মির্জা ফখরুলের নেতৃত্বে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

এবিএনএ : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে। বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দৈনিক বাংলা, ফকিরাপুর, নয়াপল্টন বিএনপির কার্যালয় হয়ে নাইটেঙ্গেল মোড়ে যায়।
বিএনপির এই কর্মসূচিকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নাইটেঙ্গেল মোড়ে এসে বিক্ষোভ শেষ হলে কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে বলে দাবি করেছে বিএনপি।
মিছিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু নেতৃত্ব দিয়েছেন।
একই দাবিতে শনিবার দেশব্যাপী প্রতিবাদ সভা করার ঘোষণাও দিয়েছে বিএনপি। শুক্রবার জুমার নামাজের পর জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *