এবিএনএ: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামীকাল (৩০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বহু স্থানে, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
তিনি বলেন, “কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।”
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বহু স্থানে এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায়ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
পরবর্তী দিনগুলোতেও একই প্রবণতা থাকবে। শুক্রবার (৩১ অক্টোবর) থেকে শনিবার (১ নভেম্বর) পর্যন্ত দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার (২ নভেম্বর) পর্যন্ত ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বহু স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় ভারী বৃষ্টিও দেখা যেতে পারে।
তবে রবিবারের পর আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাতের ধারা বজায় থাকবে। এ সময় কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়লেও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

Leave a Reply