Tag: বলিউড সিনেমা

  • ৬ দিনে ৫০০ কোটির ঘর পার! ‘ধুরন্ধর টু’ বক্স অফিসে তাণ্ডব

    ৬ দিনে ৫০০ কোটির ঘর পার! ‘ধুরন্ধর টু’ বক্স অফিসে তাণ্ডব

    এবিএনএ:  মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে বলিউড তারকা Ranveer Singh অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’। আন্ডারকাভার এজেন্টের ঝুঁকিপূর্ণ মিশন আর করাচির অপরাধ জগতকে ঘিরে নির্মিত এই ছবিটি দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছে।

    ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনে প্রায় ১২ হাজার ৪৯৯টি শোতে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। ওই দিনই ছবিটি আয় করেছে প্রায় ২২.৪১ কোটি রুপি (নিট)। সব মিলিয়ে ভারতের বাজারে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৫৪১.৫৩ কোটি রুপিতে।

    অন্যদিকে, গ্রস কালেকশনের হিসেবে এই ছবিটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৬৪৬.২০ কোটি রুপি। তবে চূড়ান্ত আয়ের পরিসংখ্যান এখনও নির্ধারিত হয়নি।

    সিনেমাটির গল্পে আগের পর্বের ধারাবাহিকতা বজায় রেখে দেখানো হয়েছে এক ভারতীয় আন্ডারকাভার গোয়েন্দার জীবন, যিনি করাচির অপরাধচক্র ও রাজনৈতিক অঙ্গনে গোপনে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিশোধ, ষড়যন্ত্র এবং বড় ধরনের হুমকি মোকাবিলার রোমাঞ্চকর ঘটনাপ্রবাহে এগিয়েছে ছবির কাহিনি।

    জানা গেছে, প্রথম পর্বের সঙ্গে একটানা শুটিং করা হয়েছে এই সিক্যুয়েলের। ২০২৪ সালের জুলাইয়ে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হওয়া শুটিং শেষ হয় ২০২৫ সালের অক্টোবরে। ভারতের পাঞ্জাব, চণ্ডীগড়, মহারাষ্ট্র, লাদাখ ও হিমাচল প্রদেশের পাশাপাশি থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনেও ছবিটির দৃশ্য ধারণ করা হয়েছে, যেখানে পাকিস্তানের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

  • আবার ফিরছে ‘ওয়েলকাম’ সিরিজ! ‘ওয়েলকাম ৪’ নিয়ে বড় ঘোষণা, থাকছে নতুন চমক

    আবার ফিরছে ‘ওয়েলকাম’ সিরিজ! ‘ওয়েলকাম ৪’ নিয়ে বড় ঘোষণা, থাকছে নতুন চমক

    এবিএনএ: বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি Welcome আবারও ফিরতে যাচ্ছে নতুন কিস্তি নিয়ে। এবার নির্মিত হতে যাচ্ছে সিরিজটির চতুর্থ পর্ব Welcome 4। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক Firoz Nadiadwala। তিনি জানিয়েছেন, নতুন এই সিনেমায় দর্শকদের জন্য থাকছে একাধিক চমক।

    ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ বর্তমানে এগিয়ে চলছে। খুব শিগগিরই চলচ্চিত্রটির জন্য তারকাদের নিয়ে চূড়ান্ত কাস্টিং শুরু হবে। আগের কিস্তিগুলোর মতোই এবারও সিনেমাটিতে কমেডি, অ্যাকশন এবং বড় পরিসরের বিনোদনের সমন্বয় থাকবে।

    প্রযোজকের ভাষ্য অনুযায়ী, নতুন এই কিস্তিতে দর্শকদের পরিচিত কিছু চরিত্রও ফিরে আসতে পারে। উদয় ভাই, মজনু ভাই এবং ডক্টর ঘুঙরুর মতো জনপ্রিয় চরিত্রগুলোর উপস্থিতির ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি গল্পে একাধিক শক্তিশালী খলনায়কের উপস্থিতিও থাকবে বলে জানান।

    সিনেমাটিকে আন্তর্জাতিক মাত্রা দিতে বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনসহ নানা অঞ্চলের শিল্পীরা গান ও সাউন্ডট্র্যাকে কাজ করতে পারেন বলে জানিয়েছেন প্রযোজক। এতে সিনেমার সংগীত ও অ্যাকশন দৃশ্যে নতুন মাত্রা যোগ হবে।

    অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি Welcome to the Jungle মুক্তি নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটি নাকচ করেছেন নাদিয়াদওয়ালা। তার দাবি, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত।

    এই সিনেমার নির্মাণে বড় বাজেট ব্যয় করা হয়েছে। এতে শতাধিক ঘোড়া, সামরিক হেলিকপ্টার এবং দুবাইয়ে চিত্রায়িত একটি গানের দৃশ্যে প্রায় ৫৭০ কোটি টাকার বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হয়েছে। এতে Akshay Kumar-এর পাশাপাশি অভিনয় করেছেন Arshad Warsi, Suniel Shetty এবং **Paresh Rawal**সহ আরও কয়েকজন জনপ্রিয় অভিনেতা।

    উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া Welcome সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। পরে ২০১৫ সালে এর দ্বিতীয় কিস্তি Welcome Back মুক্তি পায়। পরিচালক Anees Bazmee পরিচালিত প্রথম দুটি কিস্তিই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

  • বক্স অফিসে ঝড় তুলল রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি ৩’, তিন দিনেই দুই অঙ্কের আয়

    বক্স অফিসে ঝড় তুলল রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি ৩’, তিন দিনেই দুই অঙ্কের আয়

    এবিএনএ:  দীর্ঘ সময় পর আবারও বড় পর্দায় ভয়ডরহীন পুলিশ অফিসার শিবানী শিবাজি রাওয়ের ভূমিকায় হাজির হয়েছেন রানি মুখোপাধ্যায়। আর ফিরে এসেই বক্স অফিসে নিজের প্রভাব স্পষ্ট করে দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। গত ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া ক্রাইম অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মর্দানি ৩’ মুক্তির শুরুতেই দর্শকদের আগ্রহ কাড়তে সক্ষম হয়েছে।

    বিভিন্ন প্রতিকূলতা এবং একাধিক বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতা সত্ত্বেও ছবিটি প্রথম তিন দিনেই প্রায় ১০ কোটি রুপি আয় করেছে। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

    ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘মর্দানি ৩’ আয় করে প্রায় ৪ কোটি রুপি। সপ্তাহান্তে দর্শকসংখ্যা বাড়ায় রবিবার সেই আয় প্রায় ৬ কোটিতে পৌঁছায়। ফলে তিন দিনের মধ্যেই সিনেমাটি দুই অঙ্কের ঘরে প্রবেশ করে।

    বর্তমানে প্রেক্ষাগৃহে একাধিক আলোচিত ও বড় বাজেটের সিনেমা চললেও ‘মর্দানি ৩’ তার অবস্থান ধরে রাখতে পেরেছে। এমনকি একটি যুদ্ধভিত্তিক সিনেমার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমেও ছবিটির আয় স্থিতিশীল থাকায় অবাক হয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই।

    যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়ার প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে আরেকটি কারণে। কারণ, ভারতীয় চলচ্চিত্রে রানি মুখোপাধ্যায়ের তিন দশকের ক্যারিয়ার পূর্তির সময়েই মুক্তি পেয়েছে ‘মর্দানি ৩’। শক্তিশালী নারী পুলিশের চরিত্রে রানির প্রত্যাবর্তন যে এখনো দর্শকদের টানতে সক্ষম, বক্স অফিস সাফল্যই তার সবচেয়ে বড় প্রমাণ।

  • মণিরত্নমের চোখে ঐশ্বরিয়া রায়: সৌন্দর্যের নয়, গভীরতার প্রতীক

    মণিরত্নমের চোখে ঐশ্বরিয়া রায়: সৌন্দর্যের নয়, গভীরতার প্রতীক

    এবিএনএ:  বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চনের অভিনয়জীবনের ২৮ বছর পূর্ণ হয়েছে গত বছর। এ দীর্ঘ সময়ের মধ্যে তিনি প্রমাণ করেছেন, তিনি শুধু সৌন্দর্যের প্রতীক নন, অভিনয়ের গভীরতা ও শক্তিতেও অনন্য। এই প্রমাণের পেছনে অন্যতম হাত পরিচালক মণিরত্নমের, যিনি বারবার নতুন রূপে দর্শকের সামনে হাজির করেছেন ঐশ্বরিয়াকে।

    ১৯৯৭ সালে মণিরত্নমের ‘ইরুভার’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ করেন ঐশ্বরিয়া। সেখানে একদিকে ছিলেন বিনয়ী, নরম স্বভাবের গৃহবধূ; অন্যদিকে উচ্চাকাঙ্ক্ষী এক অভিনেত্রী। দুটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঐশ্বরিয়া ভেঙে ফেলেছিলেন কেবল গ্ল্যামারাস ইমেজের খোলস।

    পরবর্তী সময়ে ২০০৭ সালের ‘গুরু’ ছবিতে সুজাতা চরিত্রে তিনি হয়ে ওঠেন বাস্তব ও মানবিক এক নারী—যিনি স্বামীর স্বপ্নে পাশে থেকেও নিজেকে হারান না। গুরুকান্ত দেশাইয়ের জীবনে তিনি ছিলেন এক নিঃশব্দ শক্তি, যিনি উচ্চাকাঙ্ক্ষার ভেতরেও মানবিকতার ভারসাম্য বজায় রাখেন।

    ২০১০ সালের ‘রাবণ’-এ ঐশ্বরিয়া হাজির হন একদম ভিন্ন রূপে। এখানে তিনি নৈতিক দ্বন্দ্বের এক প্রতীক, যেখানে পৌরাণিক কাহিনি মানবিক সীমানায় এসে দাঁড়ায়। মণিরত্নম সেই দ্বন্দ্বময় নারীত্বকেই ফুটিয়ে তুলেছিলেন ঐশ্বরিয়ার চোখে-মুখে।

    অবশেষে আসে ‘পোন্নিয়িন সেলভান’। এই সিনেমায় ঐশ্বরিয়া যেন নিজের শিল্পযাত্রার পূর্ণতা পান। নন্দিনী চরিত্রে তিনি ছিলেন এক বুদ্ধিমত্তার প্রতীক—যিনি সৌন্দর্যকে ব্যবহার করেন কৌশল হিসেবে, অস্ত্র হিসেবে নয়। মণিরত্নমের দৃষ্টিতে এটি ছিল নারীর অন্তর্নিহিত শক্তি, প্রতিশোধ ও বুদ্ধির এক গভীর প্রতীকী প্রকাশ।

    ‘ইরুভার’-এর কোমল নারী থেকে শুরু করে ‘পোন্নিয়িন সেলভান’-এর দৃঢ় চরিত্র—এই পুরো যাত্রাপথে মণিরত্নমের চোখে ঐশ্বরিয়া হয়ে উঠেছেন এমন এক অভিনেত্রী, যিনি নিজেকে প্রতিটি চরিত্রে নতুনভাবে জন্ম দিয়েছেন।

  • লাদাখে শুটিংয়ে আহত সালমান খান, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে

    লাদাখে শুটিংয়ে আহত সালমান খান, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে

    এবিএনএ:  বলিউড সুপারস্টার সালমান খান আবারও শিরোনামে—তবে এবার সিনেমার জন্য নয়, শুটিং চলাকালে আহত হওয়ার কারণে। ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির লাদাখ শিডিউলে অংশ নিতে গিয়ে চোট পান তিনি।

    অপূর্ব লাখিয়া পরিচালিত এ ছবির একটি সূত্র জানিয়েছে, শূন্যের নিচে তীব্র ঠান্ডা ও অক্সিজেন সংকটের মধ্যেও শুটিং করেছেন সালমান খান। শারীরিক সমস্যার পরও সর্বোচ্চ চেষ্টা করে তিনি দৃশ্য ধারণে অংশ নেন।

    প্রায় ৪৫ দিন ধরে চলা শুটিংয়ের মধ্যে সালমান ১৫ দিন ইউনিটের সঙ্গে ছিলেন। এ সময়ই আহত হলেও শুটিং শেষ না করে দৃশ্যগুলো সম্পন্ন করেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন এই জনপ্রিয় নায়ক।

    আগামী সপ্তাহে ছবিটির দ্বিতীয় পর্বের শুটিং শুরু হবে মুম্বাইয়ে। সেখানেই সালমান খানের নতুন শিডিউল রয়েছে।

    ২০২০ সালের ভারত-চীন সেনাদের গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ব্যাটল অব গালওয়ান’। ছবিটির প্রথম পোস্টার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে, যেখানে রক্তাক্ত ও দৃঢ়চোখে তাকিয়ে থাকা সালমান খানের লুক দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • আমির-সালমান-অক্ষয়কে ছাড়িয়ে ২০২৫ সালের দ্বিতীয় স্থানে ‘সাইয়ারা’, আসছে ওটিটিতে

    আমির-সালমান-অক্ষয়কে ছাড়িয়ে ২০২৫ সালের দ্বিতীয় স্থানে ‘সাইয়ারা’, আসছে ওটিটিতে

    এবিএনএ:  বলিউডে ২০২৫ সালের অন্যতম বড় চমক হয়ে এসেছে মোহিত সুরির পরিচালিত ‘সাইয়ারা’। আহান পান্ডে ও অনিত পাড্ডার প্রথম ছবি হলেও মুক্তির পরই এটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই জুটি বি-টাউনের নতুন তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে।

    বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘সাইয়ারা’ বিশ্বব্যাপী আয় করেছে ৫৪১.১৩ কোটি রুপি, যার মধ্যে ভারতের অভ্যন্তরীণ আয় ৩১৯.৭১ কোটি রুপি। এর ফলে এটি ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে স্থান পেয়েছে। এ পথে ছবিটি পেছনে ফেলেছে আমির খানের ‘সিতারে জামিন পর’, অজয় দেবগনের ‘রেইড ২’, সালমান খানের ‘সিকান্দার’ এবং অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’-এর মতো বহু আলোচিত সিনেমা।

    গভীর আবেগময় গল্প ও সংবেদনশীল দৃশ্যের জন্য বিশেষ করে তরুণ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ‘সাইয়ারা’। সিনেমা হলে প্রদর্শনের সময় দর্শকদের আবেগাপ্লুত হয়ে পড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে প্রমাণ করেছে এর গল্পের শক্তি।

    বক্স অফিসে সাফল্যের পর এবার আসছে ডিজিটাল প্ল্যাটফর্মে। যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা ইনস্টাগ্রামে ঘোষণা দিয়েছেন, ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘সাইয়ারা’র। আহান ও অনিতের পোস্টারসহ মুক্তির তারিখ প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

  • বারবার পিছিয়ে যাচ্ছে ‘ডন ৩’, কী তবে বন্ধই হয়ে গেল রণবীর সিংয়ের স্বপ্নের প্রজেক্ট?

    বারবার পিছিয়ে যাচ্ছে ‘ডন ৩’, কী তবে বন্ধই হয়ে গেল রণবীর সিংয়ের স্বপ্নের প্রজেক্ট?

    এবিএনএ:  বলিউডের আলোচিত তারকা রণবীর সিং গত কয়েক মাস ধরে দুটি সিনেমা ঘিরে খবরের শিরোনামে রয়েছেন। তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর প্রথম লুক প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি। সব কিছু ঠিকঠাক থাকলে এই ছবি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে বলে নির্মাতারা জানিয়েছেন।

    কিন্তু এর মাঝে বড় অনিশ্চয়তার মুখে পড়েছে আরেকটি বহুল প্রতীক্ষিত সিনেমা—‘ডন ৩’। সিনেমাটির শুটিং বারবার পিছিয়ে যাওয়ায় অনেকে প্রশ্ন তুলছেন—আসলে কি আদৌ এই প্রজেক্ট বাস্তবায়ন হবে?

    প্রথমে শোনা গিয়েছিল, ২০২৩ সালের আগস্টে ‘ডন ৩’-এর শুটিং শুরু হবে। কিন্তু ফারহান আখতারের নিজস্ব প্রজেক্ট ‘বাহাদুর ১২০’ শেষ না হওয়ায় ‘ডন ৩’-এর পরিকল্পনা থেমে যায়। পরে ২০২৫ সালের মে-জুন মাসে নতুন শিডিউল নির্ধারিত হলেও সেটিও বাস্তবায়ন হয়নি।

    ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ‘ডন ৩’ এখন একেবারেই অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে। কেউ কেউ বলছেন, প্রজেক্টটি বাতিল হয়ে গেছে—এই খবর নাকি রণবীর সিংকেও জানানো হয়েছে, যদিও তিনি এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

    আরও বিপদের কথা হচ্ছে, খলনায়কের চরিত্রে চুক্তিবদ্ধ থাকা বিক্রান্ত ম্যাসি ছবিটি ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। তার সরে যাওয়াও শুটিং পিছিয়ে পড়ার একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে। এর আগে সিনেমা থেকে সরে যান কিয়ারা আদভানি, যিনি বর্তমানে মাতৃত্বকালীন অবসর কাটাচ্ছেন। কিয়ারার পরিবর্তে কৃতি শ্যাননের নাম শোনা গেলেও এখনো তাকে চূড়ান্ত করা হয়নি।

    সম্প্রতি বক্স অফিস ওয়ার্ল্ড ডটকম প্রকাশিত একটি প্রতিবেদনেও জানা যায়, প্রযোজক ও পরিচালকরা ‘ডন ৩’ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন, এমনকি প্রজেক্টটি বন্ধ করার কথাও আলোচনায় এসেছে।

    এখন দেখার বিষয়, রণবীর সিংয়ের ‘ডন ৩’ আদৌ আলোর মুখ দেখতে পায়, নাকি এটি বলিউডের আরেকটি অসমাপ্ত অধ্যায় হয়েই থেকে যায়।

  • তিনগুণ রহস্য ও রোমাঞ্চে ফিরছেন ‘রানি’! আসছে ‘হাসিন দিলরুবা ৩’

    তিনগুণ রহস্য ও রোমাঞ্চে ফিরছেন ‘রানি’! আসছে ‘হাসিন দিলরুবা ৩’

    এবিএনএ:  তিনগুণ রোমাঞ্চ, মজা আর রহস্য নিয়ে আবারও পর্দায় ফিরতে চলেছেন ‘রানি’। তাপসী পান্নু অভিনীত জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘হাসিন দিলরুবা’ এবার পা রাখতে চলেছে তৃতীয় অধ্যায়ে। কিছুদিন আগেই চিত্রনাট্যকার কনিকা ঢিলোঁ এবং অভিনেত্রী তাপসী নিজেই জানান দিয়েছিলেন নতুন কিস্তি আসছে। এবার মিলল নিশ্চিত খবর—নেটফ্লিক্সে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ‘হাসিন দিলরুবা ৩’

    পিংকভিলা-র সূত্রে জানা গেছে, বর্তমানে সিরিজটির নতুন গল্প লেখার কাজ পুরোদমে চলছে। ‘রানি’ এবং ‘ঋষু’র প্রেম, প্রতারণা আর হত্যাকাণ্ড ঘিরে গড়ে উঠবে এমন এক জগৎ, যা আগের দুই পর্বের তুলনায় আরও বেশি টানটান ও চমকপ্রদ হবে।

    প্রযোজনা টিমের দাবি, এই সিজন হবে সম্পূর্ণভাবে তিনগুণ বিনোদনে ভরপুর—থাকবে থ্রিল, টুইস্ট এবং টানটান উত্তেজনা। কিছুদিন আগে তাপসী ইনস্টাগ্রামে ‘ফির অয়ি হাসিন দিলরুবা’-র একটি ক্লিপ শেয়ার করে লিখেছিলেন, “পাগলামিটা মিস করছি, পণ্ডিতজি! বলো দেখি?” উত্তরে কনিকার মন্তব্য, “এইবারে পাগলামি তিনগুণ! ‘পণ্ডিতজি’ শুরু করে দিয়েছেন নতুন কিতাব!”—যা সিরিজপ্রেমীদের উত্তেজনায় ভরিয়ে দেয়।

    প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘হাসিন দিলরুবা’, এবং ২০২৪-এ আসে এর দ্বিতীয় কিস্তি ‘ফির অয়ি হাসিন দিলরুবা’। প্রথম দুই পর্বেই তাপসীর সঙ্গে ছিলেন বিক্রান্ত ম্যাসি, হর্ষবর্ধন রানে ও সানি কৌশল। রহস্য আর রোমাঞ্চে মোড়া গল্প দর্শকদের নজর কাড়ে এবং তাপসীর ক্যারিয়ারে এনে দেয় নতুন গতি।

    এদিকে, বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’ ছবিতেও প্রশংসিত হয়েছেন তাপসী। এবার তার পরবর্তী সিনেমা ‘গান্ধারী’, যা পরিচালনা করছেন দেবাশীষ মাখিজা এবং প্রযোজক কনিকা ঢিলোঁ। সিনেমাটি চলতি বছরেই নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যেখানে ইশওয়াক সিং থাকবেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

    তবে আপাতত সমস্ত নজর ‘হাসিন দিলরুবা ৩’-এর দিকে—রানির জীবনে এবার কী চমক অপেক্ষা করছে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।