এবিএনএ: ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ১৪৪৭ হিজরি সনের হজের জন্য আগামী রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মন্ত্রণালয় জানায়, হাজিদের আগমনের বহু আগেই সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে একটি সুসংগঠিত কর্মপরিকল্পনার অংশ হিসেবেই ভিসা ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করা।
২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু হয় ২০২৫ সালের জুন মাসে। সে সময় বিশ্বব্যাপী হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রাথমিক পরিকল্পনা ও দিকনির্দেশনা পাঠানো হয়। পাশাপাশি ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁবু, আবাসন ও পবিত্র স্থানসংক্রান্ত তথ্য আগেভাগেই সরবরাহ করা হয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আবাসন ও প্রয়োজনীয় সেবা সংক্রান্ত চুক্তি কার্যক্রম শুরু হয় রবিউল আউয়াল মাস থেকে। ২০২৫ সালের অক্টোবরের মধ্যে হাজি নিবন্ধন ও পরিচালনাগত তথ্য চূড়ান্ত করার সময় নির্ধারণ করা হয়েছে।
২০২৬ সালের জানুয়ারির মধ্যেই মক্কা ও মদিনার আবাসন, পরিবহন এবং অন্যান্য সেবার চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু হলেও মার্চে তা চূড়ান্ত করা হবে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, আগামী ১৮ এপ্রিল থেকে প্রথম ধাপে আন্তর্জাতিক হাজিরা দেশটিতে প্রবেশ করতে শুরু করবেন। এর মধ্য দিয়েই হজ মৌসুমের চূড়ান্ত কার্যক্রম শুরু হবে।
মন্ত্রণালয় আরও জানায়, এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ হাজি নিবন্ধন সম্পন্ন করেছেন। আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করায় আর্থিক লেনদেন ও বুকিং প্রক্রিয়া আগের তুলনায় আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে।

Leave a Reply