এবিএনএ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, জামায়াত এখন ‘পতিত ফ্যাসিস্টদের’ সঙ্গে মিলে কাজ করছে এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছে।
বৃহস্পতিবার নয়া পল্টনের বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামায়াত ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে খুশি করার জন্য তাদের সিদ্ধান্তের সঙ্গে তাল মিলিয়ে চলছে। প্রতিটি ঘটনায় আওয়ামী লীগের অবস্থানের সঙ্গে তারা এক হয়েছে।”
রিজভী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন শাসন ছিল রক্তপিপাসু ও গণতন্ত্রবিরোধী। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার টেলিফোন নির্দেশে গুলির ঘটনা ঘটেছে, যার অডিও প্রমাণ এখন প্রকাশ্যে আসছে। “আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, তার বর্বরতা প্রত্যক্ষ করেছি। কিন্তু এখন যে ভয়াবহ সত্য প্রকাশ পাচ্ছে, তা আরও উদ্বেগজনক।”
অন্তবর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রিজভীর অভিযোগ, উপদেষ্টা সজীব ভূঁইয়া নিজের এলাকায় উন্নয়নের নামে প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ নিয়েছেন, যা উদ্দেশ্যপ্রণোদিত ও বৈষম্যমূলক পদক্ষেপ।
তিনি বলেন, “একজন উপদেষ্টা কিংবা আমলার নিজের এলাকায় এত বিশাল বরাদ্দ নেওয়া অনৈতিক ও নীতিবিরোধী। এটি সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি করছে।”
এছাড়া কেবিনেট সচিবের রাজনৈতিক দলের প্রতি আনুগত্য নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। রিজভীর দাবি, সচিব অবসরের পর নির্বাচনে অংশ নিতে পারেন, যা সরকারি শৃঙ্খলা ও স্বচ্ছতার জন্য হুমকিস্বরূপ।

Leave a Reply