Author: ABNANEWS

  • সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা

    সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা

    এবিএনএ: অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বলেন। আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান প্রেসসচিব শফিকুল আলম।  তিনি বলেন, আগামী ৬ মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

    প্রেসসচিব বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, প্রথম ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম ইনিংস বা অধ্যায় ছিল। আজকের বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, ‘আমরা যে দেশ গড়তে যাচ্ছি, তাতে পুরো দেশ এবং বিশ্বের সমর্থন আছে।

    অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠক ২৬টি দল ও জোটের প্রায় ১০০ রাজনীতিক বৈঠকে অংশ নিচ্ছেন।আজ বিকেল ৩টার পর পর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।

  • আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

    আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

    এবিএনএ: ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং আয়নাঘরে গুম হওয়া ভুক্তভোগীদের কয়েকজন। আজ বুধবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র‌্যাব-২ এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেছেন।

    এ সময় প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘সবক্ষেত্রে আইয়্যামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে।’ গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়।

    এর আগে ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছেন। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। তখন কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের আহ্বান জানান।

    এ সময় প্রধান উপদেষ্টা জানান শিগগিরই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন।

    এদিকে গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের যে টর্চারসেলে রাখা হয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি তিনি চিনতে পেরেছেন। দেয়ালের উপরের অংশের খোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল বলে জানান তিনি।

    এছাড়া গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের যে টর্চারসেলে উপদেষ্টা নাহিদ ইসলামকে রাখা হয়েছিল আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পারেন তিনি। এই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় এবং দেয়াল রং করা হয়।

  • সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল

    সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল

    এবিএনএ: অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

    মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা আছেন তারা আমাদের আশ্বস্ত করেছেন, অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেনও- ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য কাজ করছেন। আমরা আশা করব, জনগণের যে প্রত্যাশা আছে, একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। সেটার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি।

    এরআগে সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক করেন। তারা প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

  • অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮

    অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮

    এবিএনএ: সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করেছে করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    রোববার পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ২৭৪ জন এবং রেঞ্জে এক হাজার ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

    দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গতকাল সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় শনিবার এই সিদ্ধান্ত হয়।

  • আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না: সিইসি

    আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না: সিইসি

    এবিএনএ: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন।’

    রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের খবর সংগ্রহ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    তিনি বলেন, ‘সবাই তালিয়া বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালিয়া বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। একজন একটা কথা বললো, আর আমি তালি বাজাতে থাকলাম- এটা যাতে না হয়।’

    নির্বাচন কমিশনের ওপর আস্থা ফেরাতে রাজনীতিকদের প্রভাব বিস্তার বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন সিইসি। তিনি বলেন, ‘রাজনীতিবিদদের ‘ইনফ্লুয়েন্স অন দা ইলেকশন কমিশন’ যদি বন্ধ করা না যায়, আবার সেই পুরনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি। এটি আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয়েছে অতীতে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • এবার ৪ দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

    এবার ৪ দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

    এবিএনএ: শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন, সেখান থেকে তারা লং মার্চ করে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে যাবেন।

    রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা ঢাকার জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো- অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

    সিরাজগঞ্জ সরকারি ম্যাটসের শিক্ষার্থী এবং ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক মো. আহসান হাবিব বলেন, চার দফা দাবিতে এর আগে গত ২২ জানুয়ারি শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন তারা। সে সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে অবরোধ তুলেছিলেন। কিন্তু দাবি আর পূরণ হয়নি।

    শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ম্যাটস শিক্ষার্থীরা এখনও সড়ক পুরো বন্ধ করেনি। তবে করবে বলে মনে হচ্ছে। দেশে ১৬টি সরকারি এবং ৫১টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আছে। এসব ট্রেনিং স্কুল থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। এরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান।

  • ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

    এবিএনএ: সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

    ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক। পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।’

  • অভিনেত্রী শাওন গ্রেপ্তার

    অভিনেত্রী শাওন গ্রেপ্তার

    এবিএনএ: অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

    ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বলেন, আগামীকাল শুক্রবার শাওনকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে।
  • একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল

    একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল

    এবিএনএ: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন।

    এ বছর শিল্পকলায় পাঁচজন, সাংবাদিকতায় একজন, সাংবাদিকতা ও মানবাধিকারে একজন, সংস্কৃতি ও শিক্ষায় একজন, শিক্ষায় একজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, সমাজসেবায় একজন, ভাষা ও সাহিত্যে দুজন, গবেষণায় একজন এবং ক্রীড়াক্ষেত্রে জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

    শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে পাঁচজন হলেন- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নিরোধ বরণ বড়ুয়া এবং ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা।

    সাংস্কৃতি ও শিক্ষা ক্যাটাগরিতে ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর) একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

    ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে পদক পাচ্ছেন কবি হেলাল হাফিজ (মরণোত্তর) এবং শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)।

    গবেষণায় মঈদুল হাসান একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া ক্রীড়াক্ষেত্রে একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

    নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ চার লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

    রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।

    বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

  • সরকার শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিতে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

    সরকার শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিতে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

    এবিএনএ: অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের কল কারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা সংগঠন ‘নিরাপন’র নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ‘আমরা এরইমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি, খুব শিগগিরই তার ফলাফল পাওয়া যাবে।’

    প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী বলেন, ‘অন্তর্বর্তী সরকার এরইমধ্যে শ্রমিক সংগঠন ও নির্মাতাদের সঙ্গে একটি ১৮ দফা চুক্তি স্বাক্ষর করেছে, যা এ খাতে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রপ্তানি বাড়াতে সাহায্য করেছে।’ নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা গার্মেন্টস শিল্পে সংস্কারের উদ্যোগ নেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

    প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা এবং গ্রুপের স্বতন্ত্র পরিচালক তপন চৌধুরী। শীর্ষ পশ্চিমা ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের প্রতিনিধিরাও সভায় যোগ দেন। অনুষ্ঠানে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব প্রধান লামিয়া মোরশেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।