জাতীয়

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, বদলে দুই শনিবার খোলা থাকবে অফিস

সরকারি-বেসরকারি অফিসে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি; জরুরি সেবা, হাসপাতাল ও ব্যাংকিং কার্যক্রমে থাকবে বিশেষ নির্দেশনা

এবিএনএ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির আওতায় আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

সরকারের ঘোষণায় বলা হয়েছে, দীর্ঘ ছুটির সমন্বয়ের জন্য আগামী ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার অফিস খোলা থাকবে। অর্থাৎ ছুটির আগের ওই দুই দিন স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।

তবে জরুরি সেবাগুলো এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত কর্মী ও যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে।

সরকার আরও জানিয়েছে, জরুরি দায়িত্বে নিয়োজিত বিভিন্ন অফিস প্রয়োজন অনুযায়ী খোলা রাখা হবে।

ব্যাংকিং সেবা চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে আলাদা নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটি সংক্রান্ত বিষয়ে শ্রম আইন-২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button