Tag: নারায়ণগঞ্জ

  • নারায়ণগঞ্জে উত্তেজনা: ভুয়া পুলিশ সন্দেহে এসআইকে মারধর, তদন্তে নেমেছে পুলিশ

    নারায়ণগঞ্জে উত্তেজনা: ভুয়া পুলিশ সন্দেহে এসআইকে মারধর, তদন্তে নেমেছে পুলিশ

    এবিএনএ: নারায়ণগঞ্জ শহরে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) এবং তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে স্থানীয়দের মারধরের অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) বিকেলে শহরের গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইনের পাশে থানকাপড় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজান একজন সোর্সকে সঙ্গে নিয়ে হোসিয়ারি কর্মচারী রমজান এবং তার এক সহকর্মীকে আটক করেন। পরে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে হাতকড়া পরানোর চেষ্টা করা হয়।

    এ সময় আটক দুই যুবক চিৎকার করলে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তারা বিষয়টি জানতে চাইলে এসআইয়ের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে র‍্যাব সদস্য হিসেবে পরিচয় দেন বলে জানা যায়। তবে তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

    স্থানীয়রা অভিযোগ করেন, তাদের থানকাপড় মার্কেটের একটি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের পরিচয় স্পষ্টভাবে প্রমাণ করতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে উপস্থিত লোকজন তাদের ভুয়া পুলিশ সন্দেহে মারধর শুরু করে।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মারধরের একপর্যায়ে এসআই মিজানের জামাকাপড় ছিঁড়ে যায় এবং তিনি সেখান থেকে দ্রুত সরে যান।

    অন্যদিকে আটক হওয়া হোসিয়ারি কর্মচারী রমজান বলেন, তিনি এবং তার সহকর্মী কেনাকাটার জন্য মার্কেটে গিয়েছিলেন। সেই সময় কোনো কারণ না দেখিয়েই তাদের আটক করা হয় এবং সিএনজিতে তুলে হাতকড়া পরানোর চেষ্টা করা হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

    ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী বলেন, থানকাপড় মার্কেট এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। ঘটনাটি তদন্ত করতে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • ভাড়া চাওয়ায় বিএনপি কার্যালয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তাল আড়াইহাজার

    ভাড়া চাওয়ায় বিএনপি কার্যালয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তাল আড়াইহাজার

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোকান ভাড়া চাওয়ায় বিএনপি কার্যালয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জাহাঙ্গীর হোসেন (৫৮) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় মৎস্যজীবী দলের সহ-সাধারণ সম্পাদক।

    পরিবারের অভিযোগ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রায় এক বছর আগে তার তিনটি দোকানের একটি ভাড়া নিয়ে তাতে ইউনিয়ন বিএনপির কার্যালয় গড়ে তোলেন। তবে সেই দোকানের নির্ধারিত ৩০ হাজার টাকা বার্ষিক ভাড়া বারবার তাগাদা দেওয়ার পরও পরিশোধ করেননি।

    বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর হোসেন বকেয়া ভাড়ার দাবিতে বিএনপি কার্যালয়ে গেলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় তোতা মেম্বারের ছেলে খোকন, ভাইপো সাদ্দাম হোসেন ও আরও কয়েকজন মিলে জাহাঙ্গীরকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঘটনার পর অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে, ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি বলেন, “এই ধরনের অপকর্মে দল কোনোভাবেই জড়িত নয়। অপরাধী যে-ই হোক, তাকে শাস্তি পেতে হবে।”

    এ বিষয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া জানান, “দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। বিএনপি অপরাধীদের আশ্রয় দেয় না।”

    আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন জানান, অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এখনো মামলা হয়নি, দাফনের পর মামলা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • নিষিদ্ধ পলিথিন রুখতে যৌথবাহিনীর কঠোর অভিযান, আর কোনো ছাড় নয়

    নিষিদ্ধ পলিথিন রুখতে যৌথবাহিনীর কঠোর অভিযান, আর কোনো ছাড় নয়

    এবিএনএ:  বাংলাদেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে আর কোনো ছাড় দেওয়া হবে না, এমন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও যারা এখনও নিষিদ্ধ পলিথিন তৈরি ও বাজারজাত করছে, তাদের বিরুদ্ধে এবার শুরু হবে যৌথবাহিনীর কঠোর অভিযান

    বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

    সভায় সিদ্ধান্ত হয়, নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, আমদানি, মজুদ, বিক্রি, বিতরণ ও বাণিজ্যিক পরিবহন বন্ধে দেশব্যাপী অভিযান চলবে। অভিযানে প্রশাসন, র‍্যাব, পুলিশ, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় সরকার একযোগে অংশ নেবে।

    রিজওয়ানা হাসান বলেন, “পরিবেশ রক্ষা এখন আর আলাপচারিতা নয়— এটি বাস্তবায়নের সময়। সকল পক্ষের অংশগ্রহণে একটি স্থায়ী সমাধানের জন্য নিরবচ্ছিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

    🔻 মোবাইল কোর্টে অভিযান

    এই পদক্ষেপের অংশ হিসেবে বৃহস্পতিবার কিশোরগঞ্জে এক মোবাইল কোর্ট অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে মামলা করা হয় এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

    একইদিন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া, বিদ্যুৎ মিটার খুলে জব্দ করা হয়েছে।

    🔻 কারা ছিলেন সভায়?

    সভায় আরও উপস্থিত ছিলেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক কামরুজ্জামান, র‍্যাবের এডিজি (অপারেশনস) কর্ণেল ইফতেখার আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।