জেলার খবরবাংলাদেশ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। সর্বশেষ নিজামউদ্দিন মৃধা নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে একই ঘটনায় ইব্রাহিম সিপাহী নামে আরেকজন নিহত হন।

রোববার (২৯ নভেম্বর) ভোরে জেলার জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ব্যাপক ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। উত্তেজনাকর পরিস্থিতির কারণে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ ছিল।

নিহত নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। অপর নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার হাফিজুর সিপাহীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরে নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যুর খবর পাওয়া যায়।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী জানান, ইব্রাহিম সিপাহী নামে এক যুবকের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। তার ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, সংঘর্ষে দুজন নিহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। নিহতদের একজন শরীয়তপুরের এবং অন্যজন মাদারীপুরের বাসিন্দা। তারা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button