Blog

  • শ্রমিক ধর্মঘটে অচল খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকল

    শ্রমিক ধর্মঘটে অচল খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকল

    এবিএনএ : শ্রমিকদের লাগাতার ধর্মঘটে অচল হয়ে পড়েছে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো। সোমবার সকাল থেকে রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বানে ৭ মিলের ৩৫ হাজার শ্রমিক এ কর্মসূচি পালন করছে।

    পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করার জন্য পাটখাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পে-কমিশনের ন্যায় অবিলম্বে রাষ্ট্রায়ত্ব শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ২০১৩ সালের ১ জুলাই ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে রবিবার এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।

    সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সদস্য সচিব জাকির হোসেন বলেন, পূর্বের ডাকা চতুর্থ ধাপের ২১ দিনের কর্মসূচি অনুযায়ী ৩ এপ্রিলের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা ছিল। সে অনুযায়ী দাবি বাস্তবায়ন না হওয়ায় সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

    দাবি আদায় না হলে ধর্মঘটের পাশাপাশি মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

    তিনি জানান, খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের ৩৫ হাজার শ্রমিক মিল বন্ধ করে ধর্মঘট পালন করছেন।

  • চার বলে ৪ ছক্কা, কে এই কার্লোস ব্রাথওয়েট?

    চার বলে ৪ ছক্কা, কে এই কার্লোস ব্রাথওয়েট?

    এবিএনএ : দক্ষিণ আফ্রিকায় ২০০৭ সালে অনুষ্ঠিত হয় আইসিসির প্রথম টি-২০ বিশ্বকাপের আসর। সুপার টেন পর্বের এক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। ম্যাচে সবাইকে অবাক করে অবিশ্বাস্যভাবে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা তুলে নেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।

    টি-২০ বিশ্বকাপে এরকম ইনিংস আর কখনো দেখা যাবে তা হয়তো কেউ কখনো ভাবেননি। ২০০৭ সালের পর ২০১৬ সালে এসে অর্থাৎ দীর্ঘ ৮ বছর পর টি-২০ বিশ্বকাপেই সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

    গতরাতে আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের ফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ইনিংসের শেষ ওভারে বেন স্টোকসের চার বল থেকে চারটি ছক্কা হাঁকান ক্যাবিরীয় অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। তাও আবার এমন এক মুহূর্তে যখন জয়ের জন্য শেষ ওভারে ক্যারিবীয়দের দরকার ছিল ১৯ রান।

    ক্যারিবীয়রা এই ম্যাচে হারছেন তা অনেকেই নিশ্চিত ধরে নিয়েছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে বেন স্টোকসের করা প্রথম ডেলিভারিতে ছক্কা মেরে এ ব্যবধানে ১৩ তে কমিয়ে আনেন। ফলে ৫ বলে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। স্টোকস ওভারের দ্বিতীয় বল করতে এসে ফের হোঁচট খেলেন। ব্রাথওয়েট যে ফের ছ্ক্কা মেরে বসেন! ৪ বলে জয়ের জন্য যখন ৭ রান দরকার তখন বেন স্টোকসের বল থেকে ফের ছক্কা হাঁকিয়ে স্কোর লেবেল করেন এই বার্বাডিয়ান। তখন জয় ছিল কেবল সময়ের ব্যাপার মাত্র কারণ দরকার ছিল ৩ বলে মাত্র ১ রান। কিন্তু ব্রাথওয়েটকে কে থামায়? ১ রান নয়, ফের ছক্কা মেরে দেশের জন্য নতুন ইতিহাস রচনা করলেন তিনি। ব্রাথওয়েট’র চার ছক্কার বিনিময়ে প্রথম দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের মতো আইসিসি টি-২০ বিশ্বকাপ শিরোপা জিতলো।

    কিন্তু যে এই ইতিহাস রচনা করলেন সেই ব্রাথওয়েটকেই আমরা অনেকে ততটা চিনি না। ১৯৮৮ সালে বার্বাডোজে জন্ম নেয়া ব্রাথওয়েটের ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয় ২০১১ সালে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৮ ম্যাচে নেন ২৬টি উইকেট! আর এতেই কপাল খুলে যায় তার। একই বছর ক্যারিবীয়দের বাংলাদেশ সফরে টি-২০ স্কোয়াডে জায়গা হয় তার। এ সফরে ক্যারিবীয়রা টাইগারদের বিপক্ষে মাত্র ১টি টি-২০ ম্যাচ, দুটি টেস্ট ও তিনটি ওডিআই ম্যাচ খেলে। বাংলাদেশ সফরেই আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেক হয় ব্রাথওয়েটের। আর সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপেই তার টি-২০ বিশ্বকাপে অভিষেক হয়। আর অভিষেকেই দেশের জন্য ইতিহাস রচনা করে বসলেন।

    কার্লোস ব্রাথওয়েট এখন পর্যন্ত মাত্র ৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৫টি উইকেট। গতরাতে ইডেন গার্ডেন্সে ম্যাচজয়ী অপরাজিত ৩৪ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন মূল্যবান ৩টি উইকেট। নিজের ৪ ওভারের স্পেলে ২৩ রান দিয়ে ৩ উইকেট লাভই তার সেরা বোলিং ফিগার। আর সাতটি ওডিআই ম্যাচে নিয়েছেন ৩টি উইকেট। ব্যাট হাতে গতরাতের ৩৪ রানই তার টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। আর দুটি টেস্ট ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ সংগ্রহ ৬৯। এছাড়া সাতটি ওডিআই ম্যাচ থেকে করেছেন ৭১ রান। সর্বোচ্চ রান ১৮।
    এদিকে, টি-২০ বিশ্বকাপ শেষ হলেও ক্রিকেটবিশ্ব শিগগিরই ব্রাথওয়েটের অ্যাকশন দেখতে পারবে। কারণ ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নবম আইপিএল’র আসরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলবেন তিনি। আইপিএল’র এই দলটি তাকে ৪.২ কোটি রুপিতে কিনে নেয়।

  • জাপার এক অংশ বাহিরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত : জি এম কাদের

    জাপার এক অংশ বাহিরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত : জি এম কাদের

    এবিএনএ : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, আমাদের দলের একটি অংশ বাহিরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। আর এ জন্যই পার্টি তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারছে না। ফলে মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রাখতে পারছে না। আজ সোমবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের অবস্থা তুলে ধরে তিনি বলেন, নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু কিছুই হয়নি। নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে।

  • পুরান ঢাকায় মসজিদের ভেতর মোয়াজ্জিন খুন

    পুরান ঢাকায় মসজিদের ভেতর মোয়াজ্জিন খুন

    এবিএনএ : পুরান ঢাকার ইসলামপুরে এক মসিজদের মোয়াজ্জিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম বিল্লাল হোসেন (৫০)। সোমবার সকালে ইসলামপুরের জব্বু খান জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মুরাদ আলী জানিয়েছেন, সকালে মুসল্লিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মসজিদের দোতলার সিঁড়িতে বিল্লাল হোসেনের লাশ পড়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জব্বু খান মসজিদের দোতলা থেকে চারতলা পর্যন্ত মসিজদ হিসেবে ব্যবহার করা হয়। তিনতলার একটি কক্ষে বিল্লাল হোসেন থাকতেন। তার বাড়ি মানিকগঞ্জে। তবে লাশ উদ্ধারের সময় তার থাকার কক্ষটি তালাবদ্ধ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন বিভাগ আলামত সংগ্রহ করেছে।

    তিনি আরো জানান, এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে মসজিদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন আর নেই

    চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন আর নেই

    এবিএনএ : চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন আর নেই। সোমবার সকাল সোয়া ৮টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন খোকন। স্ত্রী সন্তান নিয়ে উত্তরায় থাকতেন তিনি।

    পারিবারিক সূত্র জানায়, ৪ জানুয়ারি সন্ধ্যা থেকে উত্তরার আধুনিক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় শহিদুল ইসলাম খোকনকে। দুরারোগ্য মটর নিউরো ডিজিসে আক্রান্ত হয়ে গত দুই বছর বিছানায় ছিলেন এ চলচ্চিত্রকার। ২০১৪ সালে আমেরিকায় চিকিৎসার জন্য নিয়েও কোনো লাভ হয়নি। সেখানকার চিকিৎসকদের পরামর্শে দেশে ফিরিয়ে আনা হয় তাকে।

    এরপর গত ৩১ ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ওই হাসপাতালে ভর্তি করা হয়। ৪ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে রাখা হয় খোকনকে। এদিকে গুণি এ চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের অন্তিম মুহূর্তের খবর শুনে হাসপাতালে ছুটে যান তার সহকর্মী ও বিভিন্ন অঙ্গনের তারকারা। অসংখ্য সুপারহিট ছবির নির্মাতা শহিদুল ইসলাম খোকন। তিনি এ পর্যন্ত নির্মাণ করেছেন ৩০টিরও বেশি চলচ্চিত্র। ‘ভণ্ড’, ‘ঘাতক’, ‘ম্যাডাম ফুলি’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’সহ অসংখ্য ব্যবসা সফল ছবি পরিচালনা করেছেন তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রক্তের বন্দি’। এফডিসি সূত্র জানায়, দুপুরে খোকনের মরদেহ তার প্রিয় কর্মস্থল এফডিসিতে নেয়া হবে। তবে তার জানাজা ও দাফন কোথায় কখন হবে এ বিষয়ে বেলা ১১টা পর্যন্ত তার পরিবার ও এফডিসি সূত্র থেকে নিশ্চিত করা হয়নি।

  • অর্থ পাচারকারী বিশ্বনেতারা

    অর্থ পাচারকারী বিশ্বনেতারা

    এবিএনএ : বিশ্বের শীর্ষ ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের কর ফাঁকি ও অর্থ পাচারসংক্রান্ত এক কোটি দশ লাখ নথি ফাঁস হয়েছে। পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এসব নথিতে নাম রয়েছে বিশ্বের বর্তমান ও প্রাক্তন ৭২ জন রাষ্ট্রপ্রধানের। এ ছাড়া বিশ্বখ্যাত খেলোয়াড় থেকে শুরু করে অভিনেতা পর্যন্ত বহু তারকা ব্যক্তিত্বের নামও রয়েছে এসব নথিতে।

    কর ফাঁকি দিয়ে অর্থ পাচার করে সম্পদের পাহাড় গড়া এসব ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের (আইসিআইজে) ওয়েবসাইটে। এসব নথিতে অধিকাংশ ক্ষেত্রে এসব রাজনীতিবিদ ও রাষ্ট্রপ্রধানের নাম উঠে এসেছে তাদের ঘনিষ্ঠজনদের কল্যাণে। তাদের কারো স্ত্রী, কারো সন্তান, কারো ভাইবোন আবার কারো বা পারিবারিকভাবে ঘনিষ্ঠ বন্ধু মোসাক ফনসেকার মাধ্যমে অফশোর কোম্পানিতে বিনিয়োগের মাধ্যমে কর ফাঁকি ও অর্থ পাচার করেছেন। আইসিআইজে যাদের নাম প্রকাশ করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্যদের নাম রাইজিংবিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো-

    এই তালিকায় রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিসিও মাকরি। মাত্র এক বছর আগে তিনি স্বল্প ভোটের ব্যবধানে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। জর্জিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ও কোটিপতি বিদজিনা ইভানিশভিলি। ২০১২ সালে নির্বাচিত হয়ে মাত্র ১৩ মাস তিনি ক্ষমতায় ছিলেন। আইসল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী সিগমুন্ডুর দাভিজো গুনলাউগসন। নথিতে নাম এসেছে ইরাকের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রী আয়াদ আল্লাউই, জর্ডানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী আলি আবু আল রাঘিব, কাতারের প্রাক্তন প্রধানমন্ত্রী হামিদ বিন জসিম বিন জাবের আল থানি, কাতারের সাবেক শাসক শেখ হামাদ বিন খলিফা আল থানি, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বিন আবদুল রহমান আল সৌদ, সুদানের প্রাক্তন প্রেসিডেন্ট আহমাদ আলি আল মিরঘানি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, ইউক্রেনের প্রাক্তন প্রধানমন্ত্রী পাভলো লাজারেঙ্কভ ও বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পেরোশেঙ্ক, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের। নথিতে সরাসরি তার নাম না এলেও রয়েছে তার স্ত্রী, সন্তান ও বোনের নাম।

    চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী লি পেং কর ফাঁকিতে তার বোন লি শিয়াওলিনের নাম ব্যবহার করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে এসেছে পরোক্ষভাবে। নথিতে তার দুই ঘনিষ্ঠ সহযোগী আরকাদি, সের্গেই রলদুগিন ও বরিস রোটেনবার্গ নাম রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বাবা ইয়ান ক্যামেরনের সূত্রে নথিতে নাম এসেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ।মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মোবারক, মরক্কোর বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদ, পাকিস্তনের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, ঘানার প্রাক্তন প্রেসিডেন্ট জন আগিকুম কুফুর, মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক, আর্জেন্টিনার প্রাক্তন প্রেসিডেন্ট নেস্টর কিরচনার ও ক্রিস্টিয়ানা ফার্নান্দেজ।

    আরো আছে মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো, স্পেনের প্রাক্তন রাজা প্রথম জুয়ান কার্লোস, আইভরি কোস্টের প্রাক্তন প্রেসিডেন্ট লরেন্ট গেবাগো, দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা, গিনির প্রাক্তন প্রেসিডেন্ট লাসানা কন্টি, ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী মুহাম্মদ মুস্তফা, ইকুয়েডরের কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর পেত্রো দেলাগাতো, গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী সামারাসের ইউরোপীয় ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কার্যালয়ের উপপ্রধান স্টাভরস পাপাস্টাভরু, কঙ্গোর পার্লামেন্ট সদস্য জায়নেত ডিসিরি কাবিলা কাউঙ্গু, কাজাখস্তানের আস্তানার উপ মেয়র নুরুলা আলিয়েভ, আলজেরিয়ার শিল্প ও খনিমন্ত্রী আব্দেস্লাম বউচৌরেব, অ্যাঙ্গোলার তেলমন্ত্রী হোসে মারিয়া বোথেলহো, কম্বোডিয়ার বিচারমন্ত্রী অং ভং ভাথোনা।

    এ ছাড়া আছে ফ্রান্সের প্রাক্তন বাজেটমন্ত্রী জেরম চাহুজাক, আইসল্যান্ডের প্রাক্তন অর্থমন্ত্রী জারনি বেনেডিক্টসন ও স্বরাষ্ট্রমন্ত্রী ওলফ নরডাল, মাল্টার জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রী কোনার্ড মিজ্জি, সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নাইফ, ইংল্যান্ডের হাউজ অব লর্ডসের সদস্য ব্যারোনেস পামেলা শার্পলেস ও প্রাক্তন সদস্য মাইকেল অ্যাশক্রফট, ব্রিটেশ পার্লামেন্টের প্রাক্তন সদস্য মাইকেল ম্যাটস, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনান, হন্ডুরাসের ভাইস প্রেসিডেন্ট জেইম রোসেনথাল, সেনেগালের প্রাক্তন মন্ত্রী করিম ওয়াদে, চীনের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী বো শিলাই।

  • গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার নিষিদ্ধ

    গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার নিষিদ্ধ

    এবিএনএ : এখন থেকে পুলিশের গাড়ি অথবা পুলিশ সদস্যদের ব্যবহৃত ব্যক্তিগত কোনো গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার ব্যবহার করা যাবে না। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশ এ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীতে সংঘবদ্ধ অপরাধী চক্র ব্যক্তিগত, চোরাই বা ছিনতাই করা গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার ব্যবহার করছে। এ ছাড়া অনেক অপরাধী পুলিশ বা র‍্যাব পরিচয়ে ডাকাতি, অপহরণ, প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কাজ নির্বিঘ্নে করে যাচ্ছে।

    পুলিশ বা ডিএমপির স্টিকার ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিচ্ছে তারা। ফলে অনেক সময় সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে। এ ধরনের অপরাধী শনাক্তে বেগ পেতে হচ্ছে পুলিশকেও। এসব ঘটনা প্রতিরোধে ডিএমপি কমিশনারের আদেশে বলা হয়, রাজধানীতে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি ডিএমপির পরিবহন পুলের সরকারি যানবাহন ও পুলিশ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখাযুক্ত স্টিকার ব্যবহার করে চলাফেরা করতে দেখা যায়।

    সম্প্রতি রাজধানীতে সংঘটিত বেশ বিছু অপরাধে এ রূপ স্টিকারযুক্ত গাড়ির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ফলে একদিকে যেমন পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে অপরাধীরা এরূপ অভিনব পন্থা অবলম্বন করে অপরাধ সংঘটনে উৎসাহী হয়ে উঠছে। ফলে রাজধানীতে পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যবহৃত সরকারি যানবাহন ও পুলিশ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে অস্থায়ীভাবে কাগজ বা বোর্ডের ওপর পুলিশ বা ডিএমপি লেখাযুক্ত স্টিকার ব্যবহার ও প্রদর্শন করা যাবে না। অপরাধ বিভাগ ও ট্রাফিক বিভাগের উপকমিশনারদের স্ব স্ব অধিক্ষেত্রে পুলিশ বা ডিএমপি লেখাযুক্ত স্টিকার সংবলিত গাড়িতে চলাচলকারী পুলিশ কর্মকর্তা, সদস্য বা চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাজধানীর সব থানার ওসি, উপকমিশনার (ডিসি) ও অন্যান্য ইউনিটের প্রধানদের কাছে আদেশের অনুলিপি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

  • শেরপুরে বোমা বানাতে গিয়ে নিহত ২, গ্রেনেড-গুলি উদ্ধার

    শেরপুরে বোমা বানাতে গিয়ে নিহত ২, গ্রেনেড-গুলি উদ্ধার

    এবিএনএ : বগুড়ার শেরপুরে বোমা বিস্ফোরিত বাড়িটিতে সকাল ১০টা থেকে কাজ শুরু করেছে ডিএমপির বোমা নিষ্ক্রিয় দল। এরইমধ্যে বাড়িটি থেকে বেশকিছু গ্রেনেড, বোমা তৈরির সরঞ্জাম ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত অভিযানে ১০টি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড গুলি এবং অর্ধশতাধিক ককটেল উদ্ধার করা হয়েছে। ডিএমপির এএসপি রহমতুল্লাহ এই তথ্য জানিয়েছেন।

    পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নববর্ষে নাশকতা ঘটানোর লক্ষ্যে ওই বাড়িতে জেএমবি বা তার আদলে অন্য কোন জঙ্গি সংগঠন বোমাগুলি তৈরি করছিল।

    রবিবার রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের জোয়ানগ্রামের ব্যবসায়ী মাহবুবুর রহমানের ভাড়া দেয়া বাসায় বোমা বিস্ফোরিত দু’জন নিহত হয়। এদের একজন মিজানুর রহমান নামের ভাড়াটিয়ার নিকটাত্মীয় বলে পুলিশ নিশ্চিত হলেও তার নাম জানতে পারে নি। মিজান নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে স্ত্রী-কন্যাসহ প্রায় সাত মাস আগে এই বাড়ি ভাড়া নেয় বলে জানিয়েছেন মাহবুবুর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার পলি।

    সোমবার সকালে ঢাকা থেকে ডিএমপির এএসপি রহমতুল্লাহর নেতৃত্বে ১১ সদস্যের পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে। সকাল ১০টার দিকে তারা ওই বাড়িতে ঢুকে অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকটি ব্যাগে মোড়ানো বেশ কিছু গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান এখনো চলছে।

    এদিকে, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সায়ুফজ্জামান ফারুকী জানান, সামনে পহেলা বৈশাখ। আর এই উৎসবকে ঘিরে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা নিয়েই বোমাগুলো তৈরি করা হচ্ছিল বলে তাদের প্রাথমিক ধারণা। এটি নিষিদ্ধ সংগঠন জেএমবি সদস্যদের কাজ বলেও ধারণা করছে পুলিশ।

  • চীনা প্রেসিডেন্টের বিরুদ্ধেও ‘অভিযোগের তীর’

    চীনা প্রেসিডেন্টের বিরুদ্ধেও ‘অভিযোগের তীর’

    এবিএনএ : পানামার একটি ল’ ফার্মের ফাঁস হয়ে যাওয়া এক কোটি ১৫ লাখ গোপন নথির মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার পরিবারের বিদেশে গোপন অ্যাকাউন্ট রয়েছে বলে ইঙ্গিত প্রকাশ পেয়েছে।

    বিষয়টি নিয়ে শুরু হওয়া তদন্তে বেশ কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের নাম আছে।

    এদের মধ্যে মধ্যে আয়ারল্যান্ড ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইউক্রেইনের প্রেসিডেন্ট এবং সৌদি আরবের বাদশার নামও আছে।

    পাশাপাশি ফুটবল ক্লাব বার্সেলোনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও চলচ্চিত্র তারকা জ্যাকি চ্যানেরও নাম আছে।

    তবে এসব নামের মধ্যে সবচেয়ে বিস্ময়কর নামটি সম্ভবত চীনা প্রেসিডেন্টের নাম। নিজ দেশে সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতিবিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট শি।

    দেশটির দুর্নীতিবিরোধী এই অভিযানে দেশের শীর্ষ পদগুলোতে আসীন কমিউনিস্ট পার্টির অনেক নেতা ধরাশায়ী হয়েছেন।

    কিন্তু ফাঁস হওয়া নথিপত্রে সেই চীনা প্রেসিডেন্ট শি ও তার পরিবারের সদস্যদের বিদেশে গোপন ব্যাংক একাউন্ট আছে এমন ইঙ্গিত প্রকাশ পেয়েছে।

  • ম্যাচ জিতিয়ে জরিমানা

    ম্যাচ জিতিয়ে জরিমানা

    এবিএনএ : ফাইনালে ৬৬ বলে ৯টি চার এবং ২টি ছক্কায় ৮৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ যে চ্যাম্পিয়ন হয়েছে, তাতে মারলন স্যামুয়েলসের ওই ইনিংসের ভূমিকাই সবচেয়ে বেশি। ওয়েস্ট ইন্ডিয়ান এই ব্যাটসম্যান তাই হয়েছেন ম্যাচ সেরাও। তবে একই ম্যাচে আইসিসির আচরণবিধি ভাঙার অভিযোগেও অভিযুক্ত হয়েছেন স্যামুয়েলস। আর সে কারণে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা হয়েছে তাঁর।

    ঘটনাটি ম্যাচের শেষ ওভারে, ব্যাট করছিলেন কার্লোস ব্রাফেট, বোলিং করছিলেন বেন স্টোকস। নন স্ট্রাইকিং প্রান্তে থাকা স্যামুয়েলস এ সময় নাকি ইংল্যান্ডের পেসার বেন স্টোকসের উদ্দেশ্যে আক্রমণাত্মক ভাষায় কথা বলেন। পরে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের আনা অভিযোগ ও শাস্তি মেনে নেন স্যামুয়েলস, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
    আইসিসি এলিট প্যানেল তাঁকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে। যে প্যানেলে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ছাড়াও রয়েছেন আম্পায়ার কুমার ধর্মসেনা ও রড টাকার, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস ও চতুর্থ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড।