Tag: ভ্রাম্যমাণ আদালত

  • ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশজুড়ে র‍্যাবের অভিযান, লাখ লিটার মজুত চিহ্নিত—জরিমানা ও জব্দ

    ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশজুড়ে র‍্যাবের অভিযান, লাখ লিটার মজুত চিহ্নিত—জরিমানা ও জব্দ

    এবিএনএ: ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ তেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আরোপ এবং অবৈধভাবে মজুত করা তেল জব্দ করা হয়েছে।

    র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, বাজারে অস্থিরতা তৈরি করা মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর নজরদারি চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    বুধবার (৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাজারীবাগ, মোহাম্মদপুরের কৃষি মার্কেট ও টঙ্গী কাঁচাবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ১ লাখ ১৪ হাজার ৪৪২ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত চিহ্নিত করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৭১ হাজার টাকা জরিমানা করেন এবং ২২ হাজার ৬৪২ লিটার তেল জব্দ করা হয়।

    এর আগে ৭ এপ্রিল পটুয়াখালী সদর এলাকায় র‍্যাব-৮ এর তত্ত্বাবধানে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

    একই দিনে চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদন ছাড়া খোলা তেল বোতলজাত করা, বিভিন্ন কোম্পানির লেবেল ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ সনদ না থাকার অভিযোগে ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।

    এছাড়া নাসিরাবাদ এলাকায় একটি গোডাউনে ৯ হাজার ৬০০ লিটার এবং কর্ণফুলী কমপ্লেক্স এলাকার আরেকটি গুদামে ১২ হাজার লিটার ভোজ্যতেলের অবৈধ মজুত পাওয়া যায়। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

    র‍্যাব জানিয়েছে, ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • গভীর রাতে ভোট কেনাবেচার অভিযোগে ধরা পড়লেন ওয়ার্ড জামায়াত সভাপতি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    গভীর রাতে ভোট কেনাবেচার অভিযোগে ধরা পড়লেন ওয়ার্ড জামায়াত সভাপতি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    এবিএনএ,মোংলা : মোংলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গভীর রাতে টাকা দিয়ে ভোট প্রভাবিতের অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অভিযুক্ত মো. জসিম উদ্দিন—তিনি ওই ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং পৌর এলাকার বাসিন্দা।

    স্থানীয়দের ভাষ্য, রাতের দিকে বালুর মাঠ এলাকার আশপাশে কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে তিনি ভোটারদের অর্থের প্রলোভন দেখানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে গেলেও জসিম উদ্দিনসহ দুজনকে ধরে ফেলা হয়। পরে স্থানীয়রা তাদের যৌথ বাহিনীর হাতে তুলে দেন।

    খবর পেয়ে নির্বাচন তদারকিতে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌবাহিনী, বিজিবি ও পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্তের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও ভোট কেনার চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের আশপাশে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয় এবং ভোটার স্লিপ বিতরণের অস্থায়ী কার্যক্রমও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনের পরিবেশ নষ্ট করে এমন যে কোনো তৎপরতার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মোংলায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

  • বগুড়ায় ভোটকেন্দ্রে রাতে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

    বগুড়ায় ভোটকেন্দ্রে রাতে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

    এবিএনএ,বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে রাতের অনুপ্রবেশের অভিযোগে জামায়াতের ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি নাসিরুল ইসলামকে আটক করা হয়েছে।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বুধবার রাত ১০টার দিকে নাসিরুল ইসলাম নেতৃত্বে ১০ থেকে ১৫ জন জামায়াত কর্মী ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। খবর পেয়ে প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে নাসিরুলকে আটক করে।

    আটকরা দাবি করেছেন, তারা পোলিং এজেন্টের তালিকা প্রিজাইডিং কর্মকর্তার কাছে জমা দেওয়ার জন্য কেন্দ্রে এসেছিলেন। তবে রাতের সময় ভোটকেন্দ্রে তালিকা জমা দেওয়ার কোনো নিয়ম নেই। নাসিরুল ইসলামকে মুচলেকা নেওয়ার পর আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। পরবর্তী আইনি সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর নেওয়া হবে।

    অপরদিকে, বগুড়া শহর জামায়াত যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন জানান, “শুধু পোলিং এজেন্টের তালিকা দেওয়ার জন্য নেতারা কেন্দ্রে এসেছিলেন। সেখানে বিএনপি নেতাকর্মীরা ‘মব’ তৈরি করে জামায়াত নেতাকে আটক করিয়েছেন।”

    ঘটনায় কেন্দ্রে উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ ও প্রশাসনের তৎপরতা ভোটকেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করছে।

  • রাজধানীতে ভোট কেনার সময় জামায়াত নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে দুই দিনের কারাদণ্ড

    রাজধানীতে ভোট কেনার সময় জামায়াত নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে দুই দিনের কারাদণ্ড

    এবিএনএ: রাজধানীর সূত্রাপুরে ভোটারদের টাকা দিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগে স্থানীয় জনতার হাতে জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।

    ঘটনা বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনের ৪৪ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি চালের দোকানে ঘটে। স্থানীয়রা দেখেন, ভোটারদেরকে টাকা দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছেন মো. হাবিব। তারা সঙ্গে সঙ্গে তাকে আটক করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ যাচাই করার পর অভিযোগের সত্যতা নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।

    স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের প্রতি আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ করা যায়।

    রাজধানীর এই ঘটনায় নির্বাচনী পরিবেশ সচল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

  • নির্বাচনী কার্যালয়ে হানা: শরীয়তপুরে জামায়াত অফিস থেকে ৭ লাখ টাকা উদ্ধার, শিক্ষককে কারাদণ্ড

    নির্বাচনী কার্যালয়ে হানা: শরীয়তপুরে জামায়াত অফিস থেকে ৭ লাখ টাকা উদ্ধার, শিক্ষককে কারাদণ্ড

    এবিএনএ: শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামী’র একটি নির্বাচনী কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে ৭ লাখ ২০ হাজার টাকা, অর্থ বিতরণের তালিকা এবং একটি ল্যাপটপের হার্ডডিস্ক জব্দ করা হয়। এ ঘটনায় গোলাম মোস্তফা নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর নড়িয়া থানা পুলিশ দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠায়।

    আটক গোলাম মোস্তফা ১২৭ নম্বর হাজী সৈয়দ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চলমান নির্বাচনে একটি ভোটকেন্দ্রে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

    নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস জানান, নির্বাচনী কার্যক্রমে অর্থ বিতরণের গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উদ্ধার হওয়া টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় এবং সেখানে তার উপস্থিতির যৌক্তিকতা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষককে আইনের আওতায় আনা হয়।

    স্থানীয়দের তথ্য অনুযায়ী, শরীয়তপুর-২ আসনে জামায়াতের প্রার্থী মাহমুদ হোসেন ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে নির্বাচনী কার্যালয় পরিচালনা করছিলেন। বুধবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়।

    এ বিষয়ে জামায়াত প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মাসুদ কবির দাবি করেন, উদ্ধার হওয়া অর্থ ভোটকেন্দ্রভিত্তিক কর্মীদের যাতায়াত ও খাবারের খরচের জন্য রাখা ছিল। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশাসন অভিযান চালিয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে।

    অন্যদিকে, একই রাতে নড়িয়ায় বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী সফিকুর রহমান অভিযোগ করেন, জামায়াত বিভিন্ন এলাকায় অর্থের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি প্রশাসনের কাছে এ ধরনের তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    উল্লেখ্য, শরীয়তপুর-২ আসনে বিএনপি, জামায়াতসহ মোট আটজন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঁকড়া শিকার, অভিযান চালিয়ে ৪ জন আটক:জব্দ নৌকা ও ট্রলার

    নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঁকড়া শিকার, অভিযান চালিয়ে ৪ জন আটক:জব্দ নৌকা ও ট্রলার

    এবিএনএ,মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা: পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়ায় অভিযান চালিয়ে ৮০ কেজি কাঁকড়া উদ্ধার করেছে বনবিভাগ। অভিযানে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে চার কাঁকড়া শিকারিকে আটক করা হয়।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে আটকদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শরণখোলা রেঞ্জ কর্মকর্তা আসাদুজ্জামান। এর আগে বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে এসব কাঁকড়া জব্দ ও জড়িতদের আটক করা হয় বলে জানিয়েছেন তিনি।

    আটকরা হলেন, রফিক মোল্লা (৪৮), রউফ মোল্লা (৪৫), আলামিন শেখ (৩১) ও আছাদুল শেখ (৩০)। তাদের সবার বাড়ি দাকোপের পানখালী ও মোরেলগঞ্জের ছোলম বাড়ীয়ায়।

    বনবিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছুলিয়ার খালের মুখে একটি ট্রলার ও ডিঙ্গি নৌকাসহ চারজনকে আটক করা হয়। এসময় ট্রলার ও নৌকায় তল্লাশি করে ৮০ কেজি কাঁকড়া জব্দ করা হয়। পরবর্তীতে চারজনকে জ্ঞানপাড়াট হল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

    শরণখোলা রেঞ্জ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আটক ব্যক্তিরা অবৈধভাবে কাঁকড়া ধরে নিয়ে যাচ্ছিলো। সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা জারি রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

  • হালাল শেফকে ৪০ হাজার টাকা জরিমানা

    হালাল শেফকে ৪০ হাজার টাকা জরিমানা

    এবিএনএ,চট্টগ্রাম: হালাল শেফ নামে একটি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে নানা অপরাধে আরও চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

    রবিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

    ভোক্তা অধিকার চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস, ডাল, চটপটির ডাল, ভাত, ফ্রাইড রাইস থাকা, ক্ষতিকর কেমিক্যাল রং মিশ্রিত মরিচের ব্যবহার করায় হালাল শেফকে ৪০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য ফয়সাল মেডিকোকে দেড় হাজার টাকা, হীরা ফার্মাকে ২০ হাজার টাকা, অনুমোদন ছাড়া কেমিক্যাল-রং ব্যবহার, বাসমতি চালের ওপর বিড়াল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চপিং বোর্ড ব্যবহার, বিড়ালের বিষ্ঠা এবং ঈদুরের বিষ্ঠা মিশ্রিত বাসমতি চাল দিয়ে খাবার রান্নার জন্য সেভেন ডেইজকে ১ লাখ টাকা ও মূল্যহীন পণ্য বিক্রি করায় শাহ আমিন সুপার সপকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

  • কৃষিজমিতে অবৈধ পুকুর খনন,চাঁপাইনবাবগঞ্জে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

    কৃষিজমিতে অবৈধ পুকুর খনন,চাঁপাইনবাবগঞ্জে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

    এবিএনএ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও কৃষিজমিতে পুকুর খননের দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকালে দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খননের সঙ্গে জড়িত শাহাবাজপুর ইউনিয়নের নলডুবুরী হঠাৎপাড়া গ্রামের তাজামুল আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি ব্যাটারি জব্দ করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। তিনি বলেন, কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে পুনরায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে নিয়মিত মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ।

  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

    এবিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত প্রথম জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে। বিশাল গাড়িবহর নিয়ে নির্বাচনি এলাকায় পৌঁছার পর চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হলো। নির্বাচনী আচরণবিধি, ২০২৫ এর ২৭ ধারায় সম্ভাব্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে জরিমানা করা হয়েছে বলে জানান মং এছেন।

    শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলায় বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে এ জরিমানা করা হয়েছে। ওই উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এ আদেশ দেন। গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি নাজমুল মোস্তফা আমিনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। নবাগত প্রার্থী হিসেবে তিনি প্রথমবারের মতো নির্বাচনের মাঠে এসেছেন।

    সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘তিনি (নাজমুল মোস্তফা আমিন) চট্টগ্রাম থেকে সাতকানিয়া উপজেলা হয়ে লোহাগাড়ায় বটতলী স্টেশন এলাকায় আমাদের উপজেলার সীমানায় পৌঁছার পর আমরা গাড়িবহরের গতিরোধ করি। তিনি নিজে একটি জিপে দাঁড়ানো অবস্থায় ছিলেন। শ’খানেক মোটর সাইকেল, জিপ, প্রাইভেট কারসহ আরও গাড়ি সামনে-পেছনে ছিল। তফসিল ঘোষণার পর এ ধরনের মোটর শোভাযাত্রা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। জরিমানার পাশাপাশি তাকে আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি অবশ্য গাড়িবহর নিয়ে আর অগ্রসর হননি। পরে তিনি একটা মাহফিলে চলে যান।’​

    নেতাকর্মীদের নিয়ে নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম শহর থেকে গাড়ির বহর নিয়ে দোয়া মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় তার গাড়ির বহর বটতলী মোটর ষ্টেশনের সিটিজের পার্ক কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।​

    উক্ত আসনে​ প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী এলাকায় তার নির্বাচনী প্রচারণা চালালে ও আচরণ বিধি লংঘন সংক্রান্ত তেমন কোন কার্যক্রম পরিলক্ষিত হয়নি। চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত প্রথম কোনো ব্যবস্থা নেওয়া হল।

    গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • বাগেরহাটে মাদকবিরোধী বড় অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক ১৪, পলাতক ২

    বাগেরহাটে মাদকবিরোধী বড় অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক ১৪, পলাতক ২

    এবিএনএ,মাসুদ রানা : বাগেরহাট জেলায় মাদকচক্রের বিস্তার বেড়ে উদ্বেগ তৈরি করেছে। জেলার ৯টি উপজেলায় দিন দিন বাড়ছে মাদক ব্যবসায়ী ও সেবনকারীর সংখ্যা। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে, গত বছরের তুলনায় এবার মাদক সংক্রান্ত অপরাধ ও মামলা উভয়ই বেশি।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মাঝেই গোপন পথ ধরে নিয়মিত ঢুকছে মাদকের চালান। বাগেরহাট সদর, মোংলা, রামপাল, মোড়েলগঞ্জ, শরণখোলা, কচুয়া, ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট—এই ৯ উপজেলাজুড়ে বেশ সক্রিয় মাদক ব্যবসায়ীরা।

    ✅ মোংলায় সবচেয়ে ভয়াবহ অবস্থা

    সমুদ্র বন্দর ও শিল্প এলাকার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস—যা মোংলা উপজেলাকে মাদক বিস্তারের ঝুঁকিপূর্ণ জায়গায় পরিণত করেছে। ফলে এখানে সেবনকারী ও ব্যবসায়ীর সংখ্যা অন্য উপজেলাগুলোর তুলনায় অনেক বেশি। প্রতিনিয়তই অভিযান চালিয়ে ধরা পড়ছে খুচরা বিক্রেতা, বাহক ও সেবনকারীরা।

    ✅ শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ বিস্তার

    এ অঞ্চলের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিশোর-তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে মাদকসেবন। ফলে বাড়ছে কিশোর অপরাধ থেকে শুরু করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড।

    ✅ অক্টোবর মাসের বড় অর্জন

    বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ বুলু শেখ জানান, শুধু অক্টোবর মাসেই ৯ থানা এলাকায় অভিযানে—

    • ✅ গ্রেপ্তার: ১৪ জন

    • ✅ পলাতক: ২ জন

    • ✅ জব্দ: ইয়াবা ৬১০ পিস ও গাঁজা ৯ কেজি ১০০ গ্রাম

    তার ভাষায়—বাগেরহাট সদর থেকে সর্বোচ্চ ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারদের মধ্যে—

    • বাগেরহাট সদর: ৯ জন

    • মোল্লাহাট: ২ জন

    • মোংলা: ৩ জন

    • চিতলমারী: ১ জন (পলাতক)

    • মোংলা: ১ জন (পলাতক)

    ✅ আইনি ব্যবস্থা

    অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেকের অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের শাস্তি নিশ্চিত করা হয়েছে।

    ✅ কিছু এলাকায় অভিযান কম

    রামপাল, মোড়েলগঞ্জ, শরণখোলা ও কচুয়া উপজেলাগুলোতে কর্মকর্তার সংখ্যা কম থাকায় অক্টোবর মাসে তুলনামূলক কম অভিযান হয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে আগামী সময়ে অভিযান আরও জোরদার হবে।