এবিএনএ: ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার পর মেহেদী হাসান মিরাজের সময়টা শুরুতে খুব একটা সুখকর ছিল না। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে টানা সিরিজ হেরে চাপে পড়েছিলেন তরুণ এই অধিনায়ক। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজই যেন বদলে দিয়েছে তার ভাগ্যরেখা। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ ওয়ানডে ম্যাচে ১৭৯ রানের বিশাল জয় এনে দিয়ে বাংলাদেশকে ২–১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ দিয়েছেন মিরাজ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ জানান, কঠিন সময়টা পার করতে তাকে পাশে পেয়েছেন বাংলাদেশের দুই সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালকে। তারা ফোন করে দিয়েছেন নানা দিকনির্দেশনা ও মানসিক সাহস। মিরাজ বলেন, “বাংলাদেশের সফল অধিনায়কদের মধ্যে মাশরাফি ভাই ও তামিম ভাই দু’জনই আমাকে অনেক সমর্থন দিয়েছেন। তামিম ভাই ফোনে বলেছিলেন, কীভাবে খেললে ভালো হবে। এমন সহায়তা আমার কাছে দারুণ লেগেছে।”
মিরাজ আরও বলেন, “আমি সবসময় ইতিবাচকভাবে খেলতে চাই। ঘরের মাঠে সব দলের বিপক্ষে ভালো করার সুযোগ থাকে। আমরা জানতাম মিরপুরের উইকেট কেমন আচরণ করবে, কারণ এখানে আমরা বহু বছর ধরে খেলছি।”
মিরপুরের পিচ নিয়ে প্রশ্নের জবাবে তিনি যোগ করেন, “আগে এখানে কিছুটা ঘাস থাকত, এখন নেই। তাই বল কিছুটা ধীরে আসে। তবে এটি আমাদের কাছে নতুন কিছু নয়।”
নিজের নেতৃত্বে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী মিরাজ জানান, ভবিষ্যতে দলের পারফরম্যান্স আরও উন্নত করতে চান তিনি।

Leave a Reply