এবিএনএ: বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হচ্ছে। সে হিসেবে ১০ নভেম্বর সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি মো. আনিছুর রহমান। এতে ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) মো. খলিলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন/অর্থ) মো. জহিরুল ইসলাম মিয়া, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. জসীম উদ্দিন, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মো. শাহিদুজ্জামান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মো. মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, ঢাকা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ,বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ১৪৪১ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে, ২৯ সফর ১৪৪১ হিজরি, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ উঠেছে।

Leave a Reply