Blog

  • সিরাজগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

    সিরাজগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

    এবিএনএ : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক দুটির চালক নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

    যমুনা ব্রিজ পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ব্রিজের পশ্চিম পাশে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই ট্রাক ও পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের চালকই ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন নওগা জেলার মহাদেবপুর থানার ভীমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে সাকোয়াত হোসেন(২২) ও পঞ্চগড় জেলার ইকরাম ইসলাম (৪০)। এ ঘটনায় ট্রাকের সহকারিসহ আরও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • ফেসবুকে ছবি দেখবে দৃষ্টিপ্রতিবন্ধীরাও!

    ফেসবুকে ছবি দেখবে দৃষ্টিপ্রতিবন্ধীরাও!

    এবিএনএ : গোটা ইন্টারনেটই তো ছবির দখলে। ফেসবুকেও তাই। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধীরা সেই ছবিগুলো দেখতে পান না! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার তাঁরাও ‘দেখতে’ পারবেন ছবি। ফেসবুক নতুন একটি প্রযুক্তি চালু করবে, যা ফেসবুকের ছবিগুলো ‘পড়ে’ শোনাবে এবং তাতে কী আছে তাও জানিয়ে দেবে।

    সুবিধাটি নিয়ে প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ গতকাল মঙ্গলবার তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘প্রতিদিন আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে ২০০ কোটির বেশি ছবি শেয়ার করি। ছবি আমাদের আরও বেশি যুক্ত করে পরস্পরের সঙ্গে, নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। কিন্তু লাখ লাখ মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা দেখতে পান না বলে। আজ ফেসবুক অ্যাকসেসিবিলিটি নতুন এক সুবিধা চালু করছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ছবির বিষয়বস্তু স্বয়ংক্রিয়ভাবে বর্ণনা করবে।’ এর ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরা জানতে পারবে তার বন্ধুরা কী শেয়ার করছে।
    বর্তমানে কম্পিউটারে পর্দার লেখা পড়ে শোনানোর প্রযুক্তি চালু আছে। আছে ব্রেইল পদ্ধতি। কিন্তু ছবির বিষয়বস্তু পড়ে শোনানোর কোনো প্রযুক্তি নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন থেকে ফেসবুক এ কাজটি করতে পারবে। এটি ছবির বিষয়বস্তুকে বিশ্লেষণ করবে। এরপর পর্দার লেখা পড়ে শোনাবে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরা ছবিটির বর্ণনা শুনতে পারবে। ফেসবুক বলছে, নতুন প্রযুক্তির সফটওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে, যা ৮০টির মতো একইরকম বস্তু এবং কার্যক্রমকে শনাক্ত করতে পারবে। এই সংখ্যা আরও বাড়তে থাকবে। প্রতিটি ছবিতে ক্যাপশন হিসেবে এটি যুক্ত থাকবে। যত ছবি স্ক্যান করবে, ততই সমৃদ্ধ হবে এর ডেটাবেইস।
    চোখের রেটিনার আলোকসংবেদী কোষকে ধ্বংসকারী রোগ রেটিনিটিস পিগমেন্টোসার কারণে দৃষ্টি হারানো ফেসবুক প্রকৌশলী ম্যাট কিং এবং তাঁর দল এই প্রযুক্তির উন্নয়নের পেছনে কাজ করছেন।
    অনলাইনের সব বস্তু দেখার এবং জানার অধিকার সবার সমান—এ কথা জানিয়ে তিনি বলেন, ‘এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে, তবে এগোচ্ছে সঠিক পথেই। যেকোনো বিষয় নিয়ে আলোচনায় এটি সবাইকে অংশ নেওয়ার সুযোগ করে দেবে।’
    প্রসঙ্গত, গত মাসে টুইটারও একই ধরনের প্রযুক্তি যোগ করেছে। তবে ফেসবুকেরটা উন্নত এবং উপকারী বলে ধারণা হচ্ছে।
    ফেসবুক আশা করে, এই প্রযুক্তি ভবিষ্যতে ছবির মানুষটির চেহারা শনাক্ত করে বলে দিতে পারবে তিনি কে!

  • অবশেষে জরিমানার কবলে ধোনি!

    অবশেষে জরিমানার কবলে ধোনি!

    এবিএনএ : একই ভুল যখন বাংলাদেশের অধিনায়ক করে তখন সে জরিমানার অংশীদার হয়। আবার সেই ভুল যখন ভারতীয় অধিনায়ক করেন তখন সে পাড় পেয়ে যান। আইসিসির এই নিয়ম অবশ্যই বাংলাদেশী ভক্তদের হৃদয়ে গাঁথা।
    বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচে বেশি সময় নেয়ার জন্য জরিমানা হয়েছিল মাশরাফি বিন মর্তুজার। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই একই ভুল করেন ধোনি। ভারত-বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচে শেষ ওভারে অতিরিক্ত সময় নেন ধোনি। কিন্তু আইসিসি তাকে কোন জরিমানা করে নি।
    কিন্তু এবার আইসিসি ধোনির আচরণের কারণে তাকে জরিমানা করেছেন। সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের সাথে হারের পর সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় অধিনায়ক। সেদিন একজন সাংবাদিক তাকে তার অবসরের বিষয়ে প্রশ্ন করলে তিনি সেই সাংবাদিককে তার পাশের চেয়ারে নিয়ে এসে বসান।
    তারপর তিনি সেই সাংবাদিককে উল্টো প্রশ্ন করা শুরু করেন। ধোনি সাংবাদিককে জিজ্ঞেস করেন, তার কি মনে হয় না ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ধোনি খেলতে পারবেন। তিনি যেভাবে খেলছেন এতে কি তার ফিটনেস সমস্যা দেখা যাচ্ছে? তাহলে অবসরের কথা কোথা থেকে আসল?
    সাংবাদিকের সাথে তার এই বিরূপ আচরণ আইসিসির আইন অমান্য করেছে। তাই আইসিসি তাকে শাস্তি প্রদান করবেন। আইসিসির আইন অনুযায়ী এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

  • আর্সেনিকজনিত রোগে বছরে ৪৩০০০ মানুষের মৃত্যু

    আর্সেনিকজনিত রোগে বছরে ৪৩০০০ মানুষের মৃত্যু

    এবিএনএ : দেশের আর্সেনিক সমস্যা ২০ বছর আগে যে অবস্থায় ছিল, এখনো সে অবস্থায় রয়েছে। মূলত রাজনৈতিক কারণে এই সমস্যার সমাধান হচ্ছে না। প্রতিবছর ৪৩ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে মারা যাচ্ছে।

    যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে ‘স্বজনপ্রীতি এবং অবহেলা: বাংলাদেশের গ্রামাঞ্চলের খাবার পানিতে আর্সেনিক প্রতিরোধে ব্যর্থ প্রচেষ্টা’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করা হয়।

    সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা বলেন, দেশের প্রায় দুই কোটি মানুষ আর্সেনিক ঝুঁকির ভেতর রয়েছে। প্রতিবছর ৪৩ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে মারা যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের ৬৫ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে ভুগছে। তবে হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

    হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা বলেন, নিরাপদ বা আর্সেনিকমুক্ত পানির জন্য সরকারের পক্ষ থেকে গভীর নলকূপ দেওয়া হয়। এতে দেখা যাচ্ছে, এই নলকূপ পাওয়ার ক্ষেত্রে বা বসানোর ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করে। সাংসদ বা উপজেলার পরিষদের চেয়ারম্যানরা এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন। রোগীর চিকিৎসার ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব আছে কি না—এমন প্রশ্নের জবাবে হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বলা হয়, কার্যত আক্রান্ত ব্যক্তিদের কোনো চিকিৎসাই আপাতত হচ্ছে না। সুতরাং, রাজনৈতিক প্রভাবের বিষয়টি এখানে অবান্তর।

  • বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    এবিএনএ : ‘শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর চাঁনখারপুলে এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

    ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঢামেক হাসপাতাল সংলগ্ন সচিবালয় রোডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    জানা গেছে, ৫০০ শয্যা বিশিষ্ট এই ইনস্টিটিউটটি নির্মাণে ব্যয় হবে ৫৩৪ কোটি টাকা। মোট ১ দশমিক ৭৬ একর জমিতে বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালটি সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হবে। আন্ডারগ্রাউন্ডে দুই তলা বেইজমেন্টসহ মোট ১২তলা বিশিষ্ট বহুতল একাধিক ভবনের নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হবে। পৃথক তিনটি ব্লকের একটিতে বার্ন, একটিতে প্লাস্টিক ও অপরটিতে একাডেমিক ভবন থাকবে।

  • আমেরিকার আদলে আসছে সৌদি গ্রিনকার্ড

    আমেরিকার আদলে আসছে সৌদি গ্রিনকার্ড

    এবিএনএ : কর্মরত বিদেশিদের স্থায়ী নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ২০২০ সাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা নিচ্ছে সরকার। খ্যাতনামা গণমাধ্যম ব্লুমবার্গকে গত সোমবার এক সাক্ষাতকারে সৌদি আরবের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান সরকারের এ পরিকল্পনার কথা জানান।

    উপ-প্রধানমন্ত্রী সালমান জানান, তেল নির্ভর অর্থনীতি থেকে সরে আসতে চাইছে সৌদি আরব। তার অংশ হিসেবে আয়ের উৎস বাড়াতে বিভিন্নমুখী পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান সালমান। সে পরিকল্পনার অংশ হচ্ছে কর্মরত বিদেশিদের স্থায়ী নাগরিকত্ব দেয়া।

    পরিকল্পনা অনুয়ায়ী, সৌদি আরবে কর্মরত সব বিদেশি নাগরিকদের জন্য এ সুযোগ উন্মুক্ত। আগ্রহী যে কোনো বিদেশি চাইলে নাগরিকত্বের আবেদন জানালে সরকার বিবেচনা করবে। নাগরিকত্বের এ সুযোগ অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডের আদলে করা হচ্ছে। নাগরিকত্ব দেয়ার এ প্যাকেজ বাস্তবায়িত হলে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার আয় হতে পারে বলে ধারনা করছেন সরকারের নীতি নির্ধারকরা।

    সৌদি উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের এ বক্তব্য আশান্বিত করেছে দেশটির বসবাসরত বাংলাদেশিদের। তারা বলছেন, এ সুযোগ বাংলাদেশিদের জন্য আনন্দের। সৌদি সরকারের এ সম্পর্কিত নীতিমালা বিস্তারিত জানতে অপেক্ষায় আছে বাংলাদেশিরা।

    উল্লেখ্য, সৌদি আরবে বর্তমানে ১২ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত আছে। যদিও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে অভিমত অনেকের। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এ দেশটিতে জনশক্তি রপ্তানি বাড়াতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।

  • উইসকনসিনে ট্রাম্পের পরাজয়

    উইসকনসিনে ট্রাম্পের পরাজয়

    এবিএনএ : আগেই অনুমান করা হচ্ছিল। এবার তা সত্যি হলো। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের নির্বাচনে শীর্ষস্থানীয় মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন। সেখানে সুস্পষ্ট জয় পেয়েছেন সিনেটর টেড ক্রুজ। এতে অগ্রবর্তী মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সামনে এগোনোর পথ দুর্গম হয়ে উঠেছে।

    এবিএনএ প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার উইসকনসিন অঙ্গরাজ্যে ওই নির্বাচন হয়। সেখানে ক্রুজ জয়ী হওয়ায় ট্রাম্পের দলীয় মনোনয়ন পাওয়ার পথ জটিল হয়ে উঠেছে।

    উইসকনসিনের এই ফলাফলকে ট্রাম্পের জন্য একটা বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    অঙ্গরাজ্যটিতে রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনের আগে এক জনমত জরিপে বলা হয়েছিল, ট্রাম্পকে ‘অপছন্দ’ করে—এমন ভোটারের সংখ্যা ৬৭ শতাংশ। শুধু নারীদের হিসাব নিলে অঙ্কটা বেড়ে দাঁড়ায় ৮০ শতাংশ। হিস্পানিক, অর্থাৎ, লাতিন বংশোদ্ভূত স্প্যানিশভাষী ভোটাররা তাঁকে অপছন্দ করে—৮৫ শতাংশ। ওয়াশিংটন পোস্ট ও এবিসি টিভির ওই জরিপ অনুযায়ী, গত ৩২ বছরে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির মধ্যে ট্রাম্পের মতো এমন ‘অজনপ্রিয়’ প্রেসিডেন্ট প্রার্থী আর দেখা যায়নি।

    ট্রাম্প আশা করেছিলেন, এই রাজ্যের শ্বেতাঙ্গ মধ্যবিত্ত ও কর্মজীবীদের ভোটে তিনি তাঁর দলীয় প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ ও গভর্নর জন কেইসিককে সহজেই হারিয়ে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত জনমত জরিপের ফলাফলই সত্যি হলো। উইসকনসিন অঙ্গরাজ্যের প্রাইমারি ট্রাম্পের জন্য বড় ধরনের দুঃসংবাদই নিয়ে এল।

    রিপাবলিকান নেতৃত্বের সংঘবদ্ধ প্রতিরোধের মুখে বিতর্কিত ট্রাম্প তাঁর দলের মনোনয়ন না-ও পেতে পারেন, এ সম্ভাবনা সম্প্রতি জোরালো হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প গত সপ্তাহে ইঙ্গিত করেছেন, আগামী জুলাই মাসে দলের কনভেনশনে অন্য কেউ মনোনয়ন পেলে তাঁকে সমর্থন করতে না-ও পারেন তিনি।

    অধিকাংশ বিশ্লেষক একমত, গত দুই সপ্তাহ ট্রাম্প একের পর এক কৌশলগত ভুল করেছেন।

  • ‘মশাল’ নিয়ে ইসিতে ইনু-শিরিনের শুনানি

    ‘মশাল’ নিয়ে ইসিতে ইনু-শিরিনের শুনানি

    এবিএনএ : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নির্বাচনী প্রতীক মশাল পাওয়ার দাবি করা দুই পক্ষের এক পক্ষের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তারের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    বুধবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে ইসির সম্মেলন কক্ষে শুরু হয়।

    শুনানিতে জাসদের এ পক্ষে হাসানুল হক ইনু, শিরিন আক্তার, দলের স্থায়ী কমিটির সদস্য নুরুল আক্তার, ড. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান শওকত, সাবেক সংসদ সদস্য জিকরুল আহমেদ খোকন, ঢাকা মহানগর জাসদের সভাপতি মির আক্তার উপস্থিত রয়েছেন।

    সিইসির সভাপতিত্বে নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মোহাম্মদ শাহনেওয়াজ, ইসি সচিব মো. সিরাজূল ইসলাম, যুগ্ম সচিব আইন ড. শাজাহান শুনানিতে রয়েছেন।

    বিকাল ৩টায় জাসাদের অপর অংশের মঈনুদ্দিন খান বাদল-নাজমুল হক প্রধানের শুনানির সময়সূচি রয়েছে।

    এর আগে মঙ্গলবারের মধ্যে দু’পক্ষের পূর্ণাঙ্গ কমিটির তালিকা, সম্মেলনের কার্যবিরণী ও গঠনতন্ত্রের কপি ইসিতে জমা দিতে বলা হয়।

    জাতীয় কাউন্সিলে আলাদা আলাদা দু’টি কমিটি গঠনের বিষয়ে যুক্তি তুলে ধরে সম্মেলনের কার্যবিরণীসহ আনুষাঙ্গিক কাগজপত্র ইসির নির্দেশ অনুযায়ী মঙ্গলবার বিকালেই ইসিতে পৌঁছে দেয় দুই পক্ষ।

    জাতীয় সম্মেলনকে ঘিরে দু’ভাগ হয়ে যায় দলটি। সংসদ সদস্য শিরিন আখতারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে ১২ মার্চ কাউন্সিলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ থেকে বেরিয়ে আলাদা কমিটি ঘোষণা করে দলটির একটি অংশ।

    শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করা হয় এই কমিটিতে। এই কমিটিতে কার্যকরী সভাপতি হয়েছেন সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল।

    ইসি ২০০৮ সালে সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে। এ পর্যন্ত ৪০টি দল ইসির নিবন্ধন পেয়েছে।

  • বার্ন ইনস্টিটিউট ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

    বার্ন ইনস্টিটিউট ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

    এবিএনএ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অগ্নিদগ্ধ মানুষকে বাঁচানোর ক্ষেত্রে বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। আজ মঙ্গলবার বিকেলে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    আগমীকাল বুধবার রাজধানীর চাঁনখারপুলে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের উদ্বোধন করবেন। মোহাম্মদ নাসিম বলেন, অগ্নিদগ্ধ লোকদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য এই ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে। বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও প্রসঙ্গে তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার নামে বিএনপি-জামায়াত অশুভ উদ্দেশ্যে নিয়ে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে। শত শত মানুষকে আহত করেছে। এই সকল আহত মানুষকে বার্ন ইউনিটে সেবা দিয়ে সুস্থ করা হয়েছে। ইতিহাসে এই বার্ন ইনস্টিটিউট মাইল ফলক হয়ে থাকবে। এ সময়ে স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • চার বছর পর দেশে ফিরেছেন মোনালিসা

    চার বছর পর দেশে ফিরেছেন মোনালিসা

    এবিএনএ : কয়েক বছর আগেও এ দেশের মিডিয়ায় তিনি ছিলেন পরিচিত এবং ব্যস্ততম মুখ। ছোটপর্দায় তার বিজ্ঞাপন এবং নাটকগুলো ছিল বেশ দর্শক নন্দিত। তার নাচেও মুগ্ধ হয়েছেন দেশর দর্শক। বলছি মডেল অভিনেত্রী মোনালিসার কথা। যার নামের আগে জনপ্রিয়তার তকমা লেগেছিলো অনেক আগেই।

    কিন্তু বিয়ে করে প্রায় পাঁচ বছর ধরেই সবরকম অভিনয় থেকে দূরে সরে আছেন তিনি। পাশাপাশি চার বছর ধরেই বসবাস করছেন আমেরিকায়। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে আজ মঙ্গলবার, ৫ এপ্রিল তিনি নিউইয়র্ক থেকে ঢাকায় পৌঁছেছেন।

    দেশে ফিরে নিজের ফেসবুকে সেলফি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। আরো জানান, ‘দেশের সবুজ দেখে মনটা ভরে গেল। নিজেকে খুবই নির্ভার মনে হচ্ছে। আমাকে পেয়ে স্বজনদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ। চোখ বেয়ে আজ সুখের জল নামছে।’

    তবে মোনালিসার এই সফরের উদ্দেশ্য এবং তিনি কতদিন থাকব্নে এ বিষয়ে কিছুই জানাননি তিনি। আশা করা হচ্ছে, মোনালিসাকে কাছে পেয়ে তার পরিচিত ও বন্ধু নির্মাতারা নিশ্চয়ই তাকে অভিনয়ে ফেরাবেন। আবারো দেখা মিলবে পর্দায় একসময়ের হার্টথ্রুব এই মোহনীয় হাসির অভিনেত্রীকে।

    মডেলিং ও অভিনয় ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থায় জনপ্রিয় সংগীত শিল্পী ও কম্পোজার হাবিব ওয়াহিদের সঙ্গে মন দেয়া নেয়ার সম্পর্কে জড়ান মোনালিসা। তাদের বিয়ের হচ্ছে বলেও খবর প্রকাশ হয়।

    কিন্তু সে সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি। অবশেষে ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। একই বছরের ম্যাজিক ডে ১২.১২.১২ তারিখে ঢাকার একটি রেস্টুরেন্টে মোনালিসা ও ফাইয়াজের বিবাবহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরপর যুক্তরাষ্ট্রে চলে গেলে দুই বছরের মাথায় বিচ্ছেদ ঘটে মোনালিসার সংসারে।

    এরপর তিনি সেখান থেকে জানিয়েছিলেন, বিচ্ছেদের প্রক্রিয়া শেষ করেই তিনি ঢাকায় ফিরবেন। এবং অভিনয়ে আবার নিয়মিত হবেন।

    এরমধ্যে তিনি সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। মাঝে যুক্তরাষ্ট্রের বাংলা টিভি চ্যানেল টাইম টিভিতেও কর্মরত ছিলেন।