ঈদযাত্রায় কড়াকড়ি: সদরঘাটে অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা—আটক অর্ধশতাধিক
প্রতিমন্ত্রীর উপস্থিতিতে লঞ্চে অনিয়ম দমন, হকার ও নৌকা চালকদের বিরুদ্ধে ব্যবস্থা


এবিএনএ: ঈদকে সামনে রেখে নৌপথে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর সদরঘাট এলাকায় জোরদার অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনভর সেখানে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করেন মো. রাজিব আহসান।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী সরাসরি ঘাটের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অনিয়ম রোধে তাৎক্ষণিক পদক্ষেপ নেন। তার উপস্থিতিতেই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
নির্ধারিত সময়সূচি ভঙ্গ করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ভ্রাম্যমাণ আদালত তিনটি লঞ্চকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে অন্যান্য লঞ্চ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী প্রায় ২০টি লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
অভিযানের অংশ হিসেবে যাত্রী হয়রানি ও অবৈধভাবে ঘাট দখলের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া অনুমতি ছাড়া নৌকা দিয়ে যাত্রী পারাপারের দায়ে আরও ৬ জন মাঝিকেও আটক করা হয়েছে।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল সংস্থাকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সমন্বিত উদ্যোগ জরুরি।
পাশাপাশি যাত্রীদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে।
অন্যদিকে, সাম্প্রতিক লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের খোঁজে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের দল।




