জিম্বাবুয়েকে ২১৭ রানের লক্ষ্য দিল টাইগাররা

এবিএনএ : ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে জিম্বাবুয়ের সামনে সহজ সমীকরণই আছে আপাতত। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেটে ২১৬ রান সংগ্রহ করেছে। এখন জিততে হলে তাদের করতে হবে ২১৭ রান। যদিও প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনালের টিকিট কাটা হয়ে গেছে মাশরাফি বাহিনীর।
আজ মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানোর পর তামিম ইকবাল ও সাকিব আল হাসান ১০৬ রানের দুর্দান্ত একটি জুটি গড়ে বড় স্কোর গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে সাকিব ৫১ রান আউট হওয়ার পর ধীরে ধীরে বাংলাদেশ বিপর্যয়ে পড়ে। তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে মুশফিক করেন ৩৫ রানের জুটি।
দলীয় ১৪৭ রানে মুশফিক আউট হওয়ার পরই সাইক্লোনের মতো বিধ্বস্ত হয়ে যায় টাইগাররা। মাত্র ২৩ রানের মধ্যে আরও পাঁচ উইকেটের পতন ঘটে টাইগারদের। এ সময় আউট হয়েছেন মাহমুদউল্লাহ (২), তামিম, সাব্বির (৬), নাসির (২) ও মাশরাফি (০)। তামিম ফিরে যাওয়ার অল্প সময়ের মধ্যেই ফিরেছেন ক্রেমারের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ। সাব্বির ও নাসিরকে তুলে নেন কাইল জার্ভিস।
তামিম সর্বোচ্চ ৭৬ ও সাকিব করেন ৫১ রান। শেষ দিকে মুস্তাফিজ ও সানজামুলের লড়াইয়ে ২১৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। সানজামুল ১৯, মুস্তাফিজ ১৮ ও মুশফিক করেন ১৮ রান। জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার ২৬ রানে চারটি এবং কাইল জার্ভিস ৪২ রানে তিনটি উইকেট নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *