Tag: নারীর ক্ষমতায়ন

  • ভোট দিয়ে বেরিয়ে তারেক রহমানের বার্তা: বিএনপি জিতলে সবার আগে আইনশৃঙ্খলা ফিরবে দেশে

    ভোট দিয়ে বেরিয়ে তারেক রহমানের বার্তা: বিএনপি জিতলে সবার আগে আইনশৃঙ্খলা ফিরবে দেশে

    এবিএনএ: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল সরকার গঠন করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তভাবে নিয়ন্ত্রণে এনে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য। ভোটাধিকার প্রয়োগের পর বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    সকাল সাড়ে নয়টার পর গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দেন তারেক রহমান। ভোট শেষে বেরিয়ে এসে তিনি জানান, দীর্ঘ সময় পর ভোট দিতে পেরে ব্যক্তিগতভাবে স্বস্তি অনুভব করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বিএনপির বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলেও উল্লেখ করেন।

    সারাদেশে ভোটের আগের রাতে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে—এটি ইতিবাচক দিক। তিনি ভোটারদের শেষ মুহূর্ত পর্যন্ত কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের শান্ত থেকে ভোটারদের সহযোগিতা করার অনুরোধ করেন।

    নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অপরিসীম। জনসংখ্যার বড় অংশকে বাদ দিয়ে অগ্রগতি সম্ভব নয়। দল ক্ষমতায় এলে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নারীদের মর্যাদা ও ক্ষমতায়নের উদ্যোগ শুরু থেকেই বাস্তবায়ন করা হবে।

    সবাইকে নিয়ে স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই নতুন দিনের সূচনা করবে।

  • ‘নারী ছাড়া উন্নয়ন অসম্ভব’— জয়পুরহাটে ক্যাডেট পুনর্মিলনীতে সেনাপ্রধানের জোরালো বার্তা

    ‘নারী ছাড়া উন্নয়ন অসম্ভব’— জয়পুরহাটে ক্যাডেট পুনর্মিলনীতে সেনাপ্রধানের জোরালো বার্তা

    এবিএনএ:  সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদের বাইরে রেখে উন্নয়নের পরিকল্পনা করা কখনোই বাস্তবসম্মত নয়। তিনি বলেন, নারীদের যোগ্যতা, নেতৃত্ব ও দক্ষতা বিকাশ করতে পারলেই তারা জাতির অগ্রযাত্রায় আরও শক্তিশালী অবদান রাখতে পারবে।

    শুক্রবার সকাল ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিন দিনব্যাপী অনুষ্ঠানের এটি ছিল দ্বিতীয় দিন। সেনাপ্রধান কলেজের পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী সাবেক ও বর্তমান ক্যাডেটদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

    তিনি আরও বলেন, “অনেকে উচ্চতর শিক্ষায় এগিয়ে যান, ভালো ফলাফল করেন, পিএইচডিও অর্জন করেন। কিন্তু নৈতিক মূল্যবোধের অভাবে তারা দেশের জন্য প্রত্যাশিত অবদান রাখতে পারেন না। তাই শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হওয়াও জরুরি।”

    অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক এবং প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখাও বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব এবং কলেজের শিক্ষক-কর্মকর্তা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।