Author: ABNANEWS

  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    এবিএনএ:

    বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।সোমবার (১৬ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    এই বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, দলটির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

  • আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ্টা

    আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ্টা

    এবিএনএ: আওয়ামী লীগ সরকার আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এ খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকালে সোমবার (২ জুন) বিকালে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে একথা জানান অর্থ উপদেষ্টা।

    অর্থ উপদেষ্টা জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন।

    বাজেট প্রস্তাবে অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। অনেক ঋণ খেলাপি হয়ে গেলেও সেগুলো বারবার পুনঃতফসিলিকরণের মাধ্যমে আসল অবস্থা গোপন রাখা হয়েছে। তবে বর্তমান বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং পদ্ধতি চালু করেছে। এর ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করেছে। ২০২৩ সালের জুন মাসে খেলাপি ঋণের হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ২০ দশমিক ২০ শতাংশে। অর্থাৎ খেলাপি ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে।

    ড. সালেহউদ্দিন বলেন, বিগত ১৫ বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এ খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। ৫ আগস্ট ২০২৪ এর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি এমন সব ঝুঁকির সময়োপযোগী সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হয়েছে।

    তিনি আরও বলেন, সংস্কারের অংশ হিসেবে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার প্রধান উদ্দেশ্য হলো- (ক) ব্যাংকিং খাত সংস্কার কর্মসূচির ভিত্তি তৈরি করতে ব্যাংকগুলোর সম্পদের ব্যাপক গুণগত পর্যালোচনা করা, (খ) নীতি ও প্রবিধানসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণে এবং ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা এবং (গ) দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি/পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

  • বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

    বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

    ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব কিছু করবে।’ তিনি বলেন, ‘এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য।

    সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রথমটি বাংলাদেশের ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) ও কাইকম ড্রিম স্ট্রিট (কেডিএস)-এর মধ্যে, যার একটি জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ; দ্বিতীয়টি বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস (জাপানে ৬৫টির বেশি কোম্পানির একটি ফেডারেশন) এবং জেবিবিআরএ (জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি)-র মধ্যে। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক।’ তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, যার অর্ধেকই ২৭ বছরের নিচে।
    তিনি বলেন, ‘সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া।’

    শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুশিতা বলেন, ‘অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে। তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব।

    এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা স্মরণ করেন যে প্রায় ১৪ বছর আগে অধ্যাপক ইউনূস জাপানে এসেছিলেন এবং ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীদের সহায়তার গল্প বলেছিলেন। তিনি বলেন, ‘আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ শ্রমিকের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।’ তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা এক লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত।’

    ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতিবছর ১৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, এবং তারা এই সংখ্যা ৩০০০-এ উন্নীত করার পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরির বাজারে প্রবেশ করতে পারবে।’

    জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশনের (জেইটিসিও) চেয়ারম্যান হিরোআকি ইয়াগি জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে এখনও ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে।

    জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের (এমএইচএলডব্লিউ) প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, ‘জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে।’ তিনি বলেন, ‘এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্যও একটি আশাব্যঞ্জক দিক হতে পারে।’

    স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটি ১০ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারে

  • ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

    ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

    এবিএনএ: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসার কথা রয়েছে তার। দুই দেশের কর্মকর্তারা সফরটি সফল করতে চূড়ান্ত প্রস্তুতির কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্র। এর আগে, চলতি মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। ৫ মে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

    বৈঠকে বৈধ উপায়ে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় নিরাপদ ও বৈধ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা।

    এছাড়া ঢাকার সঙ্গে রোমের দ্বিপাক্ষিক সম্পর্ক নবায়ন ও পুনরুজ্জীবিতকরণ নিয়েও আলোচনা করেন তারা। এ লক্ষ্যে, চলতি বছরের সেপ্টেম্বরের আগেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফর করবেন বলে সে সময় জানান মাত্তেও।

    অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধের মতো বিষয়ে বাংলাদেশও ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী বলে ওই বৈঠকে মাত্তেওকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা।

    উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের ফাঁকে জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সৈই বৈঠকে মেলোনি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে ইতালির সমর্থন ব্যক্ত করেন।

  • হত্যাচেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া

    হত্যাচেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া

    ভাটারা থানায় দায়ের হওয়া এনামুল হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার এ আদেশ দেন।

    এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. বিল্লাল ভূইয়া তাকে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ২২ মে তার জামিন শুনানির দিন ধার্য করেন। রবিবার থাইল্যান্ড যাওয়ার পথে তাকে বিমানবন্দর থেকে আটক করে গ্রেপ্তার দেখায় পুলিশ।

    মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোড়া গুলি ভুক্তভোগীর পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ বছরের ৩ মে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ মামলায় নুসরাত ফারিয়া ২০৭ নম্বর আসামি। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

  • ‘স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ নেই’

    ‘স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ নেই’

    এবিএনএ: নিবন্ধন না থাকলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, “সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না, সুযোগ নেই।”

    সোমাবার (১৯ মে) বেলা ১১টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না,  এ নিয়ে কমিশন কী মনে করে এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, “এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি।” তিনি বলেন, “নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেধে দেওয়া সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে।”

    কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া, অতিথি হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। দলটির নেতা শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যান।

    গত ১২ মে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে ইসি।

    জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক কয়েকটি দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিলো।

    ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল নিবন্ধনের নিয়ম চালু করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের নিবন্ধন নম্বর ছিল ৬, প্রতীক নৌকা। গত ১৭ বছরে সব মিলিয়ে ৫৫টি দলকে নিবন্ধন দেওয়া হলেও বিভিন্ন কারণে জামায়াতে ইসলামীসহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়।

  • ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ

    ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ

    এবিএনএ: মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আজ সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপিএ এর সঙ্গে এক সমঝতা স্মারক স্বাক্ষর শেষে তিনি এ কথা বলেন।

    স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। এ সময় নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

    বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর বিষয় তিনি বলেন, সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান এম্বাসির সঙ্গে যোগাযোগ চলছে। এ সময় তিনি বিসিবি নির্বাচনের বিষয়ে উপদেষ্টা বলেন, এক্ষেত্রে জটিলতা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেসব জটিলতা নিরসন সম্ভব নয়।

  • মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    এবিএনএ: অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৯ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ওনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন (তদন্ত) হচ্ছে।

    ফারিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল না উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, কারেও বিরুদ্ধে মামলা থাকলে ছেড়ে দেওয়া যায় না। তার নামে মামলা থাকলে কী করবেন।ছাইড়া দিলে আপনিই বলবেন ছাইড়া দিছেন। বিদেশযাত্রায় নিষেধ আছে কিনা, একটা পলিসি আছে। ওই পলিসির মধ্যে যারা পড়েন তাদের….,বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    জুলাই গণহত্যায় যারা প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়- এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

    কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায়ই শাস্তি ভোগ না করে এ ব্যবস্থা আমরা নেব, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে সকালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

    সাংবাদিকরা ওই পোস্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ওইটা যার যার ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতাতো সবার আছে। একই সঙ্গে অযৌক্তিক দাবিতে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করার জন্য সবাইকে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • ইশরাক সমর্থকদের নগর ভবন ‘ব্লকেড’

    ইশরাক সমর্থকদের নগর ভবন ‘ব্লকেড’

    এবিএনএ: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা আজ নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন। গতকাল রবিবার অবস্থান কর্মসূচি থেকে ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

    কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়েছে, ফলে ব্যস্ত এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ সোমবার বেলা ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। এতে বংশাল ও পল্টনমুখী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে।

    গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। এরপর, ‘ঢাকাবাসী’ ব্যানারে বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

  • শিশু রোজার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি জানিয়ে ড্যাবের সংবাদ সম্মেলন 

    শিশু রোজার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি জানিয়ে ড্যাবের সংবাদ সম্মেলন 

    এবিএনএ: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ড্যাবের সংবাদ সম্মেলন সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে রোজা মনি নামে ৫ বছর বয়সী একটি শিশু নিখোঁজ হওয়ার পর তার মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানানোর পাশাপাশি, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ড্যাবের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

    সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, গত সোমবার (১২ মে) সকালে রাজধানীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় ৫ বছরের শিশু রোজা মনি। তার স্বজন ও প্রতিবেশীরা এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিংও করেন। কিন্তু তার সন্ধান মেলেনি। তবে, পরের দিন বেলা ১১টার দিকে রাজধানীর বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লারস্তূপে বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর বস্তার ভেতরে মেলে রোজা মনির নিথর দেহ।

    তিনি আরও বলেন, সেদিন বিকেলে মর্গ থেকে সিএনজিতে লাশ নিয়ে তেজকুনিপাড়ায় ফেরেন শিশুর স্বজনরা। এটি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক ঘটনা। দেশে মানবতার কোনো জায়গা নেই বলে উল্লেখ করে মাহবুব বলেন, আমরা মানবিক রাষ্ট্র চাই। মৃত্যু হলেও সরকারের দায় আছে। সরকার যাতে মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করে। এরকম অমানবিক ঘটনা আমরা আর দেখতে ও শুনতে এবং জানতে চাইনা।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা স্বাস্থ্যখাতের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি সেই আলোকে একটি স্বাস্থ্যনীতি প্রণয়ন করতে পারি ও স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে পারি। তাহলে এ ধরনের অরাজকতা ও অমানবিকতা অবশ্যই থাকবে না। এই চিকিৎসক বলেন, আমরা একটি মানবিক স্বাস্থ্যনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা চাই। যেখানে আমরা চিকিৎসার অধিকার ও নিশ্চয়তা পাবো।

    ঢাকা দক্ষিণ ড্যাবের সভাপতি ডা. মো. মুজিবুর রহমান বলেন, পাঁচ বছরের শিশু রোজা মনির মৃতদেহ তেজগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হলো, এটি যেন যেমন খুশি তেমন সাজোর দেশ। কারো কোনো জবাবদিহিতা নেই। শিশুটির মরদেহ ময়নাতদন্তের পর মর্গ থেকে সিএনজিতে কাপড় মুড়ি দিয়ে বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।

    তিনি আরও বলেন, ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় সরকারি হাসপাতাল থেকে একটা শিশুর মরদেহ বাসায় পৌঁছে দিতে পারবে না, সেটি হতে পারে না। তাহলে দেশের এতো উন্নয়ন আর সংস্কার কমিশন করে জনগণের লাভ কী? সাধারণ নাগরিকদের কাছে সংস্কার হলো তার জীবনের মান উন্নয়ন। তা না করতে পারলে কোনো সংস্কার কাজে আসবে না।

    মুজিবুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার দেশের অন্যান্য খাতসহ স্বাস্থ্যখাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গণঅভ্যুত্থানে শেখ হাসিনাসহ সব রাঘববোয়ালরা পালিয়ে গেছে। সেখান থেকে এই ভঙ্গুর স্বাস্থ্য খাতকে নাগরিকদের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। যা ৩১ দফার ২৫ ও ২৬ দফায় উল্লেখ করা হয়েছে।

    মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া মৃত্যুতে বিচারের দাবিতে গোটা দেশের মানুষ আন্দোলন করেছিল উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, আমরা মনে করি শিশু রোজার ক্ষেত্রেও সবাইকে সমস্বরে বিচারের দাবি জানানো উচিত। শুধু গরিব বলে কেউ মারা গেলে তার প্রতিকার পাবে না সেটি হতে পারে না।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ ড্যাবের ডাঃ রোস্তম আলী মধু,ডা. নিয়াজ শহীদ রানা, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মো. সাইদুর রহমান, ডা. ফারহান তানভীর, ডা. কায়সার ইয়ামিন ইশাত, ডা. গালিব হাসান, ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ