Blog

  • মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় নৌমহড়ায় আমেরিকা

    মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় নৌমহড়ায় আমেরিকা

    এবিএনএ : আমেরিকা মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে। সোমবার বাহরাইনে শুরু হওয়া এ মহড়ায় বিশ্বের ৩০টির বেশি দেশ অংশ গ্রহণ করছে। বাহরাইনের মার্কিন ৫ম নৌবহরের ঘাটি রয়েছে। খবর আইআরআইবি।

    মার্কিন নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ড আয়োজিত ইন্টারন্যশনাল মাইন কাউন্টারমেজার এক্সারসাইজ বা আএমসিএমইএক্স নামের মহড়া চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে বলে কথা রয়েছে।

    মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলো বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলসহ জলদস্যু, সন্ত্রাসবাদ এবং মাইন প্রসঙ্গে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বলে দাবি করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান এ দাবি করেন।

    সুয়েজখাল, বাবুল মান্দাব প্রণালী এবং হরমুজ প্রণালীসহ বিশ্বের সাগর পথের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকা এ অঞ্চলে অবস্থিত বলে উল্লেখ করেন অ্যাডমিরাল ডোনেগান। তিনি বলেন, ফলে বিশ্বের দেশগুলোর প্রশিক্ষণের চমৎকার সুবিধা মধ্যপ্রাচ্যে রয়েছে।

    মহড়ায় মাইন বিরোধী অভিযান, অবকাঠামো রক্ষা এবং বেসামরিক জাহাজ রক্ষায় নৌ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এ ছাড়া, এতে চালকহীন ডুবোযান এবং দ্রুতগামী জাহাজের মতো নতুন প্রযুক্তির কার্যকারিতাও যাচাই করা হবে।

  • যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার পথ আরও সংকুচিত

    যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার পথ আরও সংকুচিত

    এবিএনএ : শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে অবস্থানের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়ার পর এবার কর্ম ভিসার (ওয়ার্ক পারমিট) ক্ষেত্রেও নানা কড়াকড়ি আরোপ করেছে দেশটি। আসছে ৬ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে যুক্তরাজ্যে অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ লাভের সম্ভাবনা আরও সংকুচিত হয়েছে।

    এত দিন একটানা পাঁচ বছর কর্ম ভিসায় যুক্তরাজ্যে থাকার পর বিদেশি নাগরিকেরা দেশটিতে স্থায়ী বাসের (আইএলআর) আবেদন করতে পারতেন। এ জন্য তাদের কোনো সুনির্দিষ্ট আয় দেখাতে হতো না। নতুন নিয়মে বলা হয়েছে, যেসব বিদেশি কর্মীর বেতন বছরে কমপক্ষে ৩৫ হাজার পাউন্ড (প্রায় ৪০ লাখ টাকা), তারাই কেবল স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। যাদের আয় বছরে ৩৫ হাজার পাউন্ডের কম, তারা সর্বোচ্চ ছয় বছর যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন।

    যুক্তরাজ্যে সাধারণ চাকরিজীবীরা বছরে গড়ে ২৫ হাজার পাউন্ডের মতো বেতন পেতে পারে। তাই উচ্চ বেতনের শর্ত চাপানোর ফলে হাসপাতালের সেবিকা (নার্স), শিক্ষক, সাংবাদিক, হিসাবরক্ষক সহ বিভিন্ন পেশার বিদেশি কর্মীরা স্থায়ী বাসের সুযোগ লাভ থেকে বঞ্চিত হবেন। অবশ্য সমালোচনার মুখে সরকার সেবিকা ও বিজ্ঞানের শিক্ষকদের উচ্চ বেতনের ওই শর্ত থেকে ২০১৯ সাল পর্যন্ত অব্যাহতি দিয়েছে।
    এ ছাড়া বিদেশি কর্মী নিয়োগ নিরুৎসাহিত করতে বেতন সীমা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর ওপর একটি লেভি (বার্ষিক শুল্ক) আরোপ করা হয়েছে। এপ্রিল থেকে অভিজ্ঞ বিদেশি কর্মীর ন্যূনতম বেতন হতে হবে বছরে ২৫ হাজার পাউন্ড। আর ২০১৭ সালের এপ্রিল থেকে এটা বেড়ে হবে ৩০ হাজার পাউন্ড। তবে অনভিজ্ঞ বা নতুন আবেদনকারীর (নিউ এনট্রেন্স) জন্য বছরে ২০ হাজার ৭০০ পাউন্ড ন্যূনতম বেতনের বিধান অপরিবর্তিত থাকছে।
    ২০১৭ সালের এপ্রিল থেকে বিদেশি কর্মী নিয়োগের জন্য প্রতিষ্ঠানগুলোকে বছরে কর্মী প্রতি এক হাজার পাউন্ড করে শুল্ক (লেভি) দিতে হবে। কেবল ক্ষুদ্র ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর জন্য এই শুল্কের পরিমাণ হবে কর্মী প্রতি বছরে ৩৬৪ পাউন্ড। আন্তকোম্পানি কর্মী স্থানান্তরের ক্ষেত্রে বছরে ন্যূনতম বেতন ধরা হয়েছে ৪১ হাজার ৫০০ পাউন্ড।

    নতুন নিয়মে ডিগ্রি পর্যায়ের কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের কর্ম ভিসায় স্থানান্তরিত হওয়ার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। কোর্স সম্পন্ন করা বিদেশি শিক্ষার্থীদের কাজ দেওয়ার ক্ষেত্রে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে ধার্যকৃত শুল্কও প্রদান করতে হবে না।

    এদিকে নতুন নিয়মে গৃহকর্মী (ডোমেস্টিক ওয়ার্কার) ভিসা ও আশ্রয়প্রার্থীদের (অ্যাসাইলাম সিকার) জন্যও নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। এত দিন গৃহকর্মী ভিসায় আসা ব্যক্তিরা সংশ্লিষ্ট স্পিকারের কাজ ব্যতীত অন্য কাজ করতে পারতেন না। নতুন নিয়মে ছয় মাস পর তারা চাইলে অন্য নিয়োগদাতার অধীনে কাজের আবেদন করতে পারবেন। এ ছাড়া, আশ্রয় প্রার্থীর আবেদন নিষ্পত্তি না হলেও ছয় মাস পর তাদের কাজের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে নতুন নিয়মে।

    বিবাহ সূত্র, শিক্ষার্থী ভিসা কিংবা কর্ম ভিসা-এই তিন পন্থায় যুক্তরাজ্যে এসে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীরা স্থায়ী বসবাসের সুযোগ নিতেন। বৈবাহিক সূত্র (স্পাউস ভিসা) ও কর্ম ভিসায় পাঁচ বছর পর স্থায়ী হওয়ার সুযোগ এখনো রয়েছে। তবে স্পাউস ভিসার ক্ষেত্রে স্পন্সরের ন্যূনতম আয় বছরে ১৮ হাজার ৬০০ পাউন্ড আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই শর্তের ফলে বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ে দেশে নিয়ে ছেলে-মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাও ব্যাপকভাবে কমে গেছে। এবার কর্ম ভিসার ক্ষেত্রে বছরে ৩৫ হাজার পাউন্ড বেতনের শর্ত আরোপের ফলে সাধারণ অভিবাসীদের জন্য স্থায়ী হওয়ার সুযোগ অসম্ভব হয়ে পড়েছে।

    আবার কোনো অভিবাসী বৈধ উপায়ে টানা ১০ বছর যুক্তরাজ্যে অবস্থান করলে স্থায়ী হওয়ার সুযোগ পান। কিন্তু এই সুযোগ বন্ধ করতে ২০১৪ সালে শিক্ষার্থী ভিসায় সর্বোচ্চ ৮ বছর থাকার সীমা নির্ধারণ করে দেওয়া হয়। আর ৬ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নিয়ম অনুযায়ী কর্মী ভিসার লোকেরা সর্বোচ্চ ৬ বছরের বেশি অবস্থান করতে পারবেন না। ফলে কোনো অভিবাসীর ক্ষেত্রে যুক্তরাজ্যে এসে টানা ১০ বছর অবস্থান প্রায় অসম্ভব।

  • নয় মাসে জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ

    নয় মাসে জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ

    এবিএনএ : চলতি বছরের ৯ মাসে জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ। মাথাপিছু আয় ১৪শ’ ৬৬ ডলার, যা টাকায় ১ লাখ ১৪ হাজার চারশ’ সাত। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীকে এ তথ্য অবহিত করেছে পরিকল্পনা কমিশন।

    চলতি বছরে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ। নয় মাসেই এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জিডিপির এ প্রবৃদ্ধি কোনো নির্বাচিত সরকারের আমলে বাংলাদেশে এটাই সর্বোচ্চ। এর আগে ২০০৬-০৭ অর্থ বছরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সর্বোচ্চ প্রবৃদ্ধি ছিল ৭.৬ শতাংশ। গত অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৩১৬ ডলার। ওই অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫১ শতাংশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক চলছে।

  • রোববার থেকে নার্সদের আমরণ অনশন

    রোববার থেকে নার্সদের আমরণ অনশন

    এবিএনএ : দাবি আদায় না হলে আগামী রোববার থেকে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেকার নার্সরা।

    মঙ্গলবার সকালে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস এ তথ্য জানান।

    তিনি বলেন, আমরা দাবি আদায়ের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু প্রশাসন আমাদের বিষয়ে কোনো সাড়া দিচ্ছে না। আমরা আগামী শনিবার পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। এর মধ্যে আমাদের দাবি মানা না হলে রোববার থেকে আমরা আমরণ অনশনে যাব।

    গত ২৮ মার্চ পিএসসি তিন হাজার ৬১৬ সিনিয়র স্টাফ নার্স পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেওয়ার এবং বয়সসীমা ৩৬ বছরে উন্নীত করাসহ বিভিন্ন দাবিতে ৩০ মার্চ থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বেকার নার্সরা।

  • আদিবাসী নেতার মৃত্যু

    আদিবাসী নেতার মৃত্যু

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের আদি অধিবাসী বিষয়ক ইতিহাসবিদ, সাবেক যোদ্ধা ও মন্টানা অঙ্গরাজ্যের ক্রো আদিবাসী গোষ্ঠীর নেতা জোসেফ মেডিসিন ক্রো গত রোববার ১০২ বছর বয়সে মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বীরত্বপূর্ণ কীর্তির জন্য নিজ আদিবাসী গোষ্ঠীর কাছে তিনি ‘প্রধান সর্দার’ খেতাব পান। তাঁর গোষ্ঠীর মধ্যে জোসেফই প্রথম ব্যক্তি, যিনি ১৯৩৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি তাঁর আদিবাসী গোষ্ঠীর প্রবীণ সদস্যদের মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে তাঁদের যাযাবর জীবন-এর ইতিহাস লিখে পরিণত হন ইতিহাসবেত্তায়। ২০০৯ সালে জোসেফ মেডিসিন ক্রো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত হন।

  • দুই হাজার জনকে আসামি করে তিন মামলা

    দুই হাজার জনকে আসামি করে তিন মামলা

    এবিএনএ : চট্টগ্রামের বাঁশখালীর গণ্ড‍ামারায় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের উত্তেজনাকে ঘিরে পুলিশ-আনসার ও গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৫৭ জনের নাম উল্লেখসহ দুই হাজার জনকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে ম্যাজিস্ট্রেট-পুলিশ ও সরকারি লোকজনের ওপর হামলার ঘটনায় বাঁশখালী থানার এসআই বাহার মিয়া বাদী হয়ে একটি, নিহত দুই সহোদর ও জামাতার পরিবারের পক্ষে বশির আহমদ বাদী হয়ে একটি এবং নিহত জাকেরের পরিবারের পক্ষে স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।

    থানা সূত্রে জানা গেছে, পুলিশ বাদী হয়ে করা মামলায় ৫৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সহস্রাধিক আসামি করা হয়েছে। বশির আহমদের মামলায় বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক, বিএনপি নেতা লিয়াকত আলীসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। মনোয়ারার মামলায় অজ্ঞাত ১৫০০-১৮০০ জনকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, এ পর্যন্ত তিনটি মামলাই হয়েছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঘটনাস্থল ও আশপাশে রয়েছেন। সোমবার স্থানীয় হাজীপাড়া স্কুল মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের সমাবেশের মাইকিংকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এরপরও দুই পক্ষের লোকজন সমাবেশস্থলে এলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ইটপাটকেল ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় গ্রামবাসী, আনসার ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। তবে স্থানীয় লোকজনের দাবি, তারা ১৪৪ ধারা জারির বিষয়ে কিছুই জানতেন না।

    একই পরিবারের নিহত তিনজন হলেন গণ্ডামারা ইউনিয়নের চরপাড়ার আশরাফ আলী বাড়ির মরতুজা আলী (৩৫) ও মো. আনোয়ারুল ইসলাম (৪৪), তাদের বোনের স্বামী জাকের হোসেন (৩০)। জাকেরকে সোমবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরা তিনজনই লবণের মাঠে কাজ করতেন। মরতুজার চার মেয়ে, দুই ছেলে, আনোয়ারের তিন মেয়ে, এক ছেলে এবং জাকেরের চার ছেলে রয়েছে। নিহত অপরজন হলেন একই ইউনিয়নের রহমানিয়া সিনিয়র মাদ্রাসা এলাকার বাসিন্দা জাকের আহমদ।

  • ওবামার ডিনারে প্রিয়াঙ্কার দাওয়াত !

    ওবামার ডিনারে প্রিয়াঙ্কার দাওয়াত !

    এবিএনএ : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন। বলিউডকে অসংখ্য হিট সিনেমা উপহার দেওয়া প্রিয়াঙ্কা জিতেছেন জাতীয় পুরস্কারও। এরপর বলিউড ছেড়ে হলিউডে পা বাড়ান প্রিয়াঙ্কা। এখনেও অসাধারণ সফলতা পাওয়ায় সুাবাদে প্রিয়াঙ্কা এবার দাওয়াত পেলেন হোয়াইট হাউজে।

    মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে এফবিআই এজেন্ট হিসেবে দুর্দান্ত অভিনয় করে জিতে নিয়েছেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড। প্রথম দক্ষিণ এশীয় অভিনয়শিল্পী হিসেবে এই পুরস্কার পেয়ে ইতিহাস গড়ার পর এবার হলিউডি সিনেমায় নাম লিখিয়েছেন।

    নব্বইয়ের দশকের সাড়া জাগানো টিভি সিরিজ ‘বেওয়াচ’ বড় পর্দায় তৈরি হচ্ছে। সেখানেই অভিনেতা ডোয়েইন জনসন এবং জ্যাক এফ্রনের সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে এ সিনেমার সুবাদে ভিলেন চরিত্রে দেখা যাবে তাকে।

    প্রকাশিত খবর অনুযায়ী , ধারাবাহিক সাফল্যে প্রিয়াঙ্কা চোপড়া হোয়াইট হাউজের এক ডিনার পার্টিতে দাওয়াত পেয়েছেন। হোয়াইট হাউজের বার্ষিক এ ডিনার পার্টি এপ্রিলের শেষের দিকে অনুষ্ঠিত হবে। আর তাই শিগগিরই প্রিয়াঙ্কা দেখা পেতে যাচ্ছেন বারাক ওবামার সঙ্গে। তবে আপাতত প্রিয়াঙ্কা কোয়ান্টিকোর শুটিং-এ ব্যস্ত। তাই তিনি ডিনারে যোগ দিতে পারবেন কি না সেবিষয়টি এখনও পরিস্কার নয়। এ অনুষ্ঠান প্রিয়াঙ্কা ছাড়া আরও উপস্থতি থাকবেন ব্র্যাডলি কুপার, লুসি লিউ, জেন ফন্ডা এবং গ্লাডিস নাইটসহ অনেক তারকা।

    এদিকে, মেয়ের ঢাল হয়ে রণক্ষেত্রে নামলেন মা ৷ প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজুকে টুইটারে একহাত নিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ৷ প্রিয়াঙ্কার আত্মহত্যা প্রচেষ্টা শীর্ষক খবরটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার জন্য প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজুকে দায়ী করেছেন মা মধু চোপড়া। তার মেয়ে কখনোই আত্মহত্যা করার চেষ্টা করেননি বলে জানান তিনি। টুইটারে রীতিমতো অশ্রাব্য গালিগালাজ করে প্রকাশকে তুলাধোনা করেছেন তিনি ৷ নিজের কাণ্ড-কারখানার জন্য আগেও প্রকাশ শ্রীঘরে গিয়েছেন বলে জানান তিনি ৷ এমনকি তার বৃদ্ধ বাবা-মা এসে নাকি প্রিয়াঙ্কার পায়ে পড়ে সাহায্য চেয়েছিলেন৷ সেই শোধ তুলতেই নায়িকার নামে কুৎসা রটাচ্ছে প্রকাশ ৷

  • জামিন পেলেন খালেদা জিয়া

    জামিন পেলেন খালেদা জিয়া

    এবিএনএ : রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

    এ ছাড়া আরও চারটি মামলায় আজ হাজিরা দেবেন খালেদা জিয়া।

    সকাল ১০টা ৫০ মিনিটে এজলাসকক্ষে ঢোকেন খালেদা জিয়া। জয়নাল আবেদীনসহ অন্য আইনজীবীরা তাঁর পক্ষে জামিনের শুনানি করেন। খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, এ মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে আসামি করা হয়েছে। মামলার ঘটনাস্থলে তিনি ছিলেন না। সবকিছু সুতরাং-অতএবের ওপর ভিত্তি করে পুলিশ তাঁকে এ মামলার আসামি করেছে। সুতরাং তাঁর জামিন আবেদন মঞ্জুর করা হোক।

    রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে আজ মঙ্গলবার সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে পৌঁছেছেন। ছবি: সাজিদ হোসেনঅন্যদিকে, রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করে আদালতে বক্তব্য দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু।

    শুনানি শেষে আদালত বেলা ১১টা ২০ মিনিটে জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

    রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে আজ মঙ্গলবার সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে পৌঁছেছেন। এ সময় দলের নেতা কর্মীরা ভিড় জমান। ছবি: সাজিদ হোসেন২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে গত বছরের ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই অবরোধের মধ্যে ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাঁদের মধ্যে নূর আলম (৬০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি মারা যান। ওই ঘটনায় ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা করে যাত্রাবাড়ী থানার পুলিশ। দুই মামলাতেই খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

  • উপমন্ত্রী জয়ের ঘটনা তদন্তে কমিটি : স্বরাষ্ট্রমন্ত্রী

    উপমন্ত্রী জয়ের ঘটনা তদন্তে কমিটি : স্বরাষ্ট্রমন্ত্রী

    এবিএনএ : যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তাকে দেখে নেয়ার হুমকি দেয়ার যে অভিযোগটি উঠেছে তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিমকে কমিটির প্রধান করা হয়েছে।

    সোমবার বিকেলে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মন্ত্রী।

    তিনি বলেন, একটি ঘটনায় অভিযোগ এসেছে। এখন বিষয়টি প্রথমে তদন্ত করে দেখা হবে। ঘটনাটা কীভাবে হলো। এখানে কার গাফিলতি ছিল। সবকিছু দেখে-শুনেই ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে বিষয়টি তদন্তে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিমকে প্রধান করে কমিটি গঠন করে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

    কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার বিষয়ে মন্ত্রী বলেন, প্রচলিত আইনেই এই ঘটনার বিচার সম্ভব।

    এরআগে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই কথা বলেছেন। যদিও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শনিবার এক অনুষ্ঠানে বলেছিলেন, সেকেলে আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়।

    গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দ্বিতীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ।

    বিকেল ৩টায় মন্ত্রীর আসার কথা থাকলেও তিনি পৌঁছান সাড়ে ৫টায়।

  • রিজার্ভ চুরি : আরো ৮ লাখ ডলার ফেরত

    রিজার্ভ চুরি : আরো ৮ লাখ ডলার ফেরত

    এবিএনএ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের আরো ৩৮ দশমিক ২৮ মিলিয়ন পেসো (প্রায় ৮ লাখ ৩১ হাজার ডলার) ফেরত দিয়েছেন ফিলিপাইনের ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম ওয়াং।

    সোমবার ফিলিপাইনের মুদ্রা পাচার কর্তৃপক্ষের (এএমএলসি) কাছে আইনজীবীর মাধ্যমে এ অর্থ ফেরত দেন কিম ওয়াং। তবে ফেরত দেওয়া পেসোর মধ্যে ৫০০ পেসোর দুটি জাল নোট ছিল, যা নিয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয়। বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে পেসোগুলো গোনা হয়। এসময় ভুয়া নোট দুটি শনাক্ত হয়।

    এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া ব্যাকে আবাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দ্য ইনকোয়ারার অনলাইনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

    কিম ওয়াংয়ের পক্ষ থেকে অর্থ ফেরত দিতে আসা আইনজীবী ভিক্টর ফার্নান্দেজ গণমাধ্যমকে বলেন, কিমের আইনি পরামর্শক এ সময় সেখানে উপস্থিত ছিলেন। তিনি জাল নোটের পরিবর্তে দুটি ভালো নোট নিজ পকেট থেকে দিয়ে হিসাব বুঝিয়ে দেন।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানি লিমিটেড এবং/অথবা মাইডাস ক্যাসিনোতে শুহুয়া গাও যে অর্থ ফেলে যান, সেই অর্থ থেকে এই ৩৮ দশমিক ২৮ মিলিয়ন পেসো ফেরত দেওয়া হয়েছে।

    ফিলিপাইনে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ চুরি করে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ধার শোধ হিসেবে শুহুয়া গাও প্রায় ৪৬ লাখ ডলার কিম ওয়াংকে দেন। সেই অর্থ এর আগে এএমএলসির কাছে ফেরত দেন কিম ওয়াং।

    কিম ওয়াংয়ের আইনজীবী ফার্নান্দেজ আরো জানিয়েছেন, কিম ওয়াংয়ের কাছ থেকে শুহুয়া গাওয়ের ধার করা ৫৪০ মিলিয়ন পেসোর (প্রায় ১ কোটি ডলার) বাকি অর্থ ফেরত দিতে আরো ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।

    বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় দেশজুড়ে যখন নানা আলোচনা-সমালোচনা হচ্ছে, তখন চুরির অর্থ ফেরত আসার খবরে কিছুটা স্বস্তি ফিরছে। তবে চুরি হওয়া অর্থের পুরোটা ফেরত আসা নিয়ে এখনো সংশয় কাটেনি।

    ফেব্রুয়ারি মাসের শুরুতে ভুয়া নির্দেশনা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকে সরিয়ে নেওয়া হয়। রিজল ব্যাংকের চারটি হিসাব থেকে এই অর্থ জুয়ার আসরে হাতবদল হয়ে ফিলিপাইনের অর্থ ব্যবস্থার সঙ্গে মিশে যায় বলে দাবি করে দেশটির গণমাধ্যম।

    ফিলিপাইনের অর্থ স্থানান্তরের খবর জানাজানির পর দেশটির সিনেটে শুনানি হয়। শুনানিতে অংশ নিয়ে কিম ওয়াং দাবি করেন, চীনের বেইজিংয়ের শুহুয়া গাও এবং ম্যাকাওয়ের ডিং জিজে নামে দুই জাঙ্কেট এজেন্ট (ক্যাসিনোর মক্কেল) বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ ফিলিপাইনে নিয়ে আসেন।

    চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।