মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ওবায়দুল কাদের

এবিএনএ : আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশে মাদকের ভয়াবহ বিস্তার সম্পর্কে মন্তব্য করে বলেছেন, দেশের যুব সমাজে মাদক ছোবলের নিরব সুনামি বয়ে যাচ্ছে। তাই মাদকের এই নিরব সুনামি থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (১৫ জুলাই) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিছ মিলনায়তনে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী তরুণ ও যুব সমাজের অহংকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক, ইয়াবা ও দূর্ণীতি বিষয়ে না বলার শপথ নেওয়ার আহবান জানিয়েছে বলেন, এগুলোকে পরিহার করে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা ধারন করলে বাংলদেশ আগামীতে আরো উন্নতির দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, জীবিকার জন্য শিক্ষা নয়, জীবনের জন্য শিক্ষা। কিন্তু বর্তমানের শিক্ষা বলতে শুধু পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা। এর থেকে বের হয়ে এসে নানা ধরনের শিক্ষায় শিক্ষিক হতে হবে। শিক্ষাক্ষেত্রে আরো বেশি বেশি গবেষণা করার আহবানও জানান তিনি।

নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে ও রেজিষ্টার প্রফেসর মমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপ উপাচার্য ড. আবুল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, , নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, প্রমুখ। এ উপলক্ষে সকালে মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানসূচির উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় চত্বরে শোভাযাত্রায় অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *