যুদ্ধ অবসানে নতুন আশার ইঙ্গিত, রাশিয়া–ইউক্রেন বৈঠক ফলপ্রসূ দাবি যুক্তরাষ্ট্রের
মায়ামিতে গোপন আলোচনা, ২০ দফা শান্তি পরিকল্পনা ঘিরে সমন্বিত কৌশলের কথা জানালেন মার্কিন দূত


এবিএনএ: রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। ফ্লোরিডার মায়ামিতে হওয়া এসব বৈঠককে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।
বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, রোববার মায়ামিতে পৃথকভাবে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, ইউক্রেনীয় প্রতিনিধি দল, ইউরোপীয় কর্মকর্তারা এবং রাশিয়ার আলোচকরা। চার বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনাকে কেন্দ্র করেই মূল আলোচনা পরিচালিত হয়।
স্টিভ উইটকফ জানান, বৈঠকে কিয়েভ, ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে একটি সমন্বিত কৌশলগত অবস্থান তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভ-এর সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, ভবিষ্যৎ আলোচনার সময়সূচি, ধাপভিত্তিক অগ্রগতি এবং নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনা হয়েছে।
আলোচনায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা, ইউক্রেনের অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা এবং বহুপক্ষীয় নিরাপত্তা ব্যবস্থার সম্ভাব্য রূপরেখা নিয়ে পক্ষগুলোর মতামত কাছাকাছি আনার চেষ্টা করা হয়।
এর আগের দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ-এর সঙ্গেও বৈঠক করেন উইটকফ। তবে রাশিয়ার শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ মন্তব্য করেছেন, ইউক্রেন ও ইউরোপের প্রস্তাবিত সংশোধনীগুলো এখনো শান্তির পথ সুগম করছে না।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে ইতিবাচক বলে আখ্যা দিয়ে বলেন, অগ্রগতি দ্রুত হলেও প্রকৃত শান্তি বাস্তবায়নের দায়িত্ব শেষ পর্যন্ত রাশিয়ার ওপরই নির্ভর করছে।
এদিকে আলোচনার মধ্যেই মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রুশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ। রাশিয়ার তদন্ত সংস্থা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে এবং এর পেছনে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি ইউক্রেন।




