আগামী পাঁচ দিন টানা বৃষ্টি ও ভারি বর্ষণের সতর্কতা, প্রস্তুত থাকুন সবাই

এবিএনএ:  আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে এবং কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

২৫ ও ২৬ আগস্ট দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ২৭ আগস্ট থেকে চট্টগ্রাম, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশ্লেষণে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপ দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সাথে যুক্ত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এছাড়া, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা দেশের আবহাওয়ায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণ হবে।

তবে পূর্বাভাস অনুযায়ী, পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *