‘নারী ছাড়া উন্নয়ন অসম্ভব’— জয়পুরহাটে ক্যাডেট পুনর্মিলনীতে সেনাপ্রধানের জোরালো বার্তা
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়; প্রয়োজন দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের বিকাশ।


এবিএনএ: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদের বাইরে রেখে উন্নয়নের পরিকল্পনা করা কখনোই বাস্তবসম্মত নয়। তিনি বলেন, নারীদের যোগ্যতা, নেতৃত্ব ও দক্ষতা বিকাশ করতে পারলেই তারা জাতির অগ্রযাত্রায় আরও শক্তিশালী অবদান রাখতে পারবে।
শুক্রবার সকাল ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিন দিনব্যাপী অনুষ্ঠানের এটি ছিল দ্বিতীয় দিন। সেনাপ্রধান কলেজের পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী সাবেক ও বর্তমান ক্যাডেটদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
তিনি আরও বলেন, “অনেকে উচ্চতর শিক্ষায় এগিয়ে যান, ভালো ফলাফল করেন, পিএইচডিও অর্জন করেন। কিন্তু নৈতিক মূল্যবোধের অভাবে তারা দেশের জন্য প্রত্যাশিত অবদান রাখতে পারেন না। তাই শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হওয়াও জরুরি।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক এবং প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখাও বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব এবং কলেজের শিক্ষক-কর্মকর্তা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।




