‘পুশ-ইন’ বন্ধে ভারতকে আবার চিঠি দেবে বাংলাদেশ, কড়া বার্তা দিল পররাষ্ট্র উপদেষ্টা

Written by

in

এবিএনএ, ঢাকা:

সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক ঠেলে পাঠানোর (পুশ-ইন) অভিযোগে ভারতকে আবারও কূটনৈতিকভাবে চিঠি পাঠাবে বাংলাদেশ। মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, “ভারত থেকে পুশ-ইন চলছে, যা সরাসরি ঠেকানো প্রায় অসম্ভব। তবে বিষয়টি পদ্ধতিগতভাবে সমাধান করতে আমরা চিঠি আদান-প্রদান করছি। নতুন করে আরও একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উপদেষ্টা জানান, দুই দেশের মধ্যে ইতোমধ্যেই তালিকা নিয়ে আলোচনা হয়েছে। ভারত কিছু ক্ষেত্রে অভিযোগ করেছে যে, বাংলাদেশ তাদের পক্ষ থেকে কাজ করছে না। অথচ বাস্তবে বহু পুরনো তালিকা অনুযায়ী অনেককে বাংলাদেশ ফিরিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, “আমরা চাই বিষয়টি নিয়মের মধ্যে সমাধান হোক। তাই কনস্যুলার সংলাপ আবারও সক্রিয় করার চেষ্টা চলছে। অনেকদিন ধরে এই সংলাপ হয়নি, এবার তা সক্রিয় করতে হবে।”

সীমান্তে গুলি করে সাধারণ নাগরিক হত্যার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “এই বিষয়ে বাংলাদেশ কখনো নমনীয়তা দেখায়নি এবং ভবিষ্যতেও দেখাবে না। আমরা প্রতিবাদ জানিয়ে যাচ্ছি এবং খুব শক্ত ভাষায় জানাবো যে, সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্বের আর কোনো সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা হয় না।”

এ সময় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া নিয়ে আরেক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সেই বিষয়ে পাঠানো চিঠির কোনো প্রতিক্রিয়া এখনও ভারত থেকে আসেনি। দ্বিতীয়বার চিঠি পাঠানো হয়নি, তবে পরিস্থিতি অনুযায়ী সেটিও বিবেচনা করা হতে পারে।

তিনি বলেন, “আমাদের সব চেষ্টা নিয়মতান্ত্রিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে। পুশ-ইন, সীমান্ত হত্যা কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রত্যাবর্তন—সবকিছুতেই আমরা ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনা চাই।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *