ডেঙ্গুতে আক্রান্ত কিনা বুঝবেন যেভাবে

এবিএনএ : গত কয়েকদিনে রাজধানীতে মহামারির রূপ নিয়েছে ডেঙ্গু। ছোট শিশু থেকে বৃদ্ধ অনেকেই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। সবার মধ্যে আতঙ্ক ডেঙ্গু নিয়ে। ইতিপূর্বে দেশে বিভিন্ন সময় ডেঙ্গু রোগ দেখা গেলেও এবারের মতো ভয়াবহ ছিল না। এবার যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে দেশের সর্বত্র। সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে। প্রকোপ বাড়ার পাশাপাশি পরিবর্তন হয়েছে ডেঙ্গুর ধরন ও লক্ষণের। আগে ডেঙ্গু হলে জ্বর অনেক বেশি জ্বর হতো। তবে এখন তেমনটি হচ্ছে না। এছাড়া কিছু নতুন লক্ষণ দেখা দিয়েছে।

কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিনা তা বুঝবেন কিভাবে দেখে নিন-

তীব্র জ্বর: কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে তার তীব্র জ্বর হবে। যদিও এবার ডেঙ্গুর লক্ষণ কিছুটা পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা। তারা বলছেন, অল্প জ্বরেও অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এজন্য যেকোনো মাত্রার জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

মাড়িতে রক্তক্ষরণ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে।

র‍্যাশ: ডেঙ্গু জ্বরে রোগীর সারা গায়ে ঘামাচির মতো লাল লাল র‍্যাশ উঠতে পারে। সাধারণত বুকের দিকে বেশি দেখা যায়। এই র‍্যাশে চাপ দিলে সেই জায়গাটা সাদা হয়ে যাবে আবার কিছুক্ষণ পর ফেরত চলে আসবে।

মলের রঙ পরিবর্তন: ডেঙ্গু জ্বর হলে মলের রঙ পরিবর্তন হতে পারে অর্থাৎ পায়খানা কালো হতে পারে।

অনুচক্রিকার সংখ্যা: জ্বরের তীব্র পর্যায়ে ধমনী ছিদ্র হয়ে যেতে পারে এবং রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে যেতে পারে। ডেঙ্গুর এ তীব্র মাত্রাকে ডাক্তারি ভাষায় ডেঙ্গু হেমোরেজিক বা ডেঙ্গু শক সিনড্রোম বলা হয়। যার উপসর্গ হলো শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হওয়া কিংবা শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যাওয়া, অবিরাম অস্বস্তি এবং অবসাদ। অনেক ক্ষেত্রে কিডনি বিকল হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে।

এছাড়াও বিরামহীন মাথা ব্যথা, বমি ভাব ও বমি হওয়া, হাড় ও হাড়ের জোড়ায় ব্যথা,পেশিতে ব্যথা, গ্রন্থি ফুলে যাওয়া, চোখের পেছনে ব্যথা হওয়া ইত্যাদি হতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *