এবিএনএ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক মো. আক্তার হোসেন। পরে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিজিবি সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আহত নায়েক আক্তারকে প্রাথমিকভাবে রামু সেনানিবাসের সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিজিবির নিজস্ব হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়।
বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্তে টহল চলাকালে দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণে আক্তার হোসেন মারাত্মকভাবে আহত হন। বর্তমানে ঢাকার সিএমএইচে তার চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার সীমান্ত এলাকায় গোলাগুলি ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েছে, যার ফলে সীমান্তে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঝুঁকি বেড়েছে।

Leave a Reply