Category: খেলাধুলা

  • আইপিএলের ফাইনাল আজ, মুস্তাফিজের খেলা অনিশ্চিত

    আইপিএলের ফাইনাল আজ, মুস্তাফিজের খেলা অনিশ্চিত

    এ বি এন এ : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

    তবে আজ ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম খেলোয়াড় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

    সানরাইজার্স হায়দ্রাবাদের সবশেষ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান।ম্যাচের কিছু সময় আগে নিশ্চিত হবে আজকে তিনি মাঠে নামছেন কিনা।

    ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার বিবিসিকে বলেছেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার তাঁকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন “মুস্তাফিজের চোট এখনও পুরোপুরি সারেনি, তিনি আজ নাও খেলতে পারেন। তবে সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না”।

    “এবারের টুর্নামেন্টে দুর্ধর্ষ বোলিং করা মুস্তাফিজ যদি আজ না খেলেন তবে হায়দ্রাবাদের জন্য সেটা চাপের কারণ হবে। কারণ মুস্তাফিজ যেভাবে টুর্নামেন্টে বল করেছেন সব দলের ব্যাটসম্যানদের জন্য কিন্তু সমস্যার কারণ হয়েছেন। না খেললে দলের জন্য সমস্যা একটু হবেই”-বলেন ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার।

    মুস্তাফিজুর রহমান যদি আজ খেলতে না পারেন তাহলে তাঁর বদলে খেলবেন ট্রেন্ট বোল্ট।

  • রিয়ালকে বার্সার অভিনন্দন

    রিয়ালকে বার্সার অভিনন্দন

    এ বি এন এ : স্পেন কিংবা ইউরোপ নয়, বিশ্বব্যাপি ফুটবল ভক্তদের কাছে বহু প্রত্যাশিত লড়াইয়ের নাম রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। প্রতিদ্বন্দ্বিতার নিরিখেও দুটি দল পরস্পরের শত্রু। তবে এবার সেই শত্রুতা ভুলে রিয়াল চ্যাম্পিয়ন হওয়ার পর বার্সেলোনার অফিশিয়াল টুইটার থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের অভিনন্দন জানিয়ে ছোট্ট একটি বার্তা দেওয়া হয়েছে।

    বার্সেলোনা তাদের অফিশিয়াল টুইটারে লেখেন, `মিলানে চ্যাম্পিয়নস লিগ জেতায় রিয়ালকে অভিনন্দন`। তবে এ বার্তা ভালোভাবে মেনে নিতে পারছে না বার্সা সমর্থকেরা। এখনই মুছে ফেলুন এই বাক্যটি লিখে বার্সার সেই টুইটটি লাগাতার রিটুইট করতে থাকে তারা। অবশ্য বার্সা তাতে টলেনি।

  • ফাইনালে কি খেলবেন মুস্তাফিজ?

    ফাইনালে কি খেলবেন মুস্তাফিজ?

    এ বি এন এ : আইপিএলের নবম আসরে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রথমবারের মতো আইপিএল খেলছেন টাইগার কাটার ‘মুস্তাফিজ’। আইপিএলের শুরু থেকে প্রতিটি ম্যাচেই হায়দাবাদের পক্ষে মাঠে ছিলেন মুস্তাফিজ।

    তবে গতকালের গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে দলে ছিলেন না কাটার মাস্টার মুস্তাফিজ। তবে ওয়ার্নারের ব্যাটের উপর ভর করে ফাইনালে ঠিকই জায়গা করে নিয়েছে মুস্তাফিজের দল। আর ফাইনালে দলের হয়ে মাঠে নামবেন এই কাটার মাস্টার। এমনটাই জানালেন দলের অধিনায়ক।

    এ নিয়ে ওয়ার্নার বলেন, অনুশীলনের সময় সামান্য হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এ ম্যাচে নেই মুস্তাফিজ। তবে পুরোপুরি সুস্থ হয়েই ফাইনালে আবারো মাঠে নামবেন ফিজ।

    তবে, টানা খেলার মধ্যে থাকা মুস্তাফিজের শারিরীক অবস্থা খুব একটা আশাব্যঞ্জক নয়। আইপিএল খেলতে গিয়েই পায়ে সামান্য চোঁট পেয়েছেন মুস্তাফিজ। আর সাথে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার কারণে কাজ করছে ‘হোম সিকনেস’। সেকারণেই, গত কয়েকদিন যাবৎ নিষ্প্রভ বাঁ-হাতি এই পেসার।

    এদিকে আইপিএল শেষ করে দেশে ফেরার পর কতটা বিশ্রাম পাবেন – সে ব্যাপারটাও প্রশ্নবিদ্ধ। কারণ, সাসেক্সে খেলতে গেলে আবারও দীর্ঘ সময় থাকতে হবে দেশের বাইরে। আর দেশে থাকলে, মোহামেডানের হয়ে খেলতে নেমে যেতে হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।

  • বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত

    বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত

    এ বি এন এ : আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ, সেটা জানা ছিল আগেই। এবার চূড়ান্ত হলো সেই সফরের সূচি। সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর প্রথম ওযানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড অভিযান। এই সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। ২৪ জানুয়ারি শুরু দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে মাসব্যাপী এই সফর।

     

     

     

     

     

                                  পূর্ণাঙ্গ সূচি

    তারিখ                     ম্যাচ                          ভেন্যু

    ২৬ ডিসেম্বর          ১ম ওয়ানডে           হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ

    ২৯ ডিসেম্বর          ২য় ওয়ানডে           স্যাক্সটন ওভাল, নেলসন

    ৩১ ডিসেম্বর         ৩য় ওয়ানডে            স্যাক্সটন ওভাল, নেলসন

    ৩ জানুয়ারি          ১ম টি-টোয়েন্টি        ম্যাকলিন পার্ক, নেপিয়ার

    ৬ জানুয়ারি          ২য় টি-টোয়েন্টি        বে ওভাল, মাউন্ট মনগানুই

    ৮ জানুয়ারি          ৩য় টি-টোয়েন্টি       বে ওভাল, মাউন্ট মনগানুই

    ১২-১৬ জানুয়ারি   ১ম টেস্ট               বেসিন রিজার্ভ, ওয়েলিংটন

    ২০-২৪ জানুয়ারি    ২য় টেস্ট               হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ

  • ওয়ার্নারের মুখে ফের মুস্তাফিজ বন্দনা

    ওয়ার্নারের মুখে ফের মুস্তাফিজ বন্দনা

    এ বি এন এ :  আইপিএলের চলতি আসরে ফাইনালের পথে একধাপ এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির ফিরোজ শাহ কোটলায় বুধবার রাত সাড়ে ৮টা ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর ঠিক ২৪ ঘণ্টা আগে মিডিয়ার মুখোমুখি হন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আধা ঘণ্টারও বেশি সময় ব্যাপী ওই সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশি তরুণ পেসার মুস্তাফিজুর রহমান নিয়েও বেশ আলোচনা।

    সাক্ষাৎকারের একটি পর্যায়ে জানতে চাওয়া হয়- মুস্তাফিজুর আপনার খুব বড় অস্ত্র। ওকে কাছ থেকে কেমন দেখলেন? জবাবে ওয়ার্নার বলেন, মুস্তাফিজ বড় ট্যালেন্ট। আমি চেষ্টা করেছি ওকে সতর্ক ভাবে ব্যবহার করতে। এমন সময় আক্রমণে আনতে যখন হয়তো ব্যাটিং পাওয়ার প্লে হয়ে গেছে। প্রচণ্ড মারের তোড়ের মধ্যে ওকে না ফেলতে।

    ‘বাংলাদেশ ক্রিকেটমহল খুব মন দিয়ে মুস্তাফিজের আইপিএল পারফরম্যান্স দেখছে। আপনি ক্যাপ্টেন হিসেবে ওকে যেভাবে ব্যবহার করছেন তা নিয়ে কেউ কেউ খুব তারিফও করছে।’ সাংবাদিকের এমন কথার পরপরই অস্ট্রেলিয়ান ওপেনার আবারও বলেন, ছেলেটা বড় ট্যালেন্ট। আমি খুব ভালবাসি। ও যা ফিল্ড চায়, তাই দিই। ওর ভাষা সমস্যা কাটিয়ে উঠে ওকে যত পারি স্বচ্ছন্দ করার চেষ্টা করি। সবার বেলাতেই অবশ্য কমবেশি তাই করি। সানরাইজার্স হায়দরাবাদ একটা পরিবারের মতো।

    ‘শুনেছি ওর জন্য টিমে দোভাষী ব্যবহার হচ্ছে। কিন্তু দোভাষী তো মাঠে থাকেন না। তখন আপনি মুস্তাফিজের সঙ্গে কথা বলেন কী করে? আপনার ইংরেজিটাও একটু জড়ানো। মাঠের মধ্যে অত চিৎকারে সেটা বোঝা তো আরও কঠিন।’ জবাবে ওয়ার্নার বলেন, ক্রিকেটিং ল্যাঙ্গোয়েজে আদান-প্রদান করি। সিগন্যালও করি। ইয়র্কার দিতে বললে নীচে দেখাই। স্লোয়ার বললে হাত দিয়ে দেখাই।

    চলতি আইপিএলে ব্যক্তিগত লক্ষ্যের কথা জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগত কোন লক্ষ্য নেই। লক্ষ্য একটাই— হায়দরাবাদকে ট্রফি জেতানো। এটা শুধু টিম নয়, সাপোর্ট স্টাফ, স্পনসর, মার্কেটিংয়ের ছেলেগুলো, ফ্র্যাঞ্চাইজি মালিক, সকলের জন্য দরকার। আইপিএল জিতলে ওটা বেস্ট মিড-ইয়ার গিফট হবে নিজেদের জন্য।

  • ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি কোহলি-রায়না

    ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি কোহলি-রায়না

    এ বি এন এ : জিতলেই ফাইনাল, হারলেও সুযোগ থাকবে- এমন সমীকরণ নিয়ে আইপিএলের চলতি আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে গুজরাট লায়ন্স।

     

    মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সুরেশ রায়নার গুজরাট লায়ন্স ১৪ ম্যাচে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে। তাই প্রথম কোয়ালিফায়ারে জিতেই তারা ফাইনাল নিশ্চিত করতে চায়।

     

    অন্যদিকে, রয়েল চ্যালেঞ্জার্সের ঘরের মাঠ। তাই বাড়তি সুবিধা পাবে তারা। তা ছাড়া দলের অধিনায়ক বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বে প্রায় ৯২ গড়ে রান করে ইতিহাস সৃষ্টি করেছেন। ম্যাচের গতিবিধি বুঝে কখন কীভাবে ব্যাটিং করতে হয় বা হবে তা খুব ভালো করেই জানেন কোহলি। তা ছাড়া দলে দুই মারকুটে ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স তো রয়েছেনই। তাই আজকের ম্যাচে এগিয়ে থাকবে তারাই। তারকায় ভরপুর গুজরাট লায়ন্সও। আছেন অজি তারকা অ্যারোন ফিঞ্চ, সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, ক্যারিবীয়ান অলরাউন্ডার ডোয়াইন স্মিথ ও দিনেশ কার্তিক। তাই কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ জমজমাট লড়াই-ই হবে।

  • এলিমিনেটরেও মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

    এলিমিনেটরেও মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

    এ বি এন এ : ম্যাচটা হবে ‘ডু অর ডাই’। যে হারবে, তারই বিদায়ঘণ্টা বেজে যাবে আইপিএল থেকে। পরশু বুধবার দিল্লিতে এই ‘ডু অর ডাই’ ম্যাচেই মুখোমুখি সাকিব আল হাসানের কলকাতা আর মুস্তাফিজুর রহমানের হায়দরাবাদ। কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হবে গুজরাট লায়ন্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

    গতকাল ইডেনের ম্যাচটি ছিল কলকাতার জন্য ‘ডু অর ডাই’। হায়দরাবাদের কাছে হেরে গেলেই আইপিএল থেকে বিদায় হয়ে যেত কলকাতা। কিন্তু স্পিনারদের দাপটে হায়দরাবাদকে হারিয়েই স্বপ্নটা টিকিয়ে রেখেছে কলকাতা। বুধবার সাকিব-মুস্তাফিজের আরও একটি দ্বৈরথ শিহরণ ছড়াবে সবার মধ্যেই। দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকা হায়দরাবাদের সম্ভাবনা ছিল কোয়ালিফায়ার ওয়ানে খেলা। এই ম্যাচের সুবিধা হলো, জিতলে সরাসরি ফাইনাল, হেরে গেলেও আরও একটা ম্যাচ পাওয়া যাবে। এলিমিনেটরের জয়ী দলের সঙ্গে খেলতে হবে। কিন্তু টানা দুটি ম্যাচ হেরে গ্রুপ পর্ব শেষ করা মুস্তাফিজের দল পয়েন্ট টেবিলের তিনে থেকে শেষ করেছে।

    অবশ্য বাংলাদেশের দর্শকদের জন্য এটা এক দিক দিয়ে সুখবর। আরও তিন ম্যাচ আইপিএলে বোলিং করতে পারেন মুস্তাফিজ। এলিমিনেটর, এরপর কোয়ালিফায়ার টু। এই দুটি ম্যাচ জিতলে ফাইনাল। শেষ চারে কলকাতার অবস্থান চতুর্থ।

    গুজরাট লায়নস প্রথম আর রয়্যাল চ্যালেঞ্জার্স হয়েছে দ্বিতীয়। বেঙ্গালুরুর ব্যাপারটা দারুণ। মৌসুমের শুরুর দিকে সাতে অবস্থান করে কেবল বিরাট কোহলির কারিশমাতেই সাত থেকে দুইয়ে তারা। বেঙ্গালুরুরও তো বাদ পড়ে যাওয়ার শঙ্কা ছিল। দিল্লি ডেয়ারডেভিলসের কাছে গতকাল দ্বিতীয় ম্যাচটায় হেরে গেলেই দফা-রফা হয়ে যেত বেঙ্গালুরুর। কিন্তু কোহলি তা হতে দেননি।

    শেষ চারে গুজরাট আর বেঙ্গালুরুর ম্যাচটিকে প্লে অফ। এই ম্যাচে যে জিতবে, সে সরাসরি খেলবে ফাইনালে। আর পরাজিত দল আরও একটি সুযোগ পাবে কলকাতা-হায়দরাবাদের মধ্যকার ‘এলিমিনেটর’ ম্যাচের জয়ী দলের সঙ্গে। সেই কোয়ালিফায়ার টু-এর জয়ী দল উঠবে ফাইনালে।

    মঙ্গলবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী মাঠের এই ম্যাচে রায়নার দলের বিপক্ষে ‘সুপারহিরো’ কোহলির ব্যাট কোন সুর ছড়িয়ে দেবে, সেটি এখন দেখার।

  • ফাইনালে রাতে মুখোমুখি বার্সা-সেভিয়া

    ফাইনালে রাতে মুখোমুখি বার্সা-সেভিয়া

    এ বি এন এ : স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। আজ আরেকটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লুইস এনরিকের শিষ্যরা।

     

    স্প্যানিশ কোপা ডেল রের ম্যাচে রাতে সেভিয়ার মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে সনি ইসএসপিন।

     

    সেভিয়ার সামনে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জয়ের সুযোগ ছিল। বৃহস্পতিবার রাতে ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলকে হারিয়ে ইউরোপা কাপের শিরোপা বগলদাবা করেছে তারা। এবার পাখির চোখ করেছে কোপা ডেল রের শিরোপায়। দারুণ ছন্দে থাকা সেভিয়াকে নিয়ে তাই একটু বেশিই ভাবতে হচ্ছে লুইস এনরিককে।

     

    অবশ্য বার্সেলোনাও দারুণ ছন্দে আছে। সবশেষ পাঁচটি ম্যাচের একটিও হারেনি তারা। অন্যদিকে সবশেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে সেভিয়া। বার্সেলোনার সঙ্গে মুখোমুখি লড়াইয়েও পিছিয়ে তারা। সর্বশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে ৩ বার জিতেছে বার্সেলোনা। আর ২ বার জিতেছে সেভিয়া। অনলাইনে দর্শক জরিপেও পিছিয়ে রয়েছে কোপা ডেল রের ফাইনালে বার্সার প্রতিপক্ষ সেভিয়া।

     

    শিরোপা জয়ের ক্ষেত্রে দর্শকদের ভোটের ৬৪ শতাংশ পেয়েছে বার্সা। আর ৩০ শতাংশ পেয়েছে সেভিয়া।

     

    তার উপর বেশ কয়েকটি ইনজুরি সমস্যা রয়েছে সেভিয়ার। ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলতে পারবেন না মাইকেল ক্রোহন, বেনোয়িট ত্রিমলিনাস ও মার্কো আন্দ্রেওলি। বার্সেলোনা শিবিরে অবশ্য বড় কোনো ইনজুরির খবর নেই। তার উপর সুস্থ্য হয়ে উঠেছেন গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো। তার সঙ্গে ডাক্তারের ছাড়পত্র পেয়েছেন স্যান্দ্রো রামিরেজ।

     

    নিরপেক্ষ ভেন্যু ভিসেন্তে ক্যালেদোরেনে শেষ পর্যন্ত কার হাতে ওঠে কোপা ডেল রের শিরোপা, সেটা দেখার অপেক্ষায় কোটি কোটি ফুটবলভক্ত।

  • গোপনে বিয়ে করলেন রুবেল!

    গোপনে বিয়ে করলেন রুবেল!

    এ বি এন এ : ঢাকা প্রিমিয়ার লিগ খেলার আগে গ্রামের বাড়িতে থাকা অবস্থায় বিয়ে করেছেন পেসার রুবেল হোসেন। এতটা গোপনে বিয়ের কাজ শেষ করেছেন যে, সাংবাদিকরা জানতে পেরেছেন বেশ কয়েকদিন পরে।

    হ্যাপির মামলার পর রুবেল বেশ বিপাকে পড়েন। বিশ্বকাপে দারুণ বল করে সেই ঝামেলা পেছনে ফেললেও হ্যাপি তাকে ছাড়ছিলেন না। উঠতি ওই নায়িকা হুমকি দিয়েছিলেন রুবেলকে বিয়ে করতে দেবেন না।

    সঙ্গত কারণে প্রশ্ন জেগেছে, রুবেল কি হ্যাপির ভয়ে গোপনে বিয়েটা সারলেন? ঢাকায় ফিরে রুবেল অবশ্য চুপ করে রয়েছেন। বিয়ের কথা স্বীকার করলেও কনের নামধাম কিছু জানাতে চাননি। তার স্ত্রী ঢাকায় নাকি বাগেরহাটে অবস্থান করছেন, সেটাও বলতে চাননি। তবে ধারণা করা হচ্ছে, বাগেরহাটের স্থানীয় কোনো এক মেয়েকে বিয়ে করেছেন। রুবেল ইনজুরিতে পড়ে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ইনজুরি থেকে ফিরে এখন ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন। ৭ ম্যাচে ২৭.৮৮ গড় ও ৪.৭৩ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছেন।

  • মুস্তাফিজের রেকর্ড ভাঙলেন স্মিথ

    মুস্তাফিজের রেকর্ড ভাঙলেন স্মিথ

    এ বি এন এ : প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়েই সকলের প্রশংসার পাত্রে পরিণত হয়েছেন মুস্তাফিজ। নিজের নামের পাশে গড়েছিলেন মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড। তবে এবার এ রেকর্ড ভাঙলেন গুজরাট লায়ন্সের ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন স্মিথ।

    কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বল হাতে চার ওভার বল করে মাত্র নয় রান দিয়ে চলতি আইপিএলে সবচেয়ে মিতব্যয়ী বোলারের রেকর্ড গড়েছিলেন তিনি। তার ইকোনোমি রেট ছিল ২.২৫। এছাড়া মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি সেদিন দুইটি উইকেটও তুলে নেন এই বিস্ময় বালক।

    কিন্তু বৃহস্পতিবার মুস্তাফিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন ডোয়াইন স্মিথ। সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চার ওভারে আট রান খরচ করেছেন গুজরাটের অলরাউন্ডার। এছাড়াও তুলে নিয়েছেন চারটি উইকেট। স্মিথের ইকোনোমি রেট ছিল ২.০০।

    মিতব্যয়ী বোলিং ছাড়া আরো একটি জায়গায়ও মুস্তাফিজের কীর্তিকে পেছনে ফেললেন স্মিথ। পাঞ্জাবের বিপক্ষে চার ওভারে ১৭টি ডট বল দিয়েছিলেন মুস্তাফিজ। অপরদিকে কলকাতার বিপক্ষে ১৮টি ডট বল দেয়ার নজির গড়েন ম্যাচসেরা স্মিথ।