ইরানে ধরপাকড়ে ঝিমিয়ে পড়েছে সরকার-বিরোধী বিক্ষোভ

এবিএনএ : ইরানের কয়েকটি শহরে শুক্রবার রাতে নতুন করে সরকার-বিরোধী বিক্ষোভ হয়েছে, কিন্তু স্থানীয় লোকজনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার বলছে বিক্ষোভ ঝিমিয়ে পড়েছে। বিভিন্ন প্রদেশে বিপ্লবী গার্ড বাহিনীকে পাঠানোর পরই বিক্ষোভ কমে আসতে শুরু করে।
অন্যদিকে ইরানে চলছে ব্যাপক ধরপাকড়। এ পর্যন্ত ইরানে ১ হাজার ৭শ লোককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অন্তত ৯০ জন ছাত্র। এদের অন্তত ১০ জন কোথায় আছে তা সম্পর্কে তেমন কোন খবর পাওয়া যাচ্ছে না। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট বলেছেন, গ্রেফতার হওয়া ছাত্ররা কোথায় আছে তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে।
তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি বলেন, ‘রাষ্ট্রদ্রোহিতার’ পরাজয় হয়েছে। নিরাপত্তা প্রস্তুতি এবং জনগণের নজরদারির ফলে শত্রুর পরাজয় ঘটেছে, এবং গার্ড বাহিনীকে মাত্র তিনটি জায়গায় হস্তক্ষেপ করতে হয়েছে। তার কথায় সারা দেশ মিলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর সংখ্যা ১৫ হাজারও ছিল না, এবং একটি জায়গায় সর্বোচ্চ দেড় হাজার লোক ছিল।
উল্লেখ্য, ডিসেম্বরের শেষ সপ্তাহে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে এ বিক্ষোভ শুরু হলেও পরে তা সরকার-বিরোধী বিক্ষোভে পরিণত হয়। বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ছবিও পোড়ায়। বিক্ষোভ শুরু হবার পর থেকে এ পর্যন্ত ২২ জন লোক নিহত হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *