Tag: শরিফ ওসমান হাদি চট্টগ্রাম বিক্ষোভ ভারতীয় হাইকমিশন নওফেল ভাঙচুর অগ্নিসংযোগ

  • ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে মিছিল, নওফেলের বাড়িতে হামলা

    ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে মিছিল, নওফেলের বাড়িতে হামলা

    এবিএনএ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকেই নগরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।

    হাদির মৃত্যুর খবর প্রকাশের পরপরই বিক্ষুব্ধরা ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দেয় এবং মিশনটি বন্ধের দাবিও তোলে। নগরের আরও কয়েকটি স্থানে ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

    রাত ১১টার পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিল এলাকার বাসভবনের দিকে অগ্রসর হয়। সেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরানোসহ ভবনের সামনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

    এদিকে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ জনতা। এসব ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    উল্লেখ্য, শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।