ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সোমবার ঢাকায় অভিযান

এবিএনএ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার (৪ অক্টোবর) রাজধানীর নগর ভবনে রাজস্ব আদায় সংক্রান্ত এক বৈঠকে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন।

অভিযান পরিচালনা সম্পর্কে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ঢাকায় যানবাহনে শৃঙ্খলা আনতে মেয়র আগামী ৫ অক্টোবর থেকে অবৈধ যন্ত্রচালিত রিকশা ও ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। অভিযান পরিচালনার জন্য দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে।

রাসেল সাবরিন বলেন, অভিযানে অবৈধ রিকশা-ভ্যানকে ডাম্পিং করা হবে, জরিমানা করা হবে। এই যান্ত্রিক যানগুলোর জন্য সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা থেকে নগরবাসীকে রক্ষার জন্য এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর হতে ডিএসসিসি রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন-নবায়ন আবেদনের কার্যক্রম শুরু করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *