প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, তিন বিভাগীয় প্রধান বহিষ্কার

এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের তিন প্রধান প্রকৌশলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এরা হলেন- প্রকৌশলী দেবেশ চৌধুরী (প্রোডাকশন), এসকে সিদ্দিক (কোয়ালিটি) ও বেলাল হোসেন (সিস্টেম অ্যান্ড মেইনটেন্যান্স)।

সোমবার (১২ ডিসেম্বর) বিমানের বোর্ড সাব-কমিটির বৈঠকে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়। বুধবার (১৪ ডিসেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (১২ ডিসেম্বর) বিমানের ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদের কাছে জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে তিন প্রকৌশলীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়।

এরপর বুধবার ওই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির পাঁচ প্রকৌশলীসহ ৬জনকে সাময়িক বরখাস্ত করা হয়। এরা হলেন- প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান,  সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস,  লুৎফুর রহমান, জাকির হোসাইন এবং টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামতের করে সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *