মুগাবেকে ‘চায় না’ ক্ষমতাসীন দলও

এবিএনএ : জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ওপর ‘অনাস্থা’ এনে তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে তারই দল ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জিম্বাবুয়ের সংবাদপত্র হেরাল্ডের এক প্রতিবেদন অনুযায়ী, দেশটির ১০টি আঞ্চলিক শাখা থেকেই মুগাবেকে পদত্যাগের জন্য আহ্বান জানানো হয়েছে। শনিবার দেশটির রাজধানী হারারেতে একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা। সেনা সমর্থনেই এই সমাবেশ হচ্ছে বলে মনে করা হচ্ছে। সেই বিক্ষোভের আগেই জানু-এফ পার্টির আঞ্চলিক শাখাগুলো তাকে পদত্যাগের জন্য এই আহ্বান জানানো হলো। দেশটির উদারপন্থিরাও তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে।

সেনারা জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে মুগাবে গৃহবন্দী আছেন, যদিও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে জানা যাচ্ছে। সেনারা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো তাকে জনসম্মুখে দেখা যায়। সে সময় তিনি একটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। ১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় রয়েছেন ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।

প্রেসিডেন্ট মুগাবে গত সপ্তাহে তার ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করলে দেশটিতে রাজনৈতিক সংকটের সূচনা হয়। নানগাগওয়াকে এতদিন প্রেসিডেন্ট মুগাবের উত্তরসূরি ভাবা হলেও সম্প্রতি তার জায়গায় ফার্স্ট লেডি গ্রেস মুগাবের নাম সামনে চলে আসে। এর জের ধরে নানগাগওয়াকে বরখাস্ত করেন মুগাবে। আর তারপরই দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণ করে জিম্বাবুয়ের সেনাবাহিনী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *