এবিএনএ: দীর্ঘ সময় পর আবারও বড় পর্দায় ভয়ডরহীন পুলিশ অফিসার শিবানী শিবাজি রাওয়ের ভূমিকায় হাজির হয়েছেন রানি মুখোপাধ্যায়। আর ফিরে এসেই বক্স অফিসে নিজের প্রভাব স্পষ্ট করে দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। গত ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া ক্রাইম অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মর্দানি ৩’ মুক্তির শুরুতেই দর্শকদের আগ্রহ কাড়তে সক্ষম হয়েছে।
বিভিন্ন প্রতিকূলতা এবং একাধিক বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতা সত্ত্বেও ছবিটি প্রথম তিন দিনেই প্রায় ১০ কোটি রুপি আয় করেছে। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।
ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘মর্দানি ৩’ আয় করে প্রায় ৪ কোটি রুপি। সপ্তাহান্তে দর্শকসংখ্যা বাড়ায় রবিবার সেই আয় প্রায় ৬ কোটিতে পৌঁছায়। ফলে তিন দিনের মধ্যেই সিনেমাটি দুই অঙ্কের ঘরে প্রবেশ করে।
বর্তমানে প্রেক্ষাগৃহে একাধিক আলোচিত ও বড় বাজেটের সিনেমা চললেও ‘মর্দানি ৩’ তার অবস্থান ধরে রাখতে পেরেছে। এমনকি একটি যুদ্ধভিত্তিক সিনেমার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমেও ছবিটির আয় স্থিতিশীল থাকায় অবাক হয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই।
যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়ার প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে আরেকটি কারণে। কারণ, ভারতীয় চলচ্চিত্রে রানি মুখোপাধ্যায়ের তিন দশকের ক্যারিয়ার পূর্তির সময়েই মুক্তি পেয়েছে ‘মর্দানি ৩’। শক্তিশালী নারী পুলিশের চরিত্রে রানির প্রত্যাবর্তন যে এখনো দর্শকদের টানতে সক্ষম, বক্স অফিস সাফল্যই তার সবচেয়ে বড় প্রমাণ।

Leave a Reply