গুলশানে গভীর রাতে চেকপোস্টে ধরা যুবক, যুক্তরাষ্ট্রের তৈরি দুই পিস্তল ও গুলি উদ্ধার

Written by

in

এবিএনএ: রাজধানীর গুলশানে গভীর রাতে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় যুক্তরাষ্ট্রের তৈরি দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. সোহেল (৩৫)।

রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বাড্ডা-গুলশান লিংক রোডে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে যে একটি মোটরসাইকেলে করে বিদেশি অস্ত্র নিয়ে গুলশান এলাকায় প্রবেশ করা হচ্ছে। এমন তথ্যের পরপরই নির্দিষ্ট স্থানে চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করে। এ সময় সোহেল নামে এক যুবককে আটক করা সম্ভব হলেও মোটরসাইকেলের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে আটক যুবকের কোমর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় সোহেল মদ্যপ অবস্থায় ছিলেন। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল—তা জানতে তদন্ত শুরু হয়েছে।

পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গুলশান থানা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *