ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় ভবন ধ্বংস, ধ্বংসস্তূপ থেকে ৪ মরদেহ উদ্ধার

এবিএনএ: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে একটি আবাসিক ভবন ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘ সময়ের উদ্ধার অভিযানের পর ভবনের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আবাসিক ভবন লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। প্রথম ধাপে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া দুইজনকে বের করে আনলেও তাদের শরীরে প্রাণের কোনো স্পন্দন পাওয়া যায়নি। নিহতদের মধ্যে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ ও এক বৃদ্ধা রয়েছেন বলে জানা গেছে।

এর কয়েক ঘণ্টা পর উদ্ধারকারীরা আরও একজনের মরদেহ শনাক্ত করেন, যিনি প্রায় ৪০ বছর বয়সী একজন পুরুষ। পরবর্তীতে উদ্ধার অভিযান চালিয়ে ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহও ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। হামলার প্রায় ১৮ ঘণ্টা পর শেষ মরদেহটি উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

হামলার পর প্রথমদিকে চারজন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছিল এবং ভবনটি ধসে পড়ার ঝুঁকি থাকায় উদ্ধারকাজে সতর্কতা অবলম্বন করা হয়। এখন পর্যন্ত নিহতদের আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। চিকিৎসা কর্মকর্তাদের মতে, ৮২ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এছাড়া ৭৮ ও ৩৮ বছর বয়সী দুই নারী এবং ১০ মাস বয়সী এক শিশুও আহত হয়েছে। শিশুটি মাথায় আঘাত পেয়েছে বলে জানা গেছে।

হাইফার একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, গুরুতর আহত ওই বৃদ্ধের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *