Blog

  • আপাতত ব্যাংক কমিশন হচ্ছে না

    আপাতত ব্যাংক কমিশন হচ্ছে না

    এবিএনএ : অর্থনৈতিক প্রতিবেদক : আপাতত ব্যাংক কমিশন গঠিত হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

    রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাকবাজেট আলোচনাকালে তিনি এ কথা জানান।

    অর্থমন্ত্রী বলেন, ‘আপাতত ব্যাংক কমিশন গঠনের কোনো ইচ্ছে নেই। বিভিন্ন ব্যাংকের দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। এ ছাড়া রিজার্ভের টাকা চুরির ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর প্রতিবেদন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

    আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশন গঠনের প্রসঙ্গ উঠলে অর্থমন্ত্রী এ কথা বলেন।

    ব্যাংকিং খাতের সংস্কারের লক্ষ্যে গত বছর ব্যাংক কমিশন গঠনের কথা বলেছিলেন তিনি।

    উল্লেখ্য, সার্বিকভাবে ব্যাংকিং খাতের সংস্কার ও উন্নয়নে চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় একটি ব্যাংক কমিশন গঠনের কথা বলা হয়েছিল।

  • নারী ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

    নারী ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

    এবিএনএ : হেইলি ম্যাথিউজের ঝড়ো ব্যাটিং এবং অধিনায়ক স্টেফানি টেলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে টানা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার রাজত্ব ভেঙে দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে অসিদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েই শিরোপা উল্লাসে মেতে ওঠে তারা। ফলে টানা চারবার শিরোপা জয়ের ইতিহাস গড়া হলো না অস্ট্রেলিয়ার। প্রথমবারের মত ফাইনালে উঠেই বাজিমাত করলো টেইলরের দল।

    স্টেফানি টেলরদের সঙ্গে মাঠে এসে উল্লাসে মাতেন পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক ড্যারেন স্যামিও। আর ক্যারিবীয় নারী ক্রিকেটাররা মাঠের মধ্যেই মেতে ওঠে গেইলদের নতুন আবিষ্কৃত ড্যান্সের তালে তালে।

    অস্ট্রেলিয়া নারীদের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে শুরুতে দারুন সাবধানি ব্যাটিং করেছিল ক্যারিবীয়রা। প্রথম দুই ওভারে রান তুলেছিল মাত্র ৩। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ ছিল ৪৫ রান। তবে এরপরই ঝড়ো ব্যাটিং শুরু করেন হেইলি ম্যাথিউজ। দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে ১৩.৩ ওভারে শতরানের কোটা পার করে তারা।

    ম্যাথিউজ ক্যারিয়ারের প্রথম অর্ধশত তুলে নিতে বল খেলেন মাত্র ৩৫টি। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলে ক্রিস্টেন বিমসের বলে আউট হন তিনি। এ রান করতে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। শর্ট মিডউইকেটে তার ক্যাচটি লুফে নেন ব্ল্যাকওয়েল।

    ম্যাথিউজের বিদায়ের পর দিয়েন্দ্রা ডট্টিনকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক স্টেফানি টেলর। দায়িত্বশীল ব্যাটিং করে রিনি ফেরেলের বলে আউট হওয়ার আগে ৫৭ বলে ৫৯ রান করেন টেলর। তার ইনিংসটি ৬টি চার দিয়ে সাজানো। এরপর বাকি কাজ ব্রিটনি কুপারকে নিয়ে শেষ করেন ডট্টিন। শেষ পর্যন্ত ৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় তারা। অস্ট্রেলিয়ার পক্ষে ১টি করে উইকেট পান ফেরেল ও বিমস।

    এর আগে রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় বড় সংগ্রহই পায় তারা। দলীয় ১৫ রানে অস্ট্রেলিয়ান শিবিরে ক্যারিবিয়ানদের পক্ষে প্রথম আঘাত হানেন হেইলি ম্যাথিউজ। নিজের বলে নিজেই ক্যাচ ধরে সাজঘরে ফেরান আলিশা হেইলিকে (৪)।

    এরপর দ্বিতীয় উইকেট জুটিতে এলিস ভিল্লানিকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক ম্যাগ ল্যানিং। ৭৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন এ দুই ব্যাটসম্যান। দলীয় ৯২ রানে দিয়েন্দ্রা ডট্টিনের স্লোয়ার বলে টেইলরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভিল্লানি। তবে আউট হবার আগে ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক তুলে নেন তিনি।

    এরপর এলিশ পেরিকে নিয়ে ৪২ রানের আরও এক্তি দারুন জুটি গড়েন ল্যানিং। আনিশা মোহাম্মদের বলে এলবিডব্লিউর ফাঁদে পরার আগে ক্যারিয়ারের নবম অর্ধশতক তুলে নেন তিনি।

    ভিল্লানি এবং ল্যানিং উভয়ই দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করে করেন। তবে ল্যানিংয়ে চেয়ে বেশি বিধ্বংসী ছিলেন ভিল্লানি। মাত্র ৩৭ বলে ৯টি চারের সাহায্যে এ রান করেন ভিল্লানি। আর ৪৯ বল মোকাবেলা করে ৮টি চারের সাহায্যে এ রান করেন ল্যানিং।

    শেষ দিকে পেরির ২৮ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান করে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ডট্টিন ৩৩ রানে ২টি উইকেট পান। এছাড়া ১টি করে উইকেট নেন ম্যাথিউজ ও আনিশা।

  • বৈশাখের অনুষ্ঠান বিকেলের মধ্যে শেষ করার নির্দেশ

    বৈশাখের অনুষ্ঠান বিকেলের মধ্যে শেষ করার নির্দেশ

    এবিএনএ : গতবছর বর্ষবরণের উৎসবে নারীদের যৌন নিপীড়নের ঘটনার প্রেক্ষাপটে এবার বাঙালির প্রাণের পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পহেলা বৈশাখে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে রোববার সচিবালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

    সেই সঙ্গে বাঙালির প্রাণের উৎসবে সন্ধ্যা ৬টার পর সব ধরনের জনসমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে জনসমাবেশস্থলগুলো ফাঁকা করতেও বাধ্য করবে আইন শৃংখলা বাহিনীর সদ্যসরা।

    বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, মুখোশে মুখ ঢেকে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ এবং ভুভুজেলা বা বিকট আওয়াজের বাঁশি ব্যবহারও করা যাবে না।

    তিনি বলেন, সবাই নির্বিঘ্নে যেন বৈশাখী উৎসব করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে। এজন্য যা যা করার সবই করা হবে।

    সারা দেশে বর্ষবরণের উৎসব নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা প্রশাসকদের সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    তিনি বলেন, রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বড় বড় শহরগুলোতে এই নির্দেশনা কার্যকর।

    এতে উৎসবে ভাটা পড়বে কিনা প্রশ্নে বলেন, আমরা এটা মনে করি না। তবে নিরাপত্তার কথা মাথায় নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

    বৈঠকে রমনা পার্ক, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে থাকবে বলে সিদ্ধান্ত হয়।

    পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, র্যাবের মহাপরিচালক ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং ঢাকা সিটি কর্পোরেশন ও সেবামূলক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • রায় ঘোষণার ছয় মাসের মধ্যে সই করতে হবে

    রায় ঘোষণার ছয় মাসের মধ্যে সই করতে হবে

    এবিএনএ : উচ্চ আদালতে রায় ঘোষণার ছয় মাসের মধ্যে তাতে সই করতে হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ। আজ রোববার বিচারপতিদের আচরণবিধি সংশোধন করে এই রায় ঘোষণা করেন উচ্চ আদালত।

    এই রায়ে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের প্রতি ৪০টি নির্দেশনা ও পর্যবেক্ষণ দেয়া হয়েছে। আজ এ সংক্রান্ত মামলায় ১০৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে।

    ২০০৩ সালের ১ অক্টোবর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ আইনজীবীদের একটি সমাবেশে বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানের বিরুদ্ধে একজন আসামিকে জামিন দেয়ার জন্য টাকা নেয়ার অভিযোগ করেন। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতি ওই বিচারপতিকে অপসারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেন। রাষ্ট্রপতির সেই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিচারপতি সাইদুর রহমান। রিটের শুনানি শেষে গত বছর হাইকোর্ট সাইদুর রহমানের অপসারণের আদেশ বহাল রাখেন। হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান সাইদুর রহমান। গত বছরের ১৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ শুনানি করে হাইকোর্টের আদেশই বহাল রাখেন। আজ সেই রায়ের পূর্ণাঙ্গ কপি ও পর্যবেক্ষণ প্রকাশিত হয়।

  • অবশেষে পদত্যাগ করলেন আফ্রিদি

    অবশেষে পদত্যাগ করলেন আফ্রিদি

    এবিএনএ : অবশেষে অনেক জল্পনা-কল্পনা আর সমালোচনার পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন পাকিস্তান দলের অধিনায়ক শহিদ আফ্রিদি।

    ভারতের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ও সদ্য শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তান দলের বাজে পাফরম্যান্সের পর এমন সিদ্ধান্ত নেন এ অলরাউন্ডার।

    আজ রোববার বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি প্রেস রিলিজ এর মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

  • তনু হত্যাকাণ্ড : সেনা কর্মকর্তার ছেলেকে ব্যাপক জিজ্ঞাসাবাদ

    তনু হত্যাকাণ্ড : সেনা কর্মকর্তার ছেলেকে ব্যাপক জিজ্ঞাসাবাদ

    এবিএনএ : সিআইডি ঢাকার সিনিয়র বিশেষ পুলিশ সুপার ও মামলার তদন্ত সহায়ক দলের প্রধান আবদুল কাহহার আকন্দের নেতৃত্বে সিআইডি’র ঢাকা ও কুমিল্লার একটি দল রোববার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত কুমিল্লা সিআইডি কার্যালয়ে বৈঠক করেছেন।

    এসময় তদন্ত দল কুমিল্লা সেনানিবাসের এক সেনা কর্মকর্তার ছেলে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়ারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে বলে সিআইডি সূত্রে জানা গেছে। পরে দুপুর সোয়া ২টার দিকে সিআইডির তদন্ত দল কুমিল্লা সেনানিবাসে যায়। বিকাল সোয়া ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিআইডর টিম সেখানে অবস্থান করছিল বলে জানা গেছে।

    সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল হক খান জানান, মামলার তদন্তে পুনরায় ঘটনাস্থলে এসেছি। এর বেশি কিছু বলা যাচ্ছে না। এর আগে ডিবির তদন্তকালেও পিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

  • আইসল্যান্ড ও নেদারল্যান্ডে এফ-১৫ বিমান পাঠাল আমেরিকা

    আইসল্যান্ড ও নেদারল্যান্ডে এফ-১৫ বিমান পাঠাল আমেরিকা

    এবিএনএ : মার্কিন সেনাবাহিনী আইসল্যান্ড এবং নেদারল্যান্ডে ১২টি এফ-১৫সি জঙ্গিবিমান এবং প্রায় সাড়ে ৩০০ সেনা মোতায়েন করেছে। ইউরোপে রাশিয়ার কথিত আগ্রাসন ঠেকানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

    আইসল্যান্ডে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর এসব সেনা ন্যাটোর নজরদারি মিশনে অংশ নেবে। আর নেদারল্যান্ডে উড্ডয়ন প্রশিক্ষণ দেবে মার্কিন বিমান বাহিনী। ইউরোপীয় দেশগুলোর বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে মার্কিন বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়েছে। মার্কিন এ বাহিনী ইউরোপে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে।

    শীতল যুদ্ধের সময় আইসল্যান্ডে মার্কিন বিমান ঘাঁটি থাকলেও ২০০৬ সালে তা বন্ধ করে দেয়া হয়েছিল।

  • জঘন্যের খেতাব পেল দিলওয়ালে ও সোনাম!

    জঘন্যের খেতাব পেল দিলওয়ালে ও সোনাম!

    এবিএনএ : ২০১৫ সালের সবচেয়ে জঘন্য সিনেমার খেতাব পেয়েছে শাহরুখ খান অভিনীত দিলওয়ালে। অপরদিকে সালমানের সাথে জুটিবদ্ধ হয়ে ‘প্রেম রতন ধান পায়ো’ সিনেমায় অভিনয়ের জন্য জঘন্য অভিনেত্রীর খেতাব পেয়েছেন সোনাম কাপুর।

    ২০১৫ সালের বলিউড সিনেমার একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আজ এই ফলাফল ঘোষণা করা হয়। শুধু এখানেই শেষ নয়। সোনামের সাথে সাথে ছবির পরিচালকও ‘অনেক হয়েছে এবার থেমে যান’ পুরষ্কারে ভূষিত হয়েছেন। সবচেয়ে খারাপ অভিনেতা হিসেবে পুরষ্কার পায় সুরাজ পাঞ্চলি।

    গোল্ডেন কেরালা অ্যাওয়ার্ড নামের এই পুরষ্কার মূলত খারাপের হিসাব করে দেয়া হয়। তবে এটি মূলত অনলাইনে ভোটিং এর মাধ্যমে শুধু মজা করার জন্য প্রদান করা হয়।

  • ইসির পদত্যাগ করা উচিত : বিএনপি

    ইসির পদত্যাগ করা উচিত : বিএনপি

    এবিএনএ : দুই দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনকে ঘিরে চলমান সহিংসতা ও ভোট ডাকাতির নির্বাচন বাতিলের দাবি জানিয়ে আবারো নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে বিএনপি।

    রোববার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি করেন।

    বিস্তারিত আসছে…

  • রিজার্ভ কেলেঙ্কারির ঘটনায় আসলেই কি ৩ নারী জড়িত?

    রিজার্ভ কেলেঙ্কারির ঘটনায় আসলেই কি ৩ নারী জড়িত?

    এবিএনএ : ব্যাংকের আইটি ব্যবস্থাপনায় দুর্বলতা ও সুশাসনের অভাবকে কাজে লাগিয়ে সরিয়ে নেয়া হয় রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার। যার পরিকল্পনা হয় বছরখানেক আগেই। এরই অংশ হিসেবে বিভিন্ন দেশে খোলা হয় ব্যাংক অ্যাকাউন্ট।

    যার বড় একটি অংশ যায় ফিলিপাইনে। একটি অংশ যায় শ্রীলংকায়। এ ঘটনায় সামনে এসেছে তিন দেশের তিন নারীর নাম। কিন্তু তারা কি সত্যিই এ ঘটনার শিকার, নাকি তাদের সামনে রেখে কুশীলবরা ঘুঁটি সাজিয়েছেন— সে প্রশ্ন উঠছে।

    ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) যে শাখার মাধ্যমে রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার বেরিয়ে গেছে, তার ব্যবস্থাপক ছিলেন মায়া সান্তোস দাগুইতো নামের এক নারী।

    বিষয়টি আরসিবিসির শীর্ষ কর্মকর্তারা জানতেন বলে দাবি করে আসছেন দাগুইতো। অর্থ ছাড় না করলে খুন হতে হতো— এমন মন্তব্যও করেছেন এ শাখা ব্যবস্থাপক।

    আর এ ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শ্রীলংকার ক্ষুদ্র ব্যবসায়ী হাগোদা গ্যামেজ শালিকা পেরেরা। তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে গেছে চুরি হওয়া অর্থের ২ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের আইটি নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় অব্যাহতি দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি ও বৈদেশিক মুদ্রা-বিষয়ক বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর নাজনীন সুলতানাকে।

    দেশের প্রথম নারী ডেপুটি গভর্নর হিসেবে ২০১২ সালের ২৩ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে নিয়োগ পান নাজনীন সুলতানা। চলতি বছরের ২৩ জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার পর ৮ ফেব্রুয়ারি তাকে পুনর্নিয়োগ দেয়া হয়। ডেপুটি গভর্নর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ১১টি বিভাগের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন তিনি।

    ১৯৮০ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কম্পিউটার উপবিভাগে যোগ দেন নাজনীন সুলতানা। এ বিভাগ থেকে তৈরি প্রায় ৮৫টি সফটওয়্যারের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তিনি। ১৯৮৪ সালে একই বিভাগের উপপরিচালক হিসেবে পদোন্নতি পান তিনি। ১৯৮৯ সালে বাংলাদেশ ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট হন নাজনীন সুলতানা।

    জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট হিসেবে পদোন্নতি পান ১৯৯৬ সালে। ২০০০ সালে বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পান এ কর্মকর্তা।

    বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের আইটি নিরাপত্তায় কোনো দুর্বলতা থাকলে স্বাভাবিকভাবে তার দায়ভার বিভাগটির তত্ত্বাবধানকারীর ওপর অনেকখানিই বর্তায়। দায় এড়াতে পারেন না সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তর কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারাও।

    সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার বলেন, রিজার্ভ চুরির ঘটনায় জড়িত মূল ব্যক্তিদের এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষপর্যায়ের যারা দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন, তত্ত্বাবধানকারী হিসেবে তাদের কেউই দায়িত্ব এড়াতে পারেন না।
    তবে অর্থ স্থানান্তর প্রক্রিয়ার সঙ্গে যারা সরাসরি যুক্ত, তাদের দায়বদ্ধতা এক্ষেত্রে অনেক বেশি। অথচ এসব কর্মকর্তার বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংকে জবাবদিহিতা নিশ্চিত করতে এটি অত্যন্ত জরুরি।

    বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সবচেয়ে আলোচিত নাম ফিলিপাইনের মাকাতি সিটিতে আরসিবিসির জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দাগুইতো। আরসিবিসির এ শাখার চারটি হিসাবের মাধ্যমে বেরিয়ে যায় রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার। তবে ব্যাংকটির শীর্ষপর্যায় বিষয়টিতে শুরু থেকেই অবগত ছিলেন বলে দাবি করে আসছেন দাগুইতো। অর্থ ছাড়ে তিনি বাধ্য হয়েছিলেন— গণমাধ্যমে এমন বক্তব্যও এসেছে।

    আরসিবিসির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফিলিপাইনের গণমাধ্যম ইনকোয়্যারার এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ ছাড় না করলে মায়া সান্তোস দাগুইতোকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।

    ব্যাংকটির মাকাতি সিটির জুপিটার স্ট্রিট শাখার কাস্টমার সার্ভিসের ওই কর্মকর্তা সিনেটকে জানান, অর্থ লেনদেনের সময় দাগুইতো জুপিটার ব্যাংকের একটি কক্ষে ছিলেন। তাকে সে সময় খুব ভীতসন্ত্রস্ত দেখাচ্ছিল। দাগুইতো তখন অনেক কিছুই বলছিলেন। কিন্তু আমার একটি কথাই মনে আছে।

    তিনি বলছিলেন, হয় আমাকে এ অর্থ ছাড় করতে হবে, নয়তো আমি বা আমার বাবা খুন হব। তবে কার কাছ থেকে হুমকি এসেছে, সে বিষয়ে আমি জিজ্ঞাসা করিনি।

    ২০১৩ সালে আরসিবিসির জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক হিসেবে নিয়োগ পান মায়া সান্তোস দাগুইতো। এর আগে ইস্টওয়েস্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন তিনি। ইস্টওয়েস্ট ব্যাংকের ‘স্টার পারফরমারের’ তালিকায় ছিলেন এ নারী।

    শ্রীলংকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী হাগোদা গ্যামেজ শালিকা পেরেরা। তার পরিচালিত এনজিও শালিকা ফাউন্ডেশন। বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থের মধ্য থেকে ২ কোটি ডলার তার অ্যাকাউন্টে যায়। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার রয়টার্সের সামনে প্রথমবারের মতো মুখ খোলেন এ নারী।

    রয়টার্সকে তিনি জানান, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) থেকে তার কাছে ২ কোটি ডলার আসার কথা ছিল। তবে জাইকার সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ ছিল না। জাপানে যোগাযোগ রয়েছে এমন এক শ্রীলংকান বন্ধুর মাধ্যমে চুক্তির বিষয়টি স্থির হয়েছিল।

    আমার পরিচিত ওই ব্যক্তি হয় অপরাধীদের শিকার, নয়তো তিনি নিজেই এর সঙ্গে জড়িত। তারা এ কাজে আমাদের ধোঁকা দিয়ে সংযুক্ত করেছে। তিনি এ সময় সুইফট মেসেজিং সিস্টেম থেকে আসা বার্তার একটি অনুলিপিও প্রদর্শন করেন।

    শালিকা ফাউন্ডেশনের যাত্রা ২০১৪ সালে। শালিকা পেরেরার মন্তব্যের পর প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই বলে জানিয়েছে জাইকা। এমনকি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়। জাইকার মুখপাত্র নাওইউকি নেমোতো বলেন, আমাদের সঙ্গে তাদের কোনো লেনদেন নেই। তাদের সঙ্গে ঋণ বা অনুদান-বিষয়ক কোনো সম্পর্কও আমাদের নেই।

    শালিকা পেরেরা বলেন, তিনি নিজে সংগ্রামী মানুষ। তার আরো চারটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে একটি প্রকাশনা প্রতিষ্ঠান, একটি গাড়ির যন্ত্রাংশের কোম্পানি, একটি নির্মাণ শিল্পপ্রতিষ্ঠান ও অন্যটি ক্যাটারিং ফার্ম।

    ২০১৪ সালে তার প্রকাশনা প্রতিষ্ঠানে এত বেশি লোকসান হয়েছে যে, তিনি প্রতিষ্ঠানের কম্পিউটার বিক্রি করে দিতে বাধ্য হন। তার মূল ব্যবসা এখন ইন্টারনেট ক্যাফেকেন্দ্রিক। বর্তমানে তিনি পিত্জা হাটের মতো কিছু রেস্টুরেন্টে বিনিয়োগের জন্য উপযুক্ত বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করছেন।