এ বি এন এ : ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে ৪২টি হেলিকপ্টার ও ১৪টি যুদ্ধজাহাজ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন এক তুর্কি কর্মকর্তা। তুরস্কে বিশৃঙ্খলা সৃষ্টিতে এসব হেলিকপ্টার ব্যবহৃত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ইস্তাম্বুল থেকে আরও কয়েকটি সূত্র তুর্কি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ নিখোঁজ হওয়ার খবর দিয়েছে। এর আগেও কয়েকটি গণমাধ্যম হেলিকপ্টার ও যুদ্ধজাহাজ নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিল। উল্লেখ্য, এর আগে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর সে দেশের ১৪ জন হেলিকপ্টার পাইলটকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলছে। এ নিয়ে পর্যন্ত ১৮ জন পাইলটকে গ্রেফতার করা হয়েছে।
Category: আন্তর্জাতিক
-

ফ্রান্সে গির্জায় ছয়জনকে জিম্মি করেছেন দু্ই অস্ত্রধারী
এ বি এন এ : ফ্রান্সে একটি গির্জায় ছয়জনকে জিম্মি করে রেখেছেন দু্ই অস্ত্রধারী। দেশটির নরম্যান্ডির উত্তরাঞ্চলের রুয়েনের কাছে সেইন্ট-ইতিয়েনে-দু-রৌভরে কমিউনের একটি গির্জায় এই জিম্মি করার ঘটনা ঘটেছে। ফরাসি পুলিশ জানিয়েছে, দুই অস্ত্রধারী ছুরি দেখিয়ে চার থেকে ছয়জনকে ওই গির্জায় জিম্মি করে রেখেছেন। ফ্রান্স থ্রি নেটওয়ার্ক জানিয়েছে, অস্ত্রধারীরা একজন পাদ্রি ও দুজন সিস্টারসহ গির্জার কয়েকজন দর্শনার্থীকে জিম্মি করেছেন। টিভিতে প্রচারিত লাইভ ফুটেজে দেখা গেছে, পুলিশ গির্জাটি ঘিরে রেখেছে। অস্ত্রধারীদের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও ধারণা করা হচ্ছে। উত্তর ফ্রান্সের হৌতে নরম্যান্ডির সেইন্ট-ইতিয়েনে-দু-রৌভরে কমিউনের চার্চ অফ দ্য গ্যাম্বেট্টায় স্থানীয় সময় সকাল ৯.৪৫ মিনিটে দুই ব্যক্তি ছুরি হাতে প্রবেশ করে গির্জায় থাকা লোকদের জিম্মি করে।
-

পাকিস্তানি স্কুলে ভারতীয় কর্মীদের সন্তানরা পড়তে পারবেন না
এ বি এন এ : পাকিস্তানে কর্মরত ভারতীয় দূতাবাস কর্মীদের সন্তানরা সে দেশের স্কুলগুলোতে পড়াশোনা করতে পারবে না।
সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা বলা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, এই শিক্ষাবর্ষ থেকে ইসলামাবাদে কর্মরত ভারতীয় দূতাবাস কর্মীদের সন্তানদের পাকিস্তানের বাইরে পড়াশোনার ব্যবস্থা করতে বলা হয়েছে। পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত এ আদেশ মেনে চলতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত গত বছরের জুন মাসে নেওয়া হয়েছিল। এত দিন পরে সেই সিদ্ধান্ত কার্যকর করা হলো। ফলে পাকিস্তানে কর্মরত ভারতীয় দূতাবাসের কোনও কর্মীর সন্তান আর সে দেশের কোনও স্কুলে পড়তে পারবে না। এ কারণে সন্তানদের নিয়ে ভারতীয় দূতাবাস কর্মীদের পাকিস্তানে থাকা প্রায় অসম্ভব হয়ে গেল।
জানা গেছে, বর্তমানে ভারতীয় দূতাবাস কর্মীদের প্রায় ৫০ জন সন্তান ইসলামাবাদের বিভিন্ন মার্কিনি স্কুলে পড়াশোনা করে।
এদিকে ভারতের আদেশের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, সরকারি ভাবে আমাদের এ বিষয়ে তেমন কিছু জানানো হয়নি। মাস দুয়েক আগে অভ্যন্তরীন এবং প্রশাসনিক পর্যায়ে আমরা কিছুটা জানতে পেরেছি। আমাদের সঙ্গে এ নিয়ে কোনও আলোচনাও করা হয়নি।
-

তুরস্কে ৪০ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এ বি এন এ : রস্কে ৪০ জনেরও বেশি সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
দশ দিন আগের ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কে বেশ কিছু সংবাদ মাধ্যম বন্ধ করে দেয়া হয়। কিন্তু ব্যক্তিগতভাবে সাংবাদিকদের এ ধরণের অভিযোগে চিহ্নিত হওয়া এই প্রথম।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সাংবাদিকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছেন নাজলি ইলিসাক। তিন বছর আগে দুর্নীতির দায়ে অভিযুক্ত মন্ত্রীদের সমালোচনা করার জন্য তাকে ‘সাবাহ’ নামে একটি সরকার সমর্থক সংবাদপত্র থেকে বরখাস্ত করা হয়েছিল।
তুরস্কের সরকার ব্যাপারটি নিয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি। তবে অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকেই প্রেসিডেন্ট এরদোগান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তার ভাষায় ‘ভাইরাস’ মুক্ত করার জন্য শুদ্ধি অভিযান চালাচ্ছেন।
ওই অভ্যুত্থানের পর তুরস্কে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার কথা বলেছেন প্রেসিডেন্ট এরদোগানসহ সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই।
তবে ইউরোপীয় ইউনিয়নের প্রধান জঁ-ক্লদ ইয়ুংকার সতর্ক করে দিয়েছেন যে এটা করা হলে তুরস্কের ইইউ সদস্য হবার আলোচনা স্থগিত করে দেয়া হবে।
এদিকে রোববার ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারে অভ্যুত্থান প্রচেষ্টার বিরুদ্ধে একটি সর্বদলীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজার হাজার লোক এতে যোগ দেয়।
-

ইরাকে তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলা, নিহত ২১
এ বি এন এ : ইরাকের একটি তল্লাশি চৌকির সামনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।
সোমবার সকালে রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে খালিস শহরে পুলিশের একটি তল্লাশি চৌকির সামনে এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে ইসলামিক স্টেট (আইএস) প্রায় নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে থাকে। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়ে থাকতে পারে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো মিনিবাসসহ বিভিন্ন যানবাহন থেকে মৃতদেহ বের করছি। নিহতেদের অধিকাংশ নারী ও শিশু।’ মাত্র একদিন আগে রবিবার বাগদাদের একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছে। পরে আইএস এ হামলার দায় স্বীকার করে।
-

জার্মানে কনসার্টে বোমা বিস্ফোরণকারীর মৃত্যু, আহত ১২
এ বি এন এ : জার্মানের অ্যানসবাখ শহরে উন্মুক্ত কনসার্টে হওয়া এক বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, জার্মানে আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হওয়া এক সিরিয়ান শরণার্থী এই বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণে সে নিজে মারা গেছে।বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জখিম হারমেন বলেন, ২৭ বছরের এই ব্যক্তি কনসার্টে প্রবেশ করতে চায়। এ সময় তাকে বাঁধা দিলে সে প্রবেশ পথের কাছে বোমা বিস্ফোরণ করে। তিনি আরো জানান, দুই বছর আগে জার্মানে প্রবেশ করেছে এই ব্যক্তি।বাভারিয়ায় গত তিন সপ্তাহের মধ্যে এটি তৃতীয় হামলা। শুক্রবার মিউনিখের এক রেস্তোরায় ইরানী বংশোদ্ভূত এক জার্মানের গুলিতে মারা যায় ৯ জন। এর কিছুদিন আগেই উর্জবার্গে ট্রেনে এক ব্যক্তি ছুড়ি ও কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে বেশ কিছু মানুষকে।ধারণা করা হচ্ছে সেখানকার স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে মিউজিক ফেস্টিভালের প্রবেশমুখে এই বোমা বিস্ফোরণ করা হয়। এরপর সেখানে থাকা ২ হাজার মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, গ্যাস জাতীয় কিছু দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। -

কম্পিউটারে সহিংস গেম খেলতো মিউনিখে হামলাকারী আলি
এ বি এন এ : কালো টি শার্ট পরা ছেলেটির পিঠে ছিল একটা লাল রঙা রুকস্যাক। ৩০০ রাউন্ড গুলির সঙ্গে তাতে ছিল একটা বইও। নাম ‘হোয়াই কিডস কিল: ইনসাইড দ্য মাইন্ডস অব স্কুল শ্যুটারস’। লেখক পিটার ল্যাঙ্গম্যানের এই বইটা নিয়ে রীতিমতো গবেষণা করেছিল ছেলেটা। গবেষণা করেছিল বিশ্বের নানা প্রান্তের নানা স্কুলে বন্দুকবাজদের হামলার ঘটনা নিয়েও। কারণ? ছোট ছোট ছেলে-মেয়েদের গুলি করে খুন করার মতো নৃশংস ঘটনা ভীষণ টানত তাকে। আর সম্ভবত সেই জন্যই ফেসবুকে এক নারীর অ্যাকাউন্ট হ্যাক করে নিজ খরচায় খাওয়া-দাওয়ার জন্য শুক্রবার সে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয় ডেকেছিল অল্প বয়সি ছেলে-মেয়েদের। টোপ দেওয়ার জন্য আবার লিখেছিল, ”আমি এমন কিছু দেব, যেটা তোমরা চাও।” আলি ডেভিড সনবোলি। ইরানি বংশোদ্ভূত এই জার্মান কিশোরই মিউনিখের অলিম্পিয়া শপিং মলে হামলা চালিয়ে মেরে ফেলেছে নয় জনকে। নিহতের মধ্যে সাত জনই কিশোর-কিশোরী বলে জানিয়েছে পুলিশ। আহত ২৭ জনও বেশির ভাগ অল্প বয়সি। যাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার ঘণ্টা খানেক পরে শহরেরই এক রাস্তায় মিলেছে বছর আঠারোর আলির নিথর দেহ। পুলিশের ধারণা, হামলা চালিয়ে ওই শপিং মল থেকে পালিয়ে যাওয়ার পরে আত্মহত্যা করেছে সে। তবে তারা এ-ও জানিয়েছে ময়না-তদন্তের পরেই জানা যাবে, সে আত্মহত্যা করেছে, নাকি পুলিশের গুলিতে মারা গেছে। ফ্রান্সের নিস, জার্মানির উয়েজবার্গের পরে মিউনিখ। সপ্তাহ খানেকের মধ্যে তিন-তিনটা হামলা কাঁপিয়ে দিয়েছে ইউরোপকে। তবে আগের দুই ঘটনার সঙ্গে ইসলামি জঙ্গি সংগঠন আইএসের যোগ থাকলেও তৃতীয়টিতে এসে ধাক্কা খাচ্ছে পুলিশ। ধোঁয়াশা এতটাই যে শপিং মলের ওই বন্দুকবাজকে জঙ্গি আখ্যা দেওয়া হবে কি না, তা নিয়েও সংশয়ে রয়েছে পুলিশ। তবে একটি বিষয়ে নিশ্চিত হতে পেরেছে পুলিশ। আর সেটা হলো, নরওয়ের হামলাকারী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের বিশাল ভক্ত ছিল কিশোর আলি। তার হোয়াটসঅ্যাপের ডিপি (ডিসপ্লে পিকচার)-তেও রয়েছে ব্রেইভিকেরই ছবি। পাঁচ বছর আগের ২২ জুলাই নরওয়ের অসলোতে একা হামলা চালিয়ে সত্তরেরও বেশি মানুষকে মেরে ফেলেছিল দক্ষিণপন্থী এই জঙ্গি। আর সেই ঘটনার পাঁচ বছর পূর্তির দিনটা হয়তো নিজের হামলার জন্য ইচ্ছে করেই বেছে নিয়েছিল আলি। মিউনিখ পুলিশের কর্তা হুবেরতাস আন্দ্রাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইএসের সঙ্গে আলির কোনও যোগসূত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। কাল ঘাতকের পরিচয় পাওয়ার পর পরই তার বাবা-মায়ের অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়েছিল পুলিশ। অলিম্পিয়া শপিং মল থেকে প্রায় দু’মাইল দূরের ওই ফ্ল্যাটে তদন্ত করতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন স্কুলে ছোট ছোট শিশু বা কিশোর-কিশোরীদের উপর হামলা চালানোর ঘটনা নিয়ে রীতিমতো পড়াশোনা করেছিল আলি। তার কম্পিউটার ঘেঁটেও মিলেছে এই ধরনের বেশ কিছু গেমসের খোঁজ। জার্মানির মতো দেশে যেখানে কঠোর বন্দুক নীতি রয়েছে, সেখানে আলি কী করে আগ্নেয়াস্ত্র জোগাড় করে ফেলল তার হদিস পাননি তদন্তকারীরা। সে একটি নাইন এমএম গ্লক পিস্তল নিয়ে শপিং মলে গিয়েছিল বলে জানিয়েছেন তারা। সেই সঙ্গেই আলির ব্যাগে ছিল প্রায় তিনশো রাউন্ড গুলি। আলির যে মানসিক চিকিৎসা চলছিল, তা-ও জানতে পেরেছে পুলিশ। হতাশায় ভুগত সে। জানা গেছে, রেস্তোরাঁয় ঢুকে গুলি চালানোর ঠিক আগের মুহূর্তে বিদেশিদের উদ্দেশে কটূক্তি করেছিল আলি। নিহতদের মধ্যে তিন জন কসোভো ও তিন জন তুরস্কের বাসিন্দা। তাই গোটা ঘটনার মূলে শরণার্থী সমস্যাও থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। প্রথমে তিন জন বন্দুকবাজের কথা বলা হলেও কাল রাতের দিকে পুলিশ জানায়, হামলাকারী এক জনই ছিল। আর তার মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজে আরও যে দু’জনকে প্রায় পাগলের মতো ছুটতে দেখা গিয়েছিল, তারা সম্ভবত নিজেদের প্রাণ বাঁচাতেই দৌড়াচ্ছিলেন বলে পরে জানায় পুলিশ। তবে মিতভাষী, নাদুস-নুদুস আলি কী করে শপিং মলে গিয়ে এতগুলো লোককে মেরে ফেলল, তা ভাবতে পারছেন না তার পড়শিরা। আলির বাবা ট্যাক্সি চালান। মা একটি স্থানীয় শপিং মলে কাজ করেন। পড়াশোনার সঙ্গে সঙ্গে সে নিজে কাগজ বিলির কাজও করত। আদ্যন্ত মধ্যবিত্ত পরিবেশে বেড়ে ওঠা সেই আলির ছবি আজকের খবরের কাগজে দেখে চমকে উঠেছেন মার্ক্সভরস্টাড এলাকার লোকজন। তবে তার স্কুলের সহপাঠীরা অবশ্য অন্য একটা ছবিও দেখিয়েছে। স্কুলে মাঝে মধ্যেই আলিকে নিয়ে মশকরা করা হতো বলে জানিয়েছে তারা। স্কুলে বিশেষ বন্ধুও ছিল না লাজুক স্বভাবের ওই কিশোরের। কোন হতাশা থেকে সে এই রাস্তা বেছে নিল, তার তল পাচ্ছে না পুলিশও। সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
-

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
এ বি এন এ : আস্থা ভোট সামনে রেখে পদত্যাগের ঘোষণা দিলেন নেপালের প্রধানমন্ত্রী খাগড়াপ্রসাদ অলি।২০১৫ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েন।রবিবার বিকেলে নেপালের ৫৯৫ সদস্যের পার্লামেন্টে হতে যাওয়া আস্থা ভোটে অলি হেরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছিলো। এর আগে রবিববার সকালে রাষ্ট্রিয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) ও মাধেসি জনঅধিকার ফোরাম নেপাল (ডেমোক্রেটিক) ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দেয়। উভয় দল জানায়, ভোটে তারা বিরোধীদের সঙ্গে থাকবে।ক্ষমতাসীন জোট ছাড়ার দলীয় সিদ্ধান্ত উল্লেখ করে আরপিপি-র জ্যেষ্ঠ নেতা কিরণ গিরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “প্রধানমন্ত্রী ও তার দলের দাম্ভিকতার কারণে আমাদের এ ছাড়া আর কোনো বিকল্প ছিল না। -

বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়াবে ব্রেক্সিট
এ বি এন এ : যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়ায় বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়বে বলে মন্তব্য করেছেন জি-২০ দেশভূক্ত দেশের নেতারা। চীনের চাংদুতে এক সম্মেলনে বিশ্বে বৃহৎ ২০টি অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা এ আশঙ্কা প্রকাশ করেছেন।
নেতারা বলছেন, ২৩ জুনের যুক্তরাজ্যের গণভোটের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা আরো বাড়াবে। সম্মেলনের পর এক বিবৃতিতে ভবিষ্যতে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নের একটি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখার আশা প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যের চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড বলেছেন, এ ইস্যুটি দুই দিনের বৈঠকে একাধিকবার এসেছে। বাস্তবতা হচ্ছে ইইউ`র সাথে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থাকবে।
জি-২০ বলছে, ব্রেক্সিটের ফলে সম্ভাব্য যে অর্থনৈতিক প্রভাব হতে পারে তা সামাল দেয়ার জন্য সংস্থাটি প্রস্তুত আছে। জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট জেনস ওয়েডম্যান বলেছেন, ২৩ জুনের যুক্তরাজ্যের গণভোটের পর ইউরোপের অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তা কেটে উঠার কোনো লক্ষণ এখনও নেই। তবে ব্রেক্সিট ভোট সত্ত্বেও আগামী বছর ও ২০১৭ সালে বিশ্ব অর্থনীতির প্রসার ঘটবে বলে মন্তব্য করেছেন তিনি।
-

ইরাকে বোমা হামলায় নিহত ১৭
এ বি এন এ : ইরাকের রাজধানী বাগদাদের কাদিমিয়ায় বোমা হামলায় নিহত হয়েছে ১৭ জন। আহত হয়েছে ২০ জনের বেশি। কাদিমিয়ায় শিয়ারা সংখ্যাগরিষ্ঠ।
কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকালে বাগদাদের উত্তরাংশে কাদিমিয়ার একটি প্রবেশপথের তল্লাশি চৌকির কাছে এক হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে এতে নিহত হয় ১৭ জন। নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক লোক।
এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে আইএসের দায় স্বীকারের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বাগদাদ প্রশাসন।
গত সপ্তাহ থেকে বাগদাদে এ ধরনের হামলার সংখ্যা বেড়ে গেছে। রাজধানীর শিয়া অধ্যূষিত এলাকাগুলোতে চালানো এসব হামলার দায় স্বীকার করছে আইএস।
৩ জুলাই বাগদাদের অদূরে কারাদাহ শহরে একটি শপিংসেন্টারে গাড়িবোমা হামলায় নিহত হয় প্রায় ৩০০ মানুষ। এ হামলারও দায় স্বীকার করে আইএস। ২০০৩ সালে ইরাকে ইঙ্গ-মার্কিন অগ্রাসনের পর কারাদহের হামলা ছিল সবেচেয়ে বেশি প্রাণঘাতী।
বাগদাদে সহিংসতা ক্রমেই বেড়ে যাওয়ায় এবং তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরখাস্ত করেন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। কিন্তু এতেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।
