Author: ABNANEWS

  • গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল: জাতিসংঘ

    গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল: জাতিসংঘ

    এবিএনএ: ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের স্থানান্তর ও উপত্যকাটির অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক ফারনাজ ফাসিহির গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে এ উত্তর দেন জাতিসংঘ মহাসচিব। খবর ডেইলি ট্রিবিউনের।

    নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক জানান, গুতেরেস আরো বলেছেন- “ট্রাম্পের পরিকল্পনা চিরকালের জন্য একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে অসম্ভব করার ঝুঁকি তৈরি করেছে।” ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়ার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব এমন মন্তব্য করেন।

    গাজাবাসীদের মধ্যপ্রাচ্যের এক বা একাধিক দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “আমি বলতে চাইছি যে, তারা সেখানে আছে কারণ তাদের কোনো বিকল্প নেই। তাদের কী আছে? এটি এখন ধ্বংসস্তূপের একটি বিশাল স্তূপ।” তবে, যুক্তরাষ্ট্রের গাজা দখল ও নিয়ন্ত্রণ নেওয়ার এই পরিকল্পনার বিরুদ্ধে দেশটির মিত্র এবং প্রতিপক্ষ উভয়েরই তীব্র বিরোধিতার আশঙ্কা রয়েছে।

  • ফেব্রুয়ারিতেই আসছে নতুন দল, মতামত নেওয়া হচ্ছে নাগরিকদের

    ফেব্রুয়ারিতেই আসছে নতুন দল, মতামত নেওয়া হচ্ছে নাগরিকদের

    এবিএনএ: ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা তুঙ্গে। ফেব্রুয়ারির মধ্যেই নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এ জন্য জনগণের মতামত নিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    বুধবার (০৫ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর বাংলামোটরে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্থা শারমিন উপস্থিত ছিলেন।

    নতুন দল গঠনের উদ্দেশ্যে সারা দেশের নাগরিকদের মতামত গ্রহণের কর্মসূচি ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেয়া ফরমে আপনার মতামত জানান। ফরমটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।’

    ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মধ্যে গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের দেড় দশকের শাসনামলের অবসান ঘটে। ক্ষমতার পালাবদলের এক মাস পর সেপ্টেম্বরে আন্দোলনের নেতাদের নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কমিটি গঠন করে সংগঠনের বিস্তৃতিও ঘটিয়েছেন তারা।

    এরপর থেকে ছাত্রদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে বলে আলোচনা ব্যাপকভাবে প্রচার হয়। সম্প্রতি একটি বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে প্রথমবারের মতো কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    নতুন এই দলকে ঘিরে ছাত্রদের মধ্য থেকে দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের পদত্যাগের কথাও শোনা যায়। তবে উপদেষ্টা নাহিদ ইসলাম ইতোমধ্যে জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত তারা এখনো নেননি।

    এদিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের পক্ষ থেকে বলা হয়, নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনোটিই শেষ পর্যন্ত রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না। বরং স্বতন্ত্র সংগঠন হিসেবেই থেকে যাবে। এই দুটি সংগঠন থেকে যারা রাজনীতিতে অংশ নিতে ইচ্ছুক তারা নতুন দলে যোগ দেবেন।

  • ট্রাম্পের মনোনীত পাম বন্ডি যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

    ট্রাম্পের মনোনীত পাম বন্ডি যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

    এবিএনএ: ফ্লোরিডা রাজ্যের সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নতুন মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিত করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। যার ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বে আসছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

    এতে বলা হয়, ৫৪-৪৬ ভোটে সিনেট বন্ডির নিয়োগ চূড়ান্ত করেছে। এই নিয়োগ ট্রাম্পের জন্য বিচার বিভাগে আরও প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে, যেখানে সম্প্রতি এমন কিছু প্রসিকিউটর ও এফবিআই এজেন্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, যারা ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলা তদন্তে যুক্ত ছিলেন।

    ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান ৫৩ জন রিপাবলিকানের সঙ্গে যোগ দিয়ে বন্ডির পক্ষে ভোট দেন।  ৫৯ বছর বয়সি বন্ডি গত মাসে একটি নিশ্চিতকরণ শুনানিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখবেন এবং অপরাধ বা দেওয়ানি মামলায় রাজনীতি প্রবেশ করাবেন না।

    তবে আইনপ্রণেতারা এখনো উদ্বিগ্ন যে, ট্রাম্প যদি অবৈধ বা অনৈতিক কোনো আদেশ দেন, তবে বন্ডি তা প্রতিহত করবেন কি না, বিশেষ করে যখন ট্রাম্পবিরোধী বেশ কয়েকজন প্রসিকিউটরকে বরখাস্ত করা হয়েছে।

    ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প একটি নির্বাহী আদেশে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ করেন, তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে।  তিনি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন সব নাগরিক ও অপরাধ তদন্ত সংস্থার কার্যক্রম পর্যালোচনা করতে।

    বন্ডি, যিনি এক দশকেরও বেশি সময় প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন, ২০২০ সালের প্রথম অভিশংসন বিচার চলাকালীন ট্রাম্পের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনে ভোট কারচুপির কিছু অসত্য দাবি সমর্থন করেছেন বলেও অভিযোগ রয়েছে।

    অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণের পর জানা গেছে, বন্ডি ট্রাম্পের মিডিয়া কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে শেয়ারধারী, যা তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সংঘাত সৃষ্টি করতে পারে বলে অনেকে মনে করছেন।বন্ডি ছিলেন ট্রাম্পের দ্বিতীয় পছন্দ।  তার প্রথম পছন্দ, সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজ, হাউস ইথিক্স কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে নারীদের সঙ্গে যৌন সম্পর্ক ও মাদকের বিনিময়ে অর্থ প্রদান এবং কংগ্রেসের তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ ওঠার পর মনোনয়ন প্রত্যাহার করেন।

    গেটজ এখন পর্যন্ত একমাত্র ট্রাম্প মনোনীত ব্যক্তি যিনি তার মন্ত্রিসভায় যোগ দেওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। তবে মঙ্গলবার সিনেট কমিটি ট্রাম্পের আরও দুটি বিতর্কিত মনোনয়ন—রবার্ট এফ কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা এবং তুলসি গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিশ্চিত করার বিষয়ে অগ্রগতি দেখিয়েছে।

  • প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

    প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

    এবিএনএ: প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে এ দুই সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন।

    সংস্কার কমিশনের প্রতিবেদন কী রয়েছে- তা নিয়ে বিস্তারিত জানা না গেলেও জনপ্রশাসন সংস্কার নিয়ে শতাধিক সুপারিশ থাকতে পারে বলে আগে জানা যায়।

    গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছিলেন, আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে। কিন্তু আমরা আমাদের কাজের কারণে পারিনি। কারণ আমরা মাঠে গিয়েছি, লোকজনের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে আমরা কথা বলেছি, অনলাইনে আমরা মতামত নিয়েছি। প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে। এখন এর বাইরে আমি কিছু জানাতে পারব না।

    গত ৩ অক্টোবর ৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে সরকার। পরে কমিশনের সদস্য সংখ্যা আরও তিনজন বাড়ানো হয়। ৩ মাসের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন হস্তান্তর করতে বলা হয়। এরপর তিন দফা বাড়িয়ে কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় বেঁধে দেওয়া বর্ধিত সময়ের ১০ দিন আগেই প্রতিবেদনটি জমা দেওয়া হলো।

    অন্যদিকে বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয় ৩ অক্টোবর।

  • বর্ষার আগেই সংস্কার হবে ঢাকার দুই সিটির ১৯ খাল

    বর্ষার আগেই সংস্কার হবে ঢাকার দুই সিটির ১৯ খাল

    এবিএনএ: আগামী বর্ষার আগেই ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন ১৯টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনা হবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর মধ্যে ছয়টি খালের সংস্কার ইতোমধ্যে শুরু হয়েছে।

    রবিবার রাজধানীর মিরপুর-১৩ নম্বর বাউনিয়া খালের মাধ্যমে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন প্রথম ধাপে ঢাকা উত্তরের চারটি এবং ঢাকা দক্ষিণের দুটি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। মিরপুর-১৩ এর বাউনিয়া খালের অংশে প্রথমে কার্যক্রম শুরু হয়।

    সরকারের পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

    সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমরা ৩-৪টি মন্ত্রণালয় বসে কীভাবে বর্ষার আগে খালগুলোতে প্রবাহ ফেরাতে পারি সেই বিষয়ে কাজ করছি। প্রথমে খনন করব, এরপরে ধাপে ধাপে বাকি কাজে এগোব।”

    তিনি বলেন, “আমরা চাই খালগুলো হবে প্রাণকেন্দ্র। এই খালে মশা ব্যতীত কিছুই নেই। আমরা স্থানীয়দের নিয়ে কমিটি করে দেব। তারাই খাল দখল, দূষণ রোধে কাজ করবে। খালের পাড়ে সবুজ ফিরিয়ে আনার চেষ্টা করব। একইসঙ্গে খালে মাছ যাতে বাঁচে সেই ব্যবস্থা করতে হবে।”

    উপদেষ্টা বলেন, “আমরা আশা করি এই বর্ষার আগে ১৯টি খালের পানির প্রবাহ ফিরিয়ে আনতে পারব। আমরা এই ১৯টি খাল নিয়ে একটি মাস্টারপ্ল্যান করার পরিকল্পনা করছি।” অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • ৭ দফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের রাজধানীতে সড়ক অবরোধ, বিক্ষোভ

    ৭ দফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের রাজধানীতে সড়ক অবরোধ, বিক্ষোভ

    এবিএনএ: সাত দফা দাবিতে রাজধানীর শ্যামলীতে শিশু মেলার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। রোববার দুপুর ১২টার দিকে তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন। আহতদের অনেকে রাস্তায় বসে ও শুয়ে পড়েন। এতে উভয়দিকের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

    তাদের সাত দফা দাবিগুলো হলো-

    ১. ২৪’র যোদ্ধাদের মধ্যে আহত ও শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার।
    ২. বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপরসারণপূর্বক গ্রেপ্তার।
    ৩. আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন।
    ৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।
    ৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।
    ৬. আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
    ৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি সুসংহত করতে হবে।

    আহতরা গতকাল শনিবার বিকাল থেকে এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন বলেও জানান তারা।

  • ট্রাম্পের শুল্ক আরোপ, কানাডা-মেক্সিকোর পাল্টা ব্যবস্থার ঘোষণা

    ট্রাম্পের শুল্ক আরোপ, কানাডা-মেক্সিকোর পাল্টা ব্যবস্থার ঘোষণা

    এবিএনএ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার তিন বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন, মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর মঙ্গলবার থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক হবে ১০ শতাংশ। তবে কানাডার জ্বালানি পণ্যের ওপর শুল্কের হার কিছুটা কম, তা ১০ শতাংশ।

    এই শুল্ক যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা যেমন অবৈধ অভিবাসন ও মাদক পাচার প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বলছেন ট্রাম্প। মার্কিন সরকারের অভিযোগ, মেক্সিকোর সরকার মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট। আর চীন ফেন্টানাইলের মতো বিপজ্জনক মাদক আমদানিতে জড়িত। এই শুল্ক আরোপের বিরুদ্ধে কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপ করবে বলে জানিয়েছে।

    ট্রাম্পের শুল্ক আরোপের এক প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডা এ পদক্ষেপের বিরুদ্ধে একেবারেই প্রস্তুত। কানাডা ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে বলে জানিয়েছেন ট্রুডো, যার মধ্যে থাকবে মদ, ফল, শাকসবজি, পোশাক, বাসনপত্র, আসবাবপত্র ও অন্যান্য পণ্য।

    কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া ফেন্টানাইলের পরিমাণ খুবই কম। সীমান্ত নিরাপত্তা নিয়েও ট্রাম্পের উদ্বেগের কোনো যৌক্তিকতা নেই- বলেন জাস্টিন ট্রুডো। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম ট্রাম্পের এই শুল্ক আরোপের সমালোচনা করে বলেছেন, “শুল্ক আরোপ কোনো সমস্যার সমাধান নয়। বরং এটি আরও বেশি সমস্যা সৃষ্টি করবে।”

    মেক্সিকো মার্কিন সরকারের সঙ্গে মাদক পাচার রোধে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। তবে সমস্যার সমাধান হবে শুধু আলোচনার মাধ্যমে। শুল্ক আরোপের মাধ্যমে নয়। যদি তা হয়, মেক্সিকোও মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে- বলেন ক্লাউডিয়া শেইনবাউম।

    এদিকে চীনও ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনার কথাও জানিয়েছে দেশটি। এ বিষয়ে চীনের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, চীন এই শুল্ক আরোপকে ‘অযৌক্তিক’ ও ‘বিভ্রান্তিকর’ বলে মনে করে এবং স্বার্থ রক্ষায় পাল্টা পদক্ষেপ নেবে।

    অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এই শুল্ক আরোপের ফলে মার্কিন বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে, বিশেষ করে গাড়ি, যন্ত্রাংশ, স্টিল, অ্যালুমিনিয়াম ও খাদ্যপণ্যের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—সব দেশেই মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে। এমনকি বিশ্ববাজারেও এর প্রভাব পড়বে। সূত্র: বিবিসি।

  • ইজতেমায় আখেরি মোনাজাতের সময় ড্রোন আতঙ্ক, ছোটাছুটিতে আহত শতাধিক

    ইজতেমায় আখেরি মোনাজাতের সময় ড্রোন আতঙ্ক, ছোটাছুটিতে আহত শতাধিক

    এবিএনএ: তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দুই ধাপের প্রথম পর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। তবে মোনাজাতের শেষের দিকে হঠাৎ মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। ড্রোনের বাতাস ও ড্রোন মাটিতে পড়ার শব্দ থেকে এই আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে থাকা অবস্থায় সমকালের টঙ্গী প্রতিনিধি আবু সালেহ মুসাসহ শতাধিক মুসল্লি আহত হয়েছেন।

    রোববার শুরায়ে নেজামের আখেরি মোনাজাত চলাকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, তারা মোনাজাতে মগ্ন ছিলেন। এসময় হঠাৎ প্রচণ্ড বাতাস আসে। পরে একটি ড্রোন মাটিতে পড়ে যায়। এই আতঙ্কে তারা ছুটাছুটি করতে থাকেন। এসময় বেশ কয়েকজন মুসল্লি পড়ে গিয়ে আহত হন।

    আহত মুসল্লি ফয়সাল বলেন, আমার সামনে হঠাৎ ড্রোন পড়ে গিয়ে বাঁশের সঙ্গে লেগে শব্দ হয়। এতে আতঙ্ক দেখা দিলে মুসল্লিরা দৌড়াদৌড়ি শুরু করেন। আমিসহ অনেক মুসল্লি আহত হয়েছেন।

    টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন বলেন, আতঙ্কে অনেক মুসল্লি দৌড়ে হাসপাতালে আসেন। তাদের চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা।

    টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ড্রোনটি ইজতেমার মাঠের কাছে পড়ে যাওয়ায় মুসল্লিদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে ছুটাছুটি করলে কিছু মুসল্লি আহত হয়েছেন। ড্রোনের ব্যাটারি শেষ হওয়ার কারণে মাটিতে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ড্রোনটি কার তা জানা যায়নি।

  • যুক্তরাষ্ট্রে ফের প্লেন দুর্ঘটনা, ৬ জনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রে ফের প্লেন দুর্ঘটনা, ৬ জনের মৃত্যু

    এবিএনএ: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাতে ফিলাডেলফিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় একটি মেডেভাক প্লেন বিধ্বস্ত হয়েছে।এতে ছয়জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

    মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, সিবিএস নিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। এফএএ জানিয়েছে, লিয়ারজেট ৫৫ মডেলের প্লেনটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এটি মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাত্রা করেছিল।

    জেট রেসকিউ নামে একটি এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি এই উড়োজাহাজটি পরিচালনা করছিল। কোম্পানিটি জানিয়েছে, প্লেনটিতে একজন শিশু রোগী, তার একজন অভিভাবক এবং চারজন ক্রু সদস্য ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো আরোহী জীবিত রয়েছেন কি না, তা নিশ্চিত করা যায়নি।

    প্লেন চলাচলের তথ্য অনুযায়ী, উড্ডয়নের পর ১ হাজার ৬৫০ ফুট উচ্চতায় উঠেছিল প্লেনটি। কিন্তু এরপর আকস্মিকভাবে প্রতি মিনিটে ১১ হাজার ফুট গতিবেগে নিচে নামতে শুরু করে। বিষয়টি জানতে পেরে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটিকে বারবার ডাকলেও কোনো সাড়া মেলেনি। এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলতে শোনা যায়, ‘মেডেভাক মেড সার্ভিস, নর্থইস্ট টাওয়ার। মেডেভাক মেড সার্ভিস, নর্থইস্ট টাওয়ার। আপনি কি ফ্রিকোয়েন্সিতে আছেন?’ প্রায় এক মিনিট পর কন্ট্রোলারকে বলতে শোনা যায়, ‘আমরা একটি বিমান হারিয়েছি।’

    ফিলাডেলফিয়ার মেয়র শেরেল পার্কার জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া প্লেনটির আগুন আশপাশের কয়েকটি বাড়ি ও যানবাহনে ছড়িয়ে পড়েছে। যদিও হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

    আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফিলাডেলফিয়ার দমকল বিভাগ। এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার পর নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে আবার চালু হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সিএনএনকে জানিয়েছে। বিধ্বস্ত স্থানের বিপরীতে অবস্থিত রুজভেল্ট মলও খালি করা হয়েছিল বলে মলটির মুখপাত্র ক্রিস্টেন মুর। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর নেই।

    যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি এক্সে শেয়ার করা এক পোস্টে জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিমান দুর্ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। এফএএ এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনাটির তদন্ত করবে। তদন্তকারীরা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানান তিনি।

    উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এ ঘটনায় হেলিকপ্টার ও বিমান উভয়ই বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় প্লেনের ৬৪ জন যাত্রী এবং হেলিকপ্টারের তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • যৌথ বাহিনীর অভিযানে মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার : ‍আইএসপিআর

    যৌথ বাহিনীর অভিযানে মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার : ‍আইএসপিআর

    এবিএনএ: কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে আটক যুবদল নেতা মো: তৌহিদুর রহমানের (৪০) মৃত্যুর ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে গত ৩১ জানুয়ারি রাত ৩টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটক মো: তৌহিদুর রহমান (৪০) একই দিন বেলা সাড়ে ১২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।