রাশিয়াকে শায়েস্তা করতে মাঠে নামলো মার্কিন গুপ্তচর

এবিএনএ : ২০১৬’র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ হস্তক্ষেপের জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে ওবামা প্রশাসন। এছাড়া অর্থনৈতিক ও কূটনৈতিক স্তরে রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে আমেরিকা। খবর সংবাদ প্রতিদিন।

রাশিয়াকে শাস্তি দিতে প্রকাশ্যে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গোপনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে ওবামা প্রশাসন। মার্কিন প্রেসিডেন্সিয়াল ভোটে ট্রাম্প যেন জয়ী হয় সেজন্য রুশ হ্যাকাররা অনলাইন ক্যাম্পেইন করেছিল বলে অভিযোগ রয়েছে।  এবার রাশিয়ার বিরুদ্ধে একেবারে গোপনে সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকাও। এজন্য ময়দানে নামানো হবে অভিজ্ঞ মার্কিন হ্যাকারদের। প্রয়োজন অনুযায়ী তাদের নির্দেশ দেবেন মার্কিন গুপ্তচর সংস্থার কর্মকর্তারা।

তবে এ বিষয়ে এখনও মার্কিন প্রেসিডেন্ট চূড়ান্ত অনুমতি দেয়নি। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে অনুমতি না পেলে রাষ্ট্রের বাইরে কোথাও সাইবার হামলা চালাতে পারবেন না মার্কিন গুপ্তচর সংস্থার কর্মকর্তারা। তবে এক্ষেত্রে জাতীয় সুরক্ষার সঙ্গে কোনোরকম আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পেন্টাগন। দেশের কম্পিউটার সিস্টেমে বহিরাগতরা হামলা চালালে তাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে গণ্য করা হবে, ২০১৫-র এপ্রিল মাসে ওবামা এই মর্মে একটি নির্দেশ জারি করেছিলেন। সেই নির্দেশকেই এবার হাতিয়ার করে মার্কিন গোয়েন্দারা চান, যে রুশ হ্যাকাররা ট্রাম্পকে জেতাতে সাহায্য করেছিলেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দিতে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *