জেলার খবরবাংলাদেশ

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে গ্রেপ্তার ৩, কারাগারে পাঠানোর নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৪ অক্টোবর) তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের করা পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার দুপুরে আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফতুল্লার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তাদের রিমান্ড আবেদনের বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম এবং আরেক আইনজীবী মাহাবুব রহমান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকার একটি বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে আটক করা হয়। একই রাতে শহরের দেওভোগ এলাকার পাক্কা রোডের গার্মেন্ট গলি থেকে মাহাবুব রহমানকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারের পর বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

পুলিশের দাবি, আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে স্লোগান দেওয়ার ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনসংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন এবং পুনরায় জামিনের আবেদনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় আইভীকে ঘিরে ছিলেন তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। ওই সময় তাকে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে স্লোগানে অংশ নেন। এ ঘটনার পরই আইনজীবীসহ তিনজনের গ্রেপ্তারের বিষয়টি সামনে আসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button