এবিএনএ: নারী বিশ্বকাপের টিকে থাকার লড়াইয়ে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসামের গুয়াহাটিতে টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে টাইগ্রেসদের সামনে ২২৮ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে কিউই মেয়েরা তোলে ২২৭ রান।
ইনিংসের শুরুটা ছিল নিউজিল্যান্ডের জন্য ভয়ংকর। মাত্র ৩৮ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। কিন্তু অধিনায়ক সোফিন ডেভিনের নেতৃত্বে পরিস্থিতি সামলে নেন ব্রুকলি হ্যালিডে। দুজনের ১৬৬ বলে ১১২ রানের জুটি কিউইদের ইনিংসকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এই পার্টনারশিপ ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লড়াকু সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। তিনি ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট।
এই ম্যাচটি টাইগ্রেসদের জন্য শুধু পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ নয়, বরং আত্মবিশ্বাস ফেরানোরও একটি বড় সুযোগ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। যদিও ইংল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছে, তবুও লড়াইয়ে নিজেদের দৃঢ়তা দেখিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
এই ম্যাচ জিতলে সেমিফাইনালের স্বপ্ন আরও বাস্তবের কাছাকাছি চলে আসবে বাংলাদেশের জন্য। কারণ, উইমেন্স চ্যাম্পিয়নশিপে দীর্ঘদিন ধরে কিউইদের সঙ্গে এক অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে টাইগ্রেসদের।
ম্যাচের আগে সহ-অধিনায়ক নাহিদা আক্তার আত্মবিশ্বাসের কথা জানিয়েছিলেন, “আমরা আগের ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি, বিশেষ করে বোলাররা দুর্দান্ত ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
অতীত রেকর্ডে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশই এগিয়ে। ফলে আজকের ম্যাচে ফলাফল কী হবে, তা জানার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Leave a Reply