেন, খালেদা জিয়ার আবেদন দুটি আদালত জমা নিয়েছে। আগামীকাল শুনানির জন্য কার্যতালিতায় আসবে। একই কথা বলেছেন খালেদার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলার অপর আসামিরা হলেন : খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

  • বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

    বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

    এবিএনএ : কাউন্সিলের ২৯ দিন পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২০ জন সহ-সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। তাদের সঙ্গে ঘোষণা হয়েছে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নামও।

    নতুন সহ-সাংগঠনিক সম্পাদক পদে অধিকাংশই নতুন। এদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলেও রয়েছেন।

    পুরনোদের মধ্যে আবদুস সালাম আজাদ ও আবদুল মোমেন তালুকদার খোকাই শুধু নতুন কমিটিতে স্থান পেয়েছেন।

    সোমবার বিকালে নয়া পল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া অনুমোদিত নামগুলো ঘোষণা করেন নতুন কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    এনিয়ে মহাসচিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোট ৪২ জনের নাম ঘোষণা হল।

    নতুন সৃষ্ট বিভাগ কুমিল্লার সাংগঠনিক সম্পাদক পদে খালেদা জিয়ার মনোনয়ন পেয়েছেন লাকসামের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ারুল আজীম। অন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নাম আগেই ঘোষণা হয়।

    নতুন সহ-সাংগঠনিক সম্পাদকরা হলেন- ঢাকা বিভাগে আবদুস সালাম আজাদ ও শহীদুল ইসলাম বাবুল, চট্টগ্রাম বিভাগে মাহাবুবুর রহমান শামীম ও আবুল হাশেম বক্কর, রাজশাহী বিভাগে আবদুল মোমিন তালুকদার খোকা ও শাহীন শওকত।

    খুলনা বিভাগে অনিন্দ্র ইসলাম অমিত ও জয়ন্ত কুণ্ডু, বরিশাল বিভাগে আখন কুদ্দুস ও মাহবুবুল হক নান্নু, সিলেট বিভাগে দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন মিলন, সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

    রংপুর বিভাগে শামসুজ্জামান ও সৈয়দ জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা বিভাগে মোশতাক মিয়া ও আবদুল আউয়াল খান, ময়মনসিংহ বিভাগে শরীফুল আলম ও ওয়ারেস আলী মামুন, ফরিদপুর বিভাগে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও সেলিমুজ্জামান সেলিম সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

    শহীদুল ইসলাম বাবুল ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি, মাহাবুবুর রহমান শামীম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-চাকসুর সাবেক এজিএস।

    গত কমিটিতে জয়ন্ত কুণ্ডু সহ ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। কলিম উদ্দিন মিলন ও মাহবুবুল আলম নান্নু, আখন্দ কুদ্দুস, শাহীন শওকত নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

    অনিন্দ্র দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছোট ছেলে। তিনি খুলনা বিভাগের দায়িত্ব পেলেন।

    বিএনপির কাউন্সিল উদ্বোধনে খালেদা জিয়া; এর ২৯ দিন পর সহ-সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা হল বিএনপির কাউন্সিল উদ্বোধনে খালেদা জিয়া; এর ২৯ দিন পর সহ-সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা হল কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরীফুল আলম এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুনকে এবার ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে এলেন।
    কুমিল্লা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া এবং মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

    রংপুরের সহ-সাংগঠনিক সম্পাদকদের মধ্যে জাহাঙ্গীর দিনাজপুরের পৌর মেয়র এবং শামসুজ্জামান নীলফামারী জেলা সাধারণ সম্পাদক।

    গত ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের ১০ দিন পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব, রুহুল কবির রিজভীকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ নিয়োগ দেন বিএনপি চেয়ারপারসন।

    এর কয়েক দিন পর যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হয় একইভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে।

    দলের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি এবং সম্পাদকমণ্ডলীর অন্য সদস্যদের নাম এখনও ঘোষণা করা হয়নি।

  • বুলুসহ বিএনপির ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে পরোয়ানা

    বুলুসহ বিএনপির ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে পরোয়ানা

    এবিএনএ : বিএনপির প্রাক্তন যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
    রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলার অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

    অন্য আসামিরা হলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্রদলের প্রাক্তন সভাপতি আজিজুল বারী হেলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
    জানা যায়, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় নাশকতার অভিযোগে ওই থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে একই বছরের ১৬ জুলাই শেরেবাংলা নগর থানার এসআই তোফাজ্জল হোসেন ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

  • শফিক রেহমানের রিমান্ড আমানবিক: ফখরুল

    শফিক রেহমানের রিমান্ড আমানবিক: ফখরুল

    এবিএনএ : সাংবাদিক শফিক রেহমানকে রিমান্ডে নেয়ার ঘটনাকে অমানবিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর ইস্কাটনে শফিক রেহমানের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, ‘যারা এই অবৈধ সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করছে, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে; জুলুম-নির্যাতন করা হচ্ছে।’ তিনি বলেন, ‘শফিক রেহমান সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে লিখতেন। এ জন্য সরকার তাকে গ্রেফতার করেছে।’ মির্জা ফখরুল এ সময় শফিক রেহমানের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তি দাবি করেন। শফিক রেহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, অর্থনীতিবিষয়ক সম্পাদক আবদুস সালাম, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান, জি-৯ এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত সায়ান্ত, সদস্য রুমিন ফারহানা প্রমুখ। উল্লেখ্য, গতকাল শনিবার সকালে ইস্কাটনের নিজ বাসা থেকে সাংবাদিক পরিচয়ে সাংবাদিক শফিক রেহমানকে নিয়ে যায় ডিবি। পরে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। ২০১৫ সালের আগস্টে পল্টন থানায় মামলাটি দায়ের করেছিল গোয়েন্দা পুলিশ। পরে পুলিশ আদালতে হাজির করে রিমান্ড চাইলে বিচারক শফিক রেহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • ব্যর্থতা আড়াল করতে শফিক রেহমানকে গ্রেপ্তার

    ব্যর্থতা আড়াল করতে শফিক রেহমানকে গ্রেপ্তার

    এবিএনএ : সরকার চারদিকে ব্যর্থ উল্লেখ করে এ ব্যর্থতা ঢাকতেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

    তিনি শফিক রেহমানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সুসংগঠিত কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন রিজভী।

    শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

    শফিক রেহমানের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘শনিবার সকাল সোয়া ৮টার দিকে সাদা পোষাকের গোয়েন্দা পুলিশ বৈশাখী টেলিভিশনের লোক পরিচয় দিয়ে শফিক রেহমানের ইস্কাটনের বাসায় প্রবেশ করে। এরপর ভাবী (শফিক রেহমানের স্ত্রী তালেহা রেহমান) তাদেরকে বসতে বলে চা-নাস্তা খাওয়ান। পরে শফিক রেহমানের সাথে কথা বলতে বলতে তারা বাইরে বের হয়ে আসেন। এক পর্যায়ে তারা শফিক রেহমানকে গাড়িতে উঠতে বলেন। শফিক রেহমান এর কারণ জানতে চাইলে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।’

    রিজভী বলেন, ‘আমরা জানতে পেরেছি, গ্রেপ্তারের পর সাংবাদিক শফিক রেহমানকে মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া পল্টন থানার পুরানো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।’

    সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র এ যুগ্ম মহাসচিব বলেন, ‘শফিক রেহমান একজন জ্ঞানতাপস মানুষ। তাকে আমরা একটি ইনস্টিটিউশন বলি। এছাড়া শফিক রেহমানের বাবা বর্তমান প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) বাবার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) শিক্ষক ছিলেন। এ ধরনের বিশিষ্ট গুণীজনদের যদি এই পরিণতি হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয়-কে চালাচ্ছে এই দেশ? কোন শকুনিরা দেশটাকে ছিঁড়ে-কুড়ে টুকরো টুকরো করছে।’

    এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী এর আগে একজন বরেণ্য আইনজীবীকে উদ্দেশ করে বলেছেন, মুই কার খালু রে, আমার বেগুন আমি রাঁধব, যত খুশি লবণ দেব। এই যে কথাবার্তা এর মধ্য দিয়ে উনি (শেখ হাসিনা), উনার পরিবার এবং দল ছাড়া এ দেশে কারো কোনো সম্মান নেই, কথা বলার অধিকার নেই, বেঁচে থাকারও অধিকার নেই।’

    আসলে ভোটারবিহীন এই অবৈধ সরকার বাংলাদেশ নামক রাষ্ট্রটির বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে।দেশকে চরম বিপযয়কর অবস্থার দিকে নিয়ে গেছে। দুর্বল, হৃদয়হীন, দাম্ভিক প্রধানমন্ত্রী এখন অকপট সত্যভাষী গুণীজনদের নির্মলের মহাপরিকল্পনা করার নির্দেশ দিয়েছে। যার নির্মম শিকার হলেন সাংবাদিক শফিক রেহমান।

    শফিক রেহমানকে গ্রেপ্তারের কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের অনাচার, ব্যর্থতা ও কুপমণ্ডুকতার বিরুদ্ধে অবিচল নির্ভয়ে শাণিতভাবে লিখে যাওয়ার কারণে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার হুকুমবাজ ও বাধ্য করার নীতি শফিক রেহমানের ওপর প্রয়োগ করা যায় না। কারণ, তিনি ধ্রুব তারার মতো অবিচল, সত্য ও ন্যায়ের পক্ষে। তাকে গ্রেপ্তার সরকারের চৈতন্যলোপের শামিল।’

    রিজভী বলেন, ‘সরকার চারদিক থেকে ব্যর্থ। চারদিকে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। কোথাও কোনো স্বাভাবিক অবস্থা নেই। মানুষের কোনো নিরাপত্তা নেই। ভয়ঙ্কর এই ব্যর্থতা ঢাকতেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।’

    রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নির্বাচিত মেয়র অধ্যাপক আব্দুল মান্নানের বিরুদ্ধে এই সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে একাধিক মামলা দায়ের করে। মুক্তি পাওয়ার পর শুক্রবার রাতে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

    মেয়র মান্নানকে গ্রেপ্তার করা প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার ভোটারবিহীন ও অনির্বাচিত হওয়ায় তারা নির্বাচিত কোনো মানুষকে পছন্দ করেন না। সেজন্য অধ্যাপক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

    রিজভী অবিলম্বে সাংবাদিক শফিক রেহমান ও অধ্যাপক আব্দুল মান্নানের মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সুসংগঠিত কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

  • নির্দলীয় সরকার ছাড়া আগামী সংসদ নির্বাচনে যাবে না বিএনপি

    নির্দলীয় সরকার ছাড়া আগামী সংসদ নির্বাচনে যাবে না বিএনপি

    এবিএনএ : নির্দলীয় এবং নিরপেক্ষ সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বেলা সোয়া ১১ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে ৪৫ জন নিহত ও পাচঁশতাধিক লোক আহত হয়েছে। দুদফা সহিংসতার পর তৃতীয় ও চতার্থ দফা ইউপি নির্বাচনেও সরকার দলীয় সন্ত্রাসী বাহিনী তাণ্ডব শুরু করেছে বলে অভিযোগ করেন এ বিএনপি নেতা। তিনি বলেন, ক্ষমতাসীনদের অস্ত্রের ঝনঝনানিতে গ্রামগঞ্জের মানুষ আতংকিত হয়ে পড়েছে।

    রিজভীর অভিযোগ, ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতায় হতাহতের ঘটনা ঘটলেও প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা এ ব্যাপারে নির্বিকার থাকছেন।

    সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গার সহিংসতার চিত্র তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব। তিনি জানান, মঙ্গলবার নারায়ণগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে গাছে বেঁধে জাহাঙ্গীর নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ সময় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ ১২জন আহত হন। একই দিন বান্দরবানের রুমা উপজেলায় ইউপি মেম্বার মং নু মারমাকে সরকার দলীয়রা অপহরণ করে হত্যা করে। মুন্সিগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ৭জন গুলিবিদ্ধ হয়। গাজীপুরের রাজাবাড়ি ইউনিয়নে সশস্ত্র হামলায় আহত চেয়ারম্যান প্রার্থী কুতুবউদ্দিনসহ ২০ জন। বগুড়ার রামেশ্বরপুর ও কাগইল ইউনিয়নে বিএনপির নির্বাচনী সভা আওয়ামী লীগের লোকজন পণ্ড করে দিয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু , নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার প্রমুখ।

  • খুনি রাজাকারদের নিয়ে গণতন্ত্র পাওয়া যাবে না : ইনু

    খুনি রাজাকারদের নিয়ে গণতন্ত্র পাওয়া যাবে না : ইনু

    এবিএনএ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খুনি রাজাকারদের কাধে নিয়ে গণতন্ত্র পাওয়া যাবে না, তাদের কাঁধে রেখে কখনো গণতন্ত্র পাবেন না। যারা ৭১ এর খুনিদের নিজ ঘরে ঢুকিয়েছেন, তারাই মানুষ পোড়ানো সন্ত্রাসীদের ঘরে ঢুকিয়েছে। যারা এ সব খুনিদের ঘরে ঢুকিয়ে রেখেছেন, তাদের গণতন্ত্রের ঘর থেকে বাইরে রাখতে হবে। মানুষ পোড়ানো সন্ত্রাসী যদি খারাপ হয়, রাজাকাররা যদি খারাপ হয়, তাহলে তাদের মদদদাতা বিএনপিও খারাপ। রাজাকার যদি খারাপ হয়, তাহলে রাজাকারের মা খালেদা জিয়াও খারাপ। রাজাকারদের যদি বর্জন করতে হয়, তাহলে খালেদা জিয়াকেও বর্জন করতে হবে।

    মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে কালীরবাজার উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    রাশেদুল ইসলাম ছোটর পরিচালনায় ও কালির বাজার উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জাসদ নেতা রতন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা এডিসি শিক্ষা ও যোগাযোগ প্রযুক্তি শারমিন জাহান, নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী, এএসপি (গফরগাঁও সার্কেল) বিল্লাল হোসেন, জাসদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহিল কাইয়ুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন্নেছা বিউটি, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, জেলা জাসদের সাধারণ সম্পাদক.সাদিক হোসেন, মহানগর জাসদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কালীরবাজার উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আ.হ.ম শহিদউল্লাহ প্রমুখ।

  • জিডিপি প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ অলীক ও অবাস্তব: বিএনপি

    জিডিপি প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ অলীক ও অবাস্তব: বিএনপি

    এবিএনএ : ১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ হবে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে, সেটিকে ‘অলীক’ ও ‘অবাস্তব’ বলে আখ্যায়িত করেছে বিএনপি।

    আজ মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে অর্থনীতির যেসব সূচক জিডিপির প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলে, অধিকাংশ ক্ষেত্রে সেসব সূচকের অবস্থা সন্তোষজনক নয়। তা ছাড়া, ব্যক্তি খাতে বিনিয়োগের অভাব, দুর্নীতিসহ অর্থনীতির সার্বিক বিষয় অবনতিশীল হওয়ায় এই প্রবৃদ্ধি অর্জন অসম্ভব। এমনকি বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) বাংলাদেশের এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মত দিয়েছে।

    মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার এসব বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে। তিনি মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে জনগণকে আহ্বান জানান।

    তিনি বলেন, এবার মাথাপিছু আয় বৃদ্ধির যে কথা বলা হচ্ছে সেটা বাংলাদেশের সার্বিক কল্যাণের সূচক নয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণে এটা হয়েছে। ফখরুল বলেন, উন্নয়নের নামে দেশে লুণ্ঠনের রাজত্ব কায়েম করছে সরকার।

  • নাইকো দুর্নীতি : অভিযোগ গঠনের শুনানি ৭ জুন

    নাইকো দুর্নীতি : অভিযোগ গঠনের শুনানি ৭ জুন

    এবিএনএ : নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দিয়েছেন আদালত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সাত আসামির সময়ের আবেদনের প্রেক্ষিতে আগামী ৭ জুন এ শুনানির দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালতে মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

    ১১ জন আসামির মধ্যে সাতজন আদালতে অনুপস্থিত থেকে তাদের আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন জানান। এ আবেদন মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। কারাগারে আটক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে আদালতে হাজির করা হয়। অন্য তিন আসামি জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া আদালতে হাজির ছিলেন। কানাডার কম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি করেন।

  • নতুন নেতৃত্বে প্রতিকূল পরিস্থিতি কেটে যাবে : ফখরুল

    নতুন নেতৃত্বে প্রতিকূল পরিস্থিতি কেটে যাবে : ফখরুল

    এবিএনএ : বিএনপি প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতি করছে দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুনদের দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। আর তাদের নেতৃত্বের মাধ্যমে আন্দোলনে সফলতা পাবে। নতুনদের দিয়ে কমিটি গঠন করার মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি কেটে যাবে।

    রোববার বেলা ১১টায় রাজধানীর ঝিগাতলার বাসায় সাবেক ফুটবলার অাইনুল হককে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, সরকার অগণতান্ত্রিক হয়ে গেছে। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। দাম বৃদ্ধি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে।

    সাবেক ফুটবলার আইনুল হক দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত অবস্থায় বাসায় অবস্থান করছেন। তার সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল।

    এ সময় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাবেক ফুটবলার আমিনুল প্রমুখ উপস্থিত ছিলেন।