জেলার খবরবাংলাদেশ

মনোহরদীতে পুলিশের অভিযানে তিন মাসে ৬৫ গ্রেপ্তার, সাজা ২২ জনের

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে মাদকের বিস্তার ঠেকাতে পুলিশের অভিযান এবং উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক সেবন, বিক্রি ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চলতি বছরের জুন, জুলাই ও আগস্ট—টানা তিন মাসে মনোহরদী থানা পুলিশের বিভিন্ন অভিযানে মাদকসংক্রান্ত অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ২২টি মামলার নিষ্পত্তি করে ২২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, জুন মাসে ভ্রাম্যমাণ আদালতে মাদকসংক্রান্ত ৯টি মামলায় ৯ জনকে সাজা দেওয়া হয়। জুলাই মাসেও ৯টি মামলায় ৯ জন এবং আগস্টে ৪টি মামলায় আরও ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বা সাজা দেওয়া হয়।

অন্যদিকে, মাদক বিক্রি, সেবন এবং মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগে মনোহরদী থানা পুলিশের পৃথক অভিযানে তিন মাসে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়। মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক তৎপরতায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল বলছে, মাদকের বিস্তার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম, পরিবারে নজরদারি বৃদ্ধি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোথাও মাদক কারবার বা সেবনের বিষয়ে তথ্য পাওয়া গেলে তা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও গ্রেপ্তারের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ও প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা বাড়ানো গেলে মাদকের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button