Tag: ইয়াবা

  • বাগেরহাটে বসতঘরে গোপন আস্তানা! ২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ অর্থ জব্দ

    বাগেরহাটে বসতঘরে গোপন আস্তানা! ২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ অর্থ জব্দ

    এবিএনএ,বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের নিজ বসতঘর থেকেই ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

    আটকরা হলেন সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা মোবাইল ফোনগুলো মাদক লেনদেনে ব্যবহৃত হতো।

    এ ঘটনায় বাগেরহাট সদর থানা-র পরিদর্শক এস.এম. জাফরুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক দম্পতিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও মাদকবিরোধী কার্যক্রমে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

  • মোংলায় গভীর রাতে যৌথ অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

    মোংলায় গভীর রাতে যৌথ অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

    এবিএনএ, মোংলা : মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও নগদ অর্থসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনী।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাতে মাদ্রাসা রোডের একটি বাসভবনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ১৮ বোতল বিদেশি মদ, দুটি ইয়াবা ট্যাবলেট, নগদ ৪২ হাজার টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

    আটক নারী সাফিয়া বেগম (৫৬), তিনি মোংলা পৌর এলাকার বাসিন্দা এবং মো. আব্দুর রহিমের স্ত্রী। অভিযানে অংশ নেয় মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর একটি দল।

    মোংলা থানার তদন্ত কর্মকর্তা মানিক চন্দ্র গাইন জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

  • উত্তরায় চাকরির প্রলোভনে তরুণীদের পর্নো ফাঁদে ফেলছিল চক্র, উদ্ধার কলেজছাত্রী

    উত্তরায় চাকরির প্রলোভনে তরুণীদের পর্নো ফাঁদে ফেলছিল চক্র, উদ্ধার কলেজছাত্রী

    এবিএনএ, ঢাকা :

    রাজধানীর উত্তরা এলাকায় ‘বায়িং হাউসে চাকরি’ দেওয়ার প্রলোভনে তরুণীদের ফাঁদে ফেলে ভয়াবহ এক পর্নোচক্র দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে আসছিল। চাকরির আশায় বাসায় যাওয়া তরুণীদের আটকে রেখে জোর করে মাদক সেবনে বাধ্য করে আপত্তিকর ভিডিও ধারণ করত চক্রটি। এরপর সেই ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরিবার থেকে আদায় করা হতো মোটা অঙ্কের মুক্তিপণ।

    পুলিশ জানায়, এই চক্র গত দুই বছর ধরে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে এই অপরাধ করে আসছিল। এক কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় তদন্তে নেমে পুলিশ চক্রটির সন্ধান পায়।

    ২৬ মে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন রাতে তার মায়ের ফোনে আসে মুক্তিপণের দাবি। প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে পুলিশ ২৮ মে বিকেলে উত্তরার ওই বাসা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তাররা হলেন—মাসুম পারভেজ, সোলাইমান হোসেন, শফিকুল ইসলাম সৌরভ, মোছা. মায়া ও রুলি খানম। তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, দুটি সিসিটিভি ক্যামেরা, তিনটি মোবাইল এবং প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার মুক্তিপণ আদায়ের তথ্য পাওয়া গেছে।

    ওসি হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারদের মোবাইলে শতাধিক আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। চক্রটি শুধু ভিডিও ধারণেই থেমে থাকত না, বরং সেগুলো বিক্রি করত বিভিন্ন পর্নো সাইটে। ভুক্তভোগীদের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    তদন্তে আরও জানা গেছে, চক্রের একজন নারী সদস্য বন্ধুত্বের ছলে তরুণীদের ‘ভালো বেতনের চাকরি’ দেওয়ার নাম করে বাসায় নিয়ে যেত। ইন্টারভিউর নাটক করে ছবি তোলা হতো, বলা হতো বিদেশি ক্রেতাদের সঙ্গে দেখা করতে হবে। পরে আবার ডেকে নিয়ে ভয়ংকর ফাঁদে ফেলা হতো তাদের।

    চক্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়েছে। পলাতক সদস্যদের ধরতে অভিযান চলছে এবং গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।