
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেই কোনো ব্যক্তি অন্য ধরনের সভা-সমাবেশে অংশ নিতে পারবেন না—এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আওয়ামী লীগের দলীয় ব্যানারে সভা, মিছিল কিংবা রাজনৈতিক কর্মসূচি আয়োজন করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় সভা আয়োজনের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া চলছে। তবে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর আওতায় দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। ফলে আওয়ামী লীগের নামে কোনো সভা, মিছিল বা দলীয় কর্মসূচি আয়োজনের সুযোগ নেই।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন—শুধু এ কারণে তার অন্য কোনো ধরনের সভা বা সমাবেশে অংশগ্রহণে বাধা নেই। ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে তার অন্যান্য সামাজিক বা সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে এমন সাধারণ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
তবে সংশ্লিষ্ট সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ব্যবহারের বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে জাহেদ উর রহমান বলেন, সেখানে যদি দলীয় ব্যানার ও আয়োজন থেকে থাকে, তাহলে তা অবশ্যই আইন লঙ্ঘনের শামিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
সংবাদ সম্মেলনে লন্ডন থেকে দেশে ফেরা ওই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা থাকলে বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়।
জবাবে উপদেষ্টা বলেন, শুধু মামলা থাকলেই কোনো ব্যক্তির বিদেশ থেকে দেশে আসা বা দেশ ছাড়ার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে বাধা সৃষ্টি হয় না। সংশ্লিষ্ট ব্যক্তি পলাতক কি না, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না এবং তিনি আইনি নির্দেশনা মেনে চলছেন কি না—এসব বিষয় বিবেচনায় নিতে হয়। বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।




