Author: ABNANEWS

  • বিএনপির স্থায়ী কমিটি বৈঠক সোমবার

    বিএনপির স্থায়ী কমিটি বৈঠক সোমবার

    এ বি এন এ :  দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

     

    বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে দলের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

  • সকল মা রত্নগর্ভা: স্পিকার

    সকল মা রত্নগর্ভা: স্পিকার

    এ বি এন এ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরি বলেছেন, সকল মা-ই রত্নগর্ভা মা।

     

    রোববার ঢাকা ক্লাবে আন্তর্জাতিক মা দিবসে আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড ২০১৬ রত্নগর্ভা মা সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানে ৩৪ জন মাকে রত্নগর্ভা মায়ের স্বীকৃতি দেয়া হয়। এছাড়া একজন বাবাকে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ স্বীকৃতি প্রদান করা হয়।

     

    স্পিকার বলেন, ‘যারা আজ রত্নগর্ভা মায়ের স্বীকৃতি পেয়েছেন, শুধু তারাই রত্নগর্ভা মা নন, সকল মা হচ্ছেন রত্নগর্ভা মা। একজন মা যা কিছু করেন সবই তার  সন্তানের মঙ্গলের জন্য করেন। কাকডাকা ভোর থেকে শুরু করে সন্তানের লালন পালনের সব কিছুতে মায়ের অবদান। মায়ের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে সন্তান যাতে ভাল থাকে সুখে থাকে।’

     

    তিনি আরো বলেন, ‘মায়েরা এখন স্বাবলম্বী হচ্ছেন। অর্থনীতিতে অবদান রাখছেন। রোজগার করছেন। তবে এটা মা তার নিজের জন্য করেন না। করেন সন্তানের লোখাপড়ার খচর জোগানো জন্য, সন্তানকে ভাল রাখার জন্য, সন্তানকে সু-সন্তান হিসেবে গড়ে তোলার জন্য।’

     

    তিনি বলেন, ‘শুধু মায়েদের জন্য নয়, সকলের জন্য আজ একটি বিশেষ দিন। এটি একটি ব্যতিক্রমী আয়োজন। এ অনন্য আয়োজনের জন্য আজাদ প্রোডাক্টসকে অভিনন্দন।’

     

    স্পিকার বলেন, ‘মাকে সবসময় কাছে পাই তাই মায়ের অবদানের বিষয় বুঝতে পারি না। অভাব উপলব্ধি করতে পারি না। কিন্তু যখন মা থাকেন না তখন আমরা তার শূন্যতা অনুভব করতে পারি।’ তিনি বলেন, ‘আসলে প্রতিটি দিনই মা দিবস।’

     

    এ অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রত্নগর্ভা মায়েদের হাতে সম্মাননা তুলে দেন। সাধারণ বিভাগে রত্নগর্ভা মায়ের স্বীকৃতি পেয়েছেন ২৫ জন। তারা আমেনা বেগম, জামিলা আক্তার, হোসনে আরা বেগম জ্যোৎস্না, মোছা. হোসনে আরা বেগম, সুফিয়া খানম, রেহানা সামাদ, সুলতানা রোকেয়া আখতার, জাহান আরা আহম্মদ, রওশন আরা খাতুন, নূরে আলম মর্ত্তুজা বেগম, প্রভাবতী চাকমা, শ্রীমতি মঞ্জু রানী মিস্ত্রী, শিখা বড়ুয়া, যোসপিন কোড়াইয়া, সৈয়দ শাহান আরা, সালিমা খাতুন, খুরশীদ জাহান, খোরশেদ আরা বেগম, লুৎফুন নাহার বেগম, লতিফা বেগম, মাকছুদা বেগম, মোছা. আনোয়ারা বেগম, হাসিনা বানু, মায়মুনা বেগম ও ইউ. কে. এম. ফরিদা বেগম।

     

    বিশেষ বিভাগে স্বীকৃতি পেয়েছেন নয় জন। তারা হলেন, মঞ্জু আরা, কামরুন নিসা দুলাল, অধ্যক্ষ তহুরা আক্তার খাতুন, শিরিন হক, সুলতানা রাজিয়া (নাসিম), জিন্নাতুন নেসা, রেজিয়া বেগম, আফরোজা বেগম ও সেতারা বেগম।

     

    মাই ড্যাড ওয়ান্ডারফুল স্বীকৃতি পেয়েছেন ড. ইনামুল হক। তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমি আমার সন্তানদের সুশিক্ষিত করে তুলতে পেরেছি। হয়তো সে জন্যেই আমাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।’ তিনি সবার সন্তানকে সু-সন্তান হিসেবে গড়ে তোলার আহবান জানান।

     

    আজাদ গ্রুপের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ শাহেদ রেজা, নাট্য ব্যক্তিত্ব লাকি ইনাম, আরটিভির সিইও আশিকুর রহমান। এ অনুষ্ঠানে রোকেয়া প্রাচী মাকে নিয়ে একটি কবিতা আবৃতি করেন।

  • রিজেন্সিতে চোরাচালানের ক্ষতিকর সিসা, অবৈধ মদের আসর

    রিজেন্সিতে চোরাচালানের ক্ষতিকর সিসা, অবৈধ মদের আসর

    এ বি এন এ :  ‘কেঁচো খুঁড়তে সাপ’ প্রবাদটি বহুল প্রচলিত বাংলায়। এই কেঁচো খোঁড়ার মতোই একটি গাড়ির সন্ধানে গিয়ে ক্ষতিকর সীমা আর অবৈধ মদের মতো ‘সাপ’ এর সন্ধান পেয়েছেন শুল্ক গোয়েন্দারা। আর ঘটনাটি ঘটেছে রাজধানীতে ব্যবসা জাঁকিয়ে বসা হেটেল ঢাকা রিজেন্সিতে।

    শুল্কমুক্ত (কার্নেট) সুবিধায় আমদানি করা সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি খুঁজতে সম্প্রতি হোটেল রিজেন্সিতে যান শুল্ক গোয়েন্দারা। কিন্তু হোটেলটির পরিচালক আরিফ মোতাহারের ব্যবহার করা ওই গাড়ি উদ্ধারের আগেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মদ। পাওয়া যায় মানবদেহের জন্য ক্ষতিকর সিসা। তাও আবার এক দু’কেজি নয়, ২২ কেজি!

    অনুসন্ধানে জানা যায়, হোটেল ঢাকা রিজেন্সিতে প্রতিমাসেই কোটি কোটি টাকার মদ-সিসা আসে শুল্ক ছাড়া অবৈধ পথে। বছরের পর বছর ধরে শত শত কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

    শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, সিসা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মধ্যপাচ্যের দেশগুলোতে শেখ’রা সিসা ব্যবহার করে। হোটেল ঢাকা রিজেন্সিতেও এই সিসা বার রয়েছে।

    গোয়েন্দা অভিযানে প্রায় ২২ কেজি সিসা পাওয়া গেলেও তার কোন আমদানি দলিল দেখাতে পারেনি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ব্যাগেজ’র মাধ্যমে অবৈধভাবে এসব সিসা এসেছে।

    সূত্র আরো জানায়, সিসা টোব্যাকো পণ্য। এতে শুল্ক প্রায় ৫শ’ শতাংশ। এর পুরোটাই ফাঁকি দেয় হোটেল রিজেন্সি।

    দুই দফা অভিযানে সিসা ছাড়াও ৩১৫ বোতল (৩০৪ লিটার) বিদেশি মদ ও ১ হাজার ১২ ক্যান (৩৩৮ লিটার) বিয়ারসহ মোট ৬৪২ লিটার মদ জব্দ করা হয় হোটেল রিজেন্সি থেকে।

    শুল্কসহ কোটি টাকা মূল্যমানে এসব মদেরও কোন আমদানি দলিল দেখাতে পারেনি কর্তৃপক্ষ। কার্যত, এই মদ এ হোটেলে আসছে চোরাচালানের মাধ্যমে।

    রিজেন্সির রেজিস্ট্রার অনুযায়ী, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ২৭ টন মদ বিক্রি করেছে হোটেল ঢাকা রিজেন্সি। প্রতিমাসে গড়ে আধা টনেরও বেশি মদ বিক্রি হয়।

    এছাড়া ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত হ্যানিকিন বিয়ার ৭ হাজার ২১৮ লিটার বিক্রি হলেও বৈধ পথে কোন বিয়ার আমদানির তথ্য কর্তৃপক্ষের কাছে নেই।

    খোঁজ নিয়ে জানা যায়, মদ আমদানিতে ৬০১.৯৯ শতাংশ, বিয়ার আমদানিতে ৪৪৭.১০ শতাংশ ও টোব্যাকো পণ্য আমদানিতে ৫শ’ শতাংশের বেশি শুল্ক পরিশোধ করতে হয়।

    সূত্র জানায়, রিজেন্সিতে প্রায় তিন কোটি টাকা মূল্যের ২০১২ সালে কার্নেট সুবিধায় আনা একটি বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ির সন্ধান পায় শুল্ক গোয়েন্দারা।

    সংসদ সদস্যের স্টিকার লাগিয়ে গাড়িটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন রিজেন্সির পরিচালক আরিফ মোতাহার।

    গত ৩০ এপ্রিল রাজধানীর অ্যাপোলো হাসপাতালের পার্কিং এলাকা থেকে গাড়িটি আটক করা হয়। আটকের সময় রেজিস্ট্রেশন নম্বর পাল্টে স্টিকার সরিয়ে ফেলা হয়।

    শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ মদ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিসা বার রাখা, আমদানি এবং কার্নেট সুবিধার গাড়ি ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পৃথক মামলা হচ্ছে।

    কাগজপত্র দেখাতে না পারায় জব্দকৃত পণ্য দি কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ এর সেকশন ২(এস) অনুযায়ী ‘চোরাচালান’ হিসেবে দেখিয়ে তদন্ত করা হচ্ছে।

    এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে বলেন, সিসা তামাক হলে আদালতের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ নয়।

    সিসা শুল্ক দিয়ে আমদানি করা হয়নি বলে জব্দ করা হয়েছে। শুধু রিজেন্সি নয়, ঢাকা শহরে বহু হোটেলে এ সিসা ব্যবহার করা হয়। কিন্তু, যেহেতু মদ আমদানি না করে চোরাচালানে এসেছে, তাই আমরা তা খতিয়ে দেখছি।

  • সাগরে ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধ

    সাগরে ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধ

    এ বি এন এ :  আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের বাণিজ্যিক ট্রলার দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। রবিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, বেঁধে দেয়া সময়ে সব ধরনের মাছ ও ক্রাস্টাশিয়ান (চিংড়ি, লবস্টার, কাটলফিস ইত্যাদি) আহরণ নিষিদ্ধ থাকবে। এসব দিনে বাণিজ্যিক ট্রলার দিয়ে মাছ ধরলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
    মাছের সুষ্ঠু প্রজনন এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় এই নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
  • হরতালবিরোধী মিছিল: আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ

    হরতালবিরোধী মিছিল: আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ

    এ বি এন এ : রাজধানীর মিরপুর এলাকায় হরতালবিরোধী মিছিলকে কেন্দ্র করে ক্ষমতাসীন দুই সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার ‍বুলেট ও টিয়ার শেল ছুড়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন।
    রবিবার বেলা সাড়ে ১১ টায় মিরপুর ১ নম্বর গোল চক্করে  স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ও নড়াইলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
    পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা যায়, জামায়াত নেতা নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল বের করে দুই পক্ষ। আসলামুল হকের পক্ষে যুবলীগ নেতা শুভ মিছিলের নেতৃত্ব দেয়। অন্যদিকে, সাবিনা আক্তার তুহিনের পক্ষে যুবলীগ নেতা কাসেম নেতৃত্ব দেয়। মিছিল দুইটি মিরপুর ১ নম্বর গোল চক্করে মুখোমুখি হলে সংঘর্ষে সূত্রপাত হয়। এসময় দুই পক্ষ থেকে গুলি ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
    দুই পক্ষের সংঘের্ষ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর  ইকবাল হোসেন তিতু গুরুতর আহত হয়েছেন। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ জাকির, মনিরুল, আল-আমিন   ও হানিফসহ সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    এ ব্যাপারে মিরপুর বিভাগের উপকমিশনার কায়েমুজ্জামানা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
  • ১৬তম সংশোধনী: হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন

    ১৬তম সংশোধনী: হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন

    এ বি এন এ : বিচারক অপসারণ ক্ষমতা সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আপিলে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন জানানো হয়েছে।.
    রবিবার দুপুরে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দায়ের করা হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি জানিয়েছেন, সোমবার চেম্বার জজ আদালতে এই আবেদনের বিষয়ে শুনানি হতে পারে।
    এর আগে বৃহস্পতিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়া হয়। রায়ে বলা হয়, এই সংশোধনী ইতিহাসের দুর্ঘটনার একটি অংশমাত্র।সংবিধানের এই সংশোধনীর ফলে ক্ষমতা পৃথকীকরণ নীতি এবং রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে ক্ষমতার যে ভারসাম্যের কথা বলা হয়েছে তা বিনষ্ট করেছে।
    হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনেন বলা হয়েছে,  আই্ন প্রণয়ন করে সংসদ। সংসদের ক্ষমতা সার্বভৌম। সার্বভৌম ক্ষমতার অংশ হিসেবেই এই আইন করা হয়েছে, যেটি সংবিধান পরিপন্থি নয়। ৭২-এর সংবিধানে সংসদকে বিচারকদের অপসারণ ক্ষমতা অর্পণ করা হয়েছিল। যেহেতু আদি সংবিধানে এটি ছিল, সেহেতু এটি অবৈধ ঘোষণা করার সুযোগ নেই।
  • পার্বত্য চট্টগ্রামে থাকবে কেবল ৪ বিগ্রেড: প্রধানমন্ত্রী

    পার্বত্য চট্টগ্রামে থাকবে কেবল ৪ বিগ্রেড: প্রধানমন্ত্রী

    এ বি এন এ : পার্বত্য চট্টগ্রামের চার জায়গায় কেবল চারটি বিগ্রেড থাকবে এবং বাকিগুলো সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবের পার্শ্ববর্তী স্থানে নির্দিষ্ট দুই একর জমির ওপর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই কথা বলেন।
    শেখ হাসিনা বলেন, সেনা ক্যাম্পগুলো অধিকাংশই তুলে নেয়া হয়েছে। চারটি জায়গায় কেবল ৪টি ব্রিগেড থাকবে, বাকিগুলো সব সরিয়ে নেয়া হবে। যেজন্য রামুতে আমরা একটা সেনানিবাস করেছি।
    তিনি বলেন, কেবল ভূমি সংস্কার ব্যতীত পার্বত্য শান্তিচুক্তির অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। চুক্তি অনুযায়ী চারটি ব্রিগেড ব্যতীত অধিকাংশ সেনা ক্যাম্পও সরিয়ে নেয়া হয়েছে।
    প্রধানমন্ত্রী বলেন, সরকার ভূমি সংস্কারের জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন একাধিকবার গঠন করলেও কমিশনের কাজ সন্তোষজনকভাবে এগোয়নি। কারণ সেখানে কিছুটা অবিশ্বাস এবং দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছিল। আলাপ আলোচনার মাধ্যমেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
    পার্বত্য চট্টগ্রাম আইন-২০০১ এর কতিপয় সংশোধনীর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে পর্যালোচনা চলছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে সম্ভব সবকিছু করতেই সরকার প্রস্তুত রয়েছে।
    পার্বত্য শান্তিচুক্তির পুরোপুরি বাস্তবায়নে সব পক্ষকে এক সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং।
    প্রায় দুই একর জমির ওপর নির্মাণাধীন এই পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রকল্পে ছয়তলা ভবন, মাল্টিপারপাস হল, ডরমেটরী, প্রশাসনিক ভবন, জাদুঘর, লাইব্রেরি, ডিসপ্লে সেন্টার, থিয়েটার হল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর বাসভবন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের বাসভবন থাকবে।
  • আজ বিশ্ব মা দিবস

    আজ বিশ্ব মা দিবস

    এ বি এন এ : আজ বিশ্ব মা দিবস। প্রতিটি ক্ষণ, মুহূর্ত নিজেকে বিলিয়ে দিয়ে যিনি সন্তানকে বড় করে তোলেন, তাকে পৃথিবীতে চলার উপযুক্ত করে গড়ে তোলেন যিনি, সেই ‘মা’য়ের কাছে সন্তানের ঋণ পরিশোধের দিন আজ। মাকে ভক্তি, শ্রদ্ধায়, ভালবাসায় ভরিয়ে দিয়ে তার দোয়া, আশীর্বাদ নেয়ার আজই সুযোগ।
    ‘মা দিবসের’ প্রচলন শুরু হয় প্রথম প্রাচীন গ্রীসে। সেখানে প্রতি বসন্তকালে একটি দিন দেবতাদের মা ‘রিয়া’, যিনি ক্রোনাসের সহধর্মিণী তার উদ্দেশ্যে উদযাপন করা হতো। ১৯১৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। এরপর পৃথিবীর দেশে দেশে মা দিবসটি পালনের রেওয়াজ ছড়িয়ে পড়ে।
    মা হচ্ছেন সন্তানের অভিভাবক, পরিচালক, দার্শনিক, শ্রেষ্ঠ শিক্ষক ও বড় বন্ধু। পৃথিবীতে আসার আগে সন্তান মায়ের গর্ভে তিলে তিলে বড় হয়। মায়ের দেহ থেকেই খাদ্য গ্রহণ করে। ইসলামে মায়ের মর্যাদা অসীম। মা’কে মহান আল্ল­াহ তা’য়ালা রাসূলে পাক হযরত মুহম্মদ সাল্ল­াল­াহু আলাইহে ওয়া সাল্লামের পর সর্বোচ্চ আসন দিয়েছেন। হাদিসে  বলা আছে– ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।’ নেপোলিয়ন বলেছিলেন– “আমাকে একজন ভাল মা দাও, আমি তোমাদের একটি ভাল জাতি উপহার দেব।”
    মাকে শ্রদ্ধা ও ভালবাসা জানানোর নির্দিষ্ট কোনো দিন নেই। মায়ের প্রতি ভালবাসা প্রতিটি মুহূর্তের। তারপরও বিশ্বের সকল মানুষ যাতে একসাথে মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে পারে সেজন্য আন্তর্জাতিক মা দিবস পালন করা হয়। প্রতিটি মায়ের মনের কথা যেমন,‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। তেমনি প্রতিটি সন্তানের প্রতিদিনের ভাবনা– ‘জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই, হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারই কোলেতে পাই যেন ঠাঁই, মা গো।’
  • পুতুল,সাব্বির, পূজা ও লুইপার কণ্ঠে ‘রবীন্দ্র গান’

    পুতুল,সাব্বির, পূজা ও লুইপার কণ্ঠে ‘রবীন্দ্র গান’

    এ বি এন এ : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এই আয়োজনে ৮মে রাত ৮টায় প্রচার হবে এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের অংশ গ্রহণে রবীন্দ্র সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘প্রাণের মাঝে আয়’।
    ইসরাফিল শাহীনের প্রযোজনায় অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেছেন পুতুল, পূজা, সাব্বির এবং লুইপা।
    রবীন্দ্রনাথের বিশাল সঙ্গীত ভান্ডার হতে ৮টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

    অনুষ্ঠানটি প্রসঙ্গে নির্মাতা ইসরাফিল শাহিন বলেন, ‘পুতুল, পূজা, সাব্বির, লুইপা এই ৪জনই মেধাবী কণ্ঠশিল্পী। তাদের কণ্ঠে একাধিক জনপ্রিয় গান মুগ্ধ হয়ে শোনেন শ্রোতা দর্শক। সেই ভাবনা থেকেই মূলত রবীন্দ্রনাথের গানে তাদের কণ্ঠে নতুনত্ব দেয়ার চেষ্টা। আশা করছি দর্শকেরা এই ব্যতিক্রমী অনুষ্ঠান দারুণভাবে উপভোগ করবেন।’

  • ‘ইসি নির্লিপ্ত নয়, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হয়েছে’

    ‘ইসি নির্লিপ্ত নয়, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হয়েছে’

    এ বি এন এ : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ইসি নির্লিপ্ত নয়, বরং অভিযোগ ও গণমাধ্যমের খবরের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ভোটের সময় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছিল। তাই আগের তুলনায় সহিংসতা ও গোলযোগ কিছুটা কম হয়েছে।
    শনিবার চতুর্থ ধাপে ৭০৩ ইউপির ভোট শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিইসি তিনি এসব কথা বলেন।
    তিনি বলেন, শনিবারের এই নির্বাচনে অনিয়ম ও নিয়ন্ত্রণবহির্ভূত হওয়ায় ৫১টি ভোটকেন্দ্রের ভোট বন্ধ করা হয়।
    প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ ধাপেও কয়েকটি বিচ্ছিন্ন ও দুঃখজনক ঘটনা ঘটেছে। গোলযোগ, সংঘর্ষ ও হতাহতের ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে গণমাধ্যমেও বলা হয়েছে।