টুইটার একাউন্ট বন্ধ হতে পারে কঙ্গনার !

এবিএনএ : সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই প্রকাশ্যে নানা মন্তব্য করার পর এবার নিজের টুইটার একাউন্ট বন্ধ হতে পারে বলে খবর দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সোমবার নিজের টুইটার একাউন্ট থেকে এমন তথ্যই জানালেন অভিনেত্রী। টুইট বার্তায় কঙ্গনা বলেন, আমার বক্তব্যকে মুম্বাইয়ের মুভি মাফিয়ারা একমাত্রিক ভাবছে। আমার সময় ফুরিয়ে আসছে! যে কোনও মুহূর্তে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এর মধ্যেও যে সময় পাচ্ছি তাতেও মুভি মাফিয়াদের কীর্তি সরাসরি প্রকাশ্যে আনার চেষ্টা চালিয়ে যাব। সম্প্রতি হ্যাশট্যাগের মাধ্যমে বয়কট কঙ্গনা বলে ক্যাম্পেইন চলছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই প্রকাশ্যে মুম্বাইয়ের মাফিয়া রাজ নিয়ে কথা বলে আসছেন তিনি। কর্ণ জোহর থেকে রণবীর কপূর, মহেশ ভট্ট, আলিয়া ভট্টদের বিরুদ্ধে বিষোদ্গার করতে ছাড়েননি কঙ্গনা।

এর আগে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে সমালোচনার মুখে পড়েছিলেন কঙ্গনা। সেই সমালোচনার জবাবে এক টুইট বার্তায় কঙ্গনা বলেন, সকলে ভাবতে শুরু করেছেন আমি বিজেপিতে যোগ দিতেই মোদীজির প্রশংসা করি। আসলে আমার বাড়ি কংগ্রেসের বাড়ি। আমার দাদু সারা জীবন কংগ্রেস করেছেন।

তিনি বলেন, গ্যাংস্টারের পর থেকে রাজনীতিতে যোগ দেওয়ার অফার আমার কাছে আসতেই থাকে। ‘মণিকর্ণিকা’ করার পরে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাবও আমি পাই। কিন্তু আমি আমার অভিনয় নিয়েই থাকতে চাই। তাই কোনও ব্যক্তির কাজকে স্বাধীন ভাবে সমর্থন করার অর্থই যে রাজনীতিতে যোগ দেওয়া, এই অনর্থক ট্রোলিং এ বার বন্ধ হোক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *