Tag: শ্রাবন্তী চট্টোপাধ্যায়

  • “১৬ বছর বয়সে মা হওয়া বাড়াবাড়ি ছিল” – খোলামেলা স্বীকারোক্তি শ্রাবন্তীর

    “১৬ বছর বয়সে মা হওয়া বাড়াবাড়ি ছিল” – খোলামেলা স্বীকারোক্তি শ্রাবন্তীর

    এবিএনএ: মাত্র দশ বছর বয়সেই অভিনয়ের দুনিয়ায় পা রাখেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দ্রুতই নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করলেও, জীবনের শুরুর দিকেই তিনি এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে এবং এর এক বছর পর সন্তান জন্ম দেন তিনি। এই ঘটনা তাকে বারবার আলোচনায় এনেছে এবং আজও প্রশ্নবাণে পড়তে হয় তাকে।

    সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী খোলামেলাভাবে বলেন, “তখন আমি ক্লাস টেনে পড়ি, আর আমার প্রথম সিনেমা ‘চ্যাম্পিয়ন’ মুক্তি পায়। এরপর ক্লাস ইলেভেনে পড়ার সময় মা হই। অনেকেই এটাকে অস্বাভাবিক মনে করে, কেউ কেউ বলে ‘এঁচোড়ে পাকা’। সমালোচনাও হয়েছিল প্রচুর।”

    তিনি যোগ করেন, “আসলে তখন বয়স খুবই কম ছিল। ১৬ বছর বয়সে মা হওয়া সত্যিই বাড়াবাড়ি। তবে একদিক দিয়ে সুবিধাও ছিল। কারণ সন্তান হওয়ার কয়েক বছরের মধ্যেই আমি আবার অভিনয়ে ফিরতে পেরেছিলাম। মাত্র ২১ বছর বয়সেই আবার ক্যারিয়ারে ঝাঁপিয়ে পড়ি।”

    অল্প বয়সের অভিজ্ঞতা হয়তো তাকে কঠিন করে তুলেছে, তবে নায়িকা হিসেবে নিজের অবস্থান তিনি শক্তভাবেই ধরে রেখেছেন। এখনো সমান তালে কাজ করে যাচ্ছেন। আসছে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘দেবী চৌধুরাণী’, যা নির্মিত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। দীর্ঘদিন পর এই ছবিতে আবারও জুটি হয়েছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী।

    নতুন সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে শ্রাবন্তী বলেন, “আমাদের প্রত্যেকের মধ্যেই ‘দেবী চৌধুরাণী’র শক্তি আছে। পরিস্থিতি মানুষকে লড়াই করতে শেখায়, জন্মের সঙ্গে সঙ্গে কেউ তা শিখে আসে না।”

  • এবার আর হুট করে কিছু নয়: রাজনীতিতে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

    এবার আর হুট করে কিছু নয়: রাজনীতিতে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

    এবিএনএ:  টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় একসময় হুট করেই রাজনৈতিক জগতে প্রবেশ করেছিলেন। ২০২১ সালের ১১ নভেম্বর বিজেপি ছেড়ে দিয়ে কিছুদিনের মধ্যেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপর থেকেই রাজনীতির মঞ্চে তার সক্রিয়তা নিয়ে নানা জল্পনা চলছিল। এবার সেই সব জল্পনার জবাব দিলেন তিনি নিজেই।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেন, তাহলে তিনি কি নির্বাচন করবেন? উত্তরে তিনি বলেন, ‘এখনই কিছু বলা সম্ভব নয়। দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। আমি রাজনীতিতে নতুন। আগে নিজেকে তৈরি করব, তারপর সিদ্ধান্ত নেব। হুট করে কিছু করব না।’

    রাজনৈতিক জীবনে তার আগের অভিজ্ঞতা প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, শুধু পরাজয়ের কারণেই তিনি বিজেপি ছেড়ে দেননি। বরং, অভিজ্ঞতাটি খুব একটা সুখকর না হওয়ায় তিনি নিজেই সরে এসেছেন।

    ‘আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার তা করব না,’ বলেন শ্রাবন্তী। তিনি আরও যোগ করেন, ‘বেহালা পশ্চিমে দাঁড়িয়েছিলাম কারণ ওটাই আমার এলাকা, আমি সেখানেই ভোট দিই। আবেগ কাজ করেছিল। কিন্তু মানুষ যাকে যোগ্য মনে করেছেন তাকেই বেছে নিয়েছেন, এতে আমার কোনো দুঃখ নেই। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

    রাজনীতি করলেও শ্রাবন্তী কিন্তু অভিনয় থেকে নিজেকে দূরে রাখেননি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘রবীন্দ্র কাব্যরহস্য’, যেখানে তার বিপরীতে ছিলেন ঋত্বিক চক্রবর্তী এবং পরিচালনায় ছিলেন সায়ন্তন ঘোষাল।

    চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে আরও একটি বড় বাজেটের ছবি ‘দেবী চৌধুরাণী’, যেখানে শ্রাবন্তীর বিপরীতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

    শ্রাবন্তী যে ধীরে ধীরে রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন করতে চান এবং ভবিষ্যতের সিদ্ধান্তে আরও সচেতন হতে চান—তা স্পষ্ট তার সাম্প্রতিক বক্তব্যে।

  • তিনবার ভাঙলো ঘর, তবুও বিয়েতে অটুট শ্রাবন্তীর বিশ্বাস!

    তিনবার ভাঙলো ঘর, তবুও বিয়েতে অটুট শ্রাবন্তীর বিশ্বাস!

    এবিএনএ: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন বারবার এসেছে আলোচনার কেন্দ্রে। তিনবার ঘর বাঁধলেও তা টেকেনি। তবুও বিয়ে ও ভালোবাসার প্রতি তার বিশ্বাস আজও অটুট।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “আমার জীবনে যতবারই কিছু না কিছু ভেঙেছে, তবুও আমি বিয়েতে বিশ্বাস করি। আমি আমার বাবা-মাকে দেখে শিখেছি—ভালোবাসা ও একে অপরের প্রতি স্বচ্ছতা সম্পর্কের ভিত্তি। তাই আমি চাই, যারা বিয়ে করছেন, তারা যেন ভালো থাকেন।”

    তাহলে কেন বারবার সম্পর্ক ভাঙলো? অকপটে উত্তর দিলেন তিনি—
    “ভুল ছিল আমারই। ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম। আবেগে ডুবে গিয়ে বাস্তবতাকে অগ্রাহ্য করেছি। এখন বুঝি—নিজের ভালো থাকা, সম্মান এবং মানসিক স্থিরতা সবচেয়ে জরুরি।”

    তিনি আরও যোগ করেন, “একটাই জীবন। কে কী বললো সেটা ভাবলে চলবে না। নিজের অন্তরের কথা শুনেই সিদ্ধান্ত নেওয়া উচিত।”

    প্রসঙ্গত, শ্রাবন্তী প্রথম বিয়ে করেন ১৮ বছর বয়স হওয়ার আগেই, পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে। তাদের একমাত্র সন্তান ঝিনুক (বর্তমানে অভিমন্যু নামে পরিচিত)। ২০১৬ সালে সেই সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। এরপর মডেল কৃষাণ ব্রজ এবং পরে রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু দুই সম্পর্কই বেশিদিন টেকেনি। চলতি বছরের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গে আইনি বিচ্ছেদের মাধ্যমে শেষ হয় তৃতীয় দাম্পত্য অধ্যায়।

    তিনবার ভাঙনের পরেও শ্রাবন্তী বিশ্বাস করেন, বিয়ে একটি সম্মানের সম্পর্ক—যা মন থেকে চাইলে নতুন করে গড়া যায়।